বিশ্বকাপের আগে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলে আছেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
অভিজ্ঞ ক্রিকেটার এবং দেশের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসকে ফেরাতে ইংল্যান্ড শিবিরে যে জোর চেষ্টা চলছিল, তা সফল হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দৃষ্টি রেখেই এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত বদলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী মাসের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে সরে দাঁড়ান স্টোকস। এখন সিদ্ধান্ত পরিবর্তন করে দলে ফেরায় ভারতে অনুষ্ঠেয় আসছে বিশ্বকাপেও তার খেলার জোর সম্ভাবনা তৈরি হলো।
৫০ ওভারের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সময় কারণ হিসেবে স্টোকস বলেছিলেন, একইসঙ্গে তিন সংস্করণে তার পক্ষে সামর্থ্যের শতভাগ দেওয়া সম্ভব হচ্ছে না। তার বিশ্বাস, ইংল্যান্ডের জার্সি গায়ে শতভাগের চেয়ে একটুও কম দিলে চলবে না, তাই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল ও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অমন ব্যবধান গড়ে দেওয়া পারফরম্যান্সের পর বড় মঞ্চ ও বড় ম্যাচে তিনি যে ইংল্যান্ড দলের জন্য বড় একটা সম্পদ, তা প্রতিষ্ঠিত হয়ে যায়।
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার অনেক দিন ধরেই স্টোকসের মন পরিবর্তনের চেষ্টা করে আসছিলেন। অবশেষে তাদের সেই প্রচেষ্টা সফল হলো।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের ১০টি শহরে বসবে এবারের ওয়ানডের শ্রেষ্টত্বের লড়াই। তার আগে আগামী মাসে হতে যাওয়া নিউ জিল্যান্ড সিরিজের দলে স্টোকসকে পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট।
“আমি নিশ্চিত যে, ইংল্যান্ডের ওয়ানডে জার্সি গায়ে স্টোকসের ফিরতে দেখাটা সবাই উপভোগ করবে।”
দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের গত আসরের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় স্টোকসের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করেই প্রথমে ম্যাচ ‘টাই’ করে ইংল্যান্ড। পরে সুপার ওভারেও ব্যাট হাতে অবদান ছিল তার। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
গত বছর মেলবোর্নে ২০ ওভারের বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে এবং বিশ্বকাপে খেললেও তিনি বল করতে পারবেন কিনা, নিশ্চিত নয়। বাঁ পায়ের চোটের কারণে জুলাইয়ে শেষ হওয়া অ্যাশেজে শেষ তিন টেস্টে বোলিং করতে পারেননি তিনি। ওই সিরিজে প্রথম দুই টেস্টে হারের পর ঘুরে দাঁড়িয়ে ২-২ এ সিরিজ ড্র করে ইংল্যান্ড।
২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। ৩৮.৯৮ গড়ে রান করেছেন ২ হাজার ৯২৪, সেঞ্চুরি ৩টি, স্ট্রাইক রেট ৯৫.০৮। বল হাতে উইকেট নিয়েছেন ৭৪টি। দারুণ একজন ফিল্ডারও তিনি।
সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের সাদা বলের লড়াইয়ে চারটি টি-টোয়েন্টিও খেলবে ইংল্যান্ড। আগামী ৩০ অগাস্ট শুরু হবে এই সিরিজ। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। ঘরোয়া ক্রিকেটে গতিময় বোলিং করে সম্প্রতি নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার। কদিন আগে দা হান্ড্রেড-এ তিনি বল করেছেন ঘণ্টায় ৯৫ মাইল গতিতে। তাকে রাখা হয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডেও।
অ্যাটকিনসনের পাশাপাশি টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জশ টং ও জন টার্নার। গত জুনে টেস্ট অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন টং। ২৫ বছর বয়সী পেসার পরে অ্যাশেজেও লর্ডস টেস্টে খেলে দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট।
অ্যাটকিনসনের মতো টার্নারও আগ্রাসী ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকটে ১২টি টি-টোয়েন্টি খেলেই ইংল্যান্ড দলে জায়গা পেলেন তিনি।
ওয়ানডে দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম হ্যারি ব্রুক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করা ব্যাটসম্যানের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও এখন মলিন হলো অনেকটাই।
চোট কাটিয়ে ফিরতে পারেননি জফ্রা আর্চারও। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়কদের একজন ছিলেন এই ফাস্ট বোলার। এবার তাকে 'রিজার্ভ' হিসেবে বিশ্বকাপে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান নির্বাচক লুক রাইট।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জশ টং, জন টার্নার, লুক উড।
