বিপিএল দিয়ে ফেরার আশা সাকিবের
সামনের দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বদলে জাতীয় দলে বেশি সময় দিতে চান সাকিব আল হাসান।
মাঠে ফিরতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে সাকিব আল হাসানের। মাসখানেক পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। নতুন বছরে বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক।
ভারতে গত মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান সাকিব। দলের পক্ষ থেকে তখন জানানো হয়, সেরে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগবে তার। তাই কিঞ্চিত সম্ভাবনা ছিল নিউ জিল্যান্ড সফরে তাকে পাওয়ার।
কিন্তু এখনও সুস্থ হতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। তাকে ছাড়াই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ড সফরেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি।
এর মধ্যে আবার সাকিব নাম লিখিয়েছেন রাজনীতির জগতে। ক্ষমতাসীন দল আওয়ামী লিগের হয়ে আগামী জাতীয় নির্বাচনে লড়াই করার কথা রয়েছে তার। সব মিলিয়ে তাই আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলের আগে মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন না সাকিব।
যুক্তরাষ্ট্রে সোমবার একটি মত বিনিময় সভায় চোটের ব্যাপারে সবশেষ তথ্য জানিয়েছেন সাকিব নিজেই।
“আশা ছিল, নিউ জিল্যান্ডে যাব। দল এখন মাত্র যাচ্ছে। আমার ধারণা ছিল, ৪ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাব। দুই দিন আগেও এখানে চিকিৎসক দেখিয়েছি, তিনি বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করে তারপর পুনর্বাসন শুরু করতে। যতটুকু সময় লাগার কথা, তার চেয়ে বেশি লাগছে। ৬ সপ্তাহের মতো লাগবে (সুস্থ হতে)।”
“তারপরে পুনর্বাসন প্রক্রিয়া করে এরপর ফিটনেস আসতে আসতে বিপিএলের আগে আসলে আমি খুব বেশি উপায় দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে, এদিকটা নিয়ে ব্যস্ত থাকব। স্বাভাবিকভাবে বিপিএল থেকে খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকে খুব ভালোভাবে ফিট হয়ে খেলতে পারব।”
একই দিন চূড়ান্ত করা হয়েছে আইপিএলের সামনের মৌসুমের নিলামের খেলোয়াড় তালিকা। যেখানে নেই সাকিবের নাম। অর্থাৎ আগামী বছরের আইপিএলে খেলা হবে না তার। সাকিব জানালেন, শুধু আইপিএল নয়, পিএসএল থেকেও নাম সরিয়ে নিয়েছেন তিনি।
“আইপিএলে নামই দেইনি। স্বাভাবিকভাবে এটা একটা সময় ফাঁকা থাকবে আমার। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই।”
“আমার মূলত পরিকল্পনা থাকবে পুরো সময়টা যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো এখন আমি স্যাক্রিফাইস করব।”
এসময় সাকিব জানান, এখনই কোনো সংস্করণকে বিদায় জানানোর ইচ্ছা নেই তার।
“তিন সংস্করণে খেলছি এখনও। আশা করব যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে, কখন কী হতে পারে। এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়ার।”
