‘মাঠে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না বিজয়’
ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদীনের মতে, মনস্তাত্ত্বিক কারণেই এবারের বিপিএলে খুব বেশি সফল হতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
অনুশীলনে সব ঠিকঠাক। দুর্দান্ত সব শটের ফোয়ার বয়ে যায় নেটে। কিন্তু মাঠে গেলেই গড়বড়। এবারের বিপিএলে এনামুল হকের ব্যাটিংয়ের নিয়মিত চিত্র এটি। তাকে কাছ থেকে যিনি দেখছেন, সেই ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদীনের মতে, মনস্তাত্ত্বিক কারণেই প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এবারের বিপিএলে দেশের বেশ কজন ব্যাটসম্যানের সাফল্য যেমন আশার আলো হয়ে এসেছে, তেমনি হতাশাও আছে কজনকে নিয়ে। তাদের মধ্যে একজন এনামুল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান নিয়মিত সুযোগ পেয়েও পারেননি ধারাবাহিক হতে। বরিশালের হয়ে ১১ ইনিংস খেলে ২২.৯০ গড়ে তার রান ২৫২। এর মধ্যে এক ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ বলে ৭৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন। ফিফটি নেই আর একটিও।
তার মোট রানসংখ্যা হয়তো একদম বাজে নয়। তবে নিয়মিত টপ অর্ডারে ব্যাট করা একজনের জন্য সামগ্রিক এই পরিসংখ্যান যথেষ্টই হতাশাজনক। বিশেষ করে এনামুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান, যিনি বিপিএলের সফল ব্যাটসম্যানদের একজন।
তার আউট হওয়ার ধরনও বেশির ভাগ সময় ছিল দৃষ্টিকটূ্। সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে স্রেফ ৩ রান করে আউট হন বাজে শটেই।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বরিশাল কোচ নাজমুল আবেদীন ব্যাখ্যা করলেন, কোন জায়গায় এনামুলের সমস্যা চোখে পড়ছে তার।
“বিজয়কে (এনামুল হক) যথেষ্ট ভালো মনে হচ্ছে বাইরে, যখন অনুশীলন করছে। কিন্তু যখন খেলতে নামে, ও বোধহয় নিজের আবেগটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে মনে হয় একটু সমস্যা হয় ওর। যতটুকুর মধ্যে থাকা উচিত, অনেক সময় এর বাইরে চলে যায়। মাঝেমধ্যে যেটা দেখি যে, ঝুঁকি ওর যতটুকু নেওয়া উচিত, তার চেয়ে বেশি নেয়।”
“প্রতিপক্ষ সব দলেই ভালো কিছু বোলার থাকে, যারা পাওয়ার প্লেতে বল করে। তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া জরুরি। সেখানে বল নির্বাচন ঠিক হওয়া জরুরি যে কোনটাকে কীভাবে কাজে লাগাব। সেই জায়গায় বোধহয় ওর কিছুটা ঘাটতি আছে। কিন্তু অনুশীলনে দেখছি অনেক ভালো ভালো শট খেলছে। কিন্তু অনুশীলন ও ম্যাচের মধ্যে পার্থক্য বলে যে কথা আছে, এখানে সেটাই ঘটছে।”
ক্রিকেটারদের আবেগের নানা ধরন থাকে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে অনেক সময়ই তাদের ভেতরে কাজ করে এক ধরনের ‘ইগো’। বোলারদের ওপর ছড়ি ঘোরানো, দাপট দেখানো, নিজেকে জাহির করার এক ধরনের প্রবণতা কখনও কখনও দেখা দেয়, যা তাদের জন্য বিপদ ডেকে আনে।
এনামুল সেই ইগোর শিকার হচ্ছেন কি না, তা নিশ্চিত নন নাজমুল আবেদীন। তবে দেশের ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই কোচ ব্যাপারটি ব্যাখ্যা করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের উদাহরণ তুলে ধরে।
“তা সবসময় নয় (ইগো)… যেটা হয় যে, ব্যাট হাতে মাঠে গেলে অনেক সময় ইমোশন আমার পরিকল্পনাকে দূরে সরিয়ে দেয় অনেক সময়। পরিকল্পনা যেটা থাকে, তা আবেগের কারণে অন্য দিকে চলে যায়। সিদ্ধান্ত অনেক সময় ঠিক হয় না। কিন্তু আউট হওয়ার পরপরই মনে হয়, ‘এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো।’ এরকমই হচ্ছে।”
“আমরা যদি রিজওয়ানের কথা বলি, তার খেলায় একটা নির্দিষ্ট ধরন আছে। খুব ধারাবাহিক একটা প্যাটার্ন আছে, যেটা সে ধরে রাখে। এটা খুব জরুরি, যে কোনো ব্যাটসম্যানের জন্য। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যানের জন্য। একটা প্যাটার্ন ধরে রাখা, যেটা মুখস্থ হয়ে যাবে। এই জায়গাটায় অভাব আছে, শুধু বিজয়ের কথা বলব না, অনেক ব্যাটসম্যানের জন্যই যা প্রযোজ্য।”
