২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালে স্রেফ আর ২০ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ, অভিষেকে ৫ উইকেট নিয়েছেন আফগান পেসার নিজাত মাসুদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 11:28 AM

Updated : 18 Jul 2023, 06:49 PM

প্রথম দিনের খেলা শেষ মজা করে জোনাথন ট্রট বলেছিলেন, বাংলাদেশের শেষ ৫ উইকেট নিতে চান ১০ রানের মধ্যে। আফগানিস্তান কোচ নিজেও হয়তো ভাবতে পারেননি, তার ওই কৌতুক করে বলা কথাটিই প্রায় বাস্তবে রূপ নেবে! ১০ রানে না হলেও ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেটে হারাল বাংলাদেশ। দ্বিতীয় দিনে স্কোরকার্ডে জমা হলো আর কেবল ২০ রান। 

৫ উইকেটে ৩৬২ রান দিয়ে বৃহস্পতিবার দিন শুরু করে বাংলাদেশ গুটিয়ে যায় ৩৮২ রানেই। 

ফিফটির অপেক্ষায় দিন শুরু করা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ পারেননি পঞ্চাশ ছুঁতে। লোয়ার অর্ডারেও কেউ পারেননি প্রতিরোধ গড়তে। দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেয় আফগান পেসাররা।

আগের দিন প্রথম বলেই উইকেটের স্বাদ পাওয়া পেসার নিজাত মাসুদ অভিষেক রাঙান ৫ উইকেট নিয়ে। আফগানিস্তানের প্রথম পেসার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি। 

দিনের শুরুতে মিরাজ ও মুশফিকের দারুণ দুটি ড্রাইভে বাউন্ডারিতে বাংলাদেশের শুরুটা ছিল বেশ স্বচ্ছন্দ। তবে চতুর্থ ওভারে আলগা শটে মিরাজের বিদায় দিয়ে শুরু ব্যাটিং ধসের। ইয়ামিন আহমাদজাইয়ের বেশ বাইরের বল আলতো ড্রাইভে পয়েন্টে ক্যাচ দিয়ে এই অলরাউন্ডার ফেরেন ৪৮ রানে। 

পরের ওভারে মুশফিক পেয়ে যান সম্ভবত ম্যাচের সেরা ডেলিভারিটি। লেংথ থেকে আচমকা লাফিয়ে মাসুদের ডেলিভারি ছোবল দেয় ব্যাটে। ৪৭ রানে মুশফিক ধরা পড়েন তৃতীয় স্লিপে। 

এক বল পরই শর্ট ডেলিভারিতে তাইজুলকে ফেরান মাসুদ। এবার শর্ট লেগে দুর্দান্ত এক রিফ্লেক্স ক্যাচ নেন আব্দুল মালিক। 

শেষ দুই উইকেটও ধরা দেয় দ্রুতই। তাসকিন আহমেদ শুরু থেকেই ছটফট করছিলেন বেশ। তাকে থামান ইয়ামিন। পরের ওভারে শরিফুল ইসলামের বেলস উড়িয়ে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পাশাপাশি মাসুদ পূর্ণ করেন ৫ উইকেট। 

আফগানিস্তানের হয়ে অভিষেকে ৫ উইকেটে কৃতিত্ব আগে ছিল কেবল বাঁহাতি স্পিনার আমির হামজার। 

প্রথম দিন শেষে ১০ রানে ৫ উইকেট নেওয়ার মজাটুকু করে ট্রট পরে বলেছিলেন, লাঞ্চের মধ্যে বাংলাদেশকে অলআউট করে দিতে চান তারা। মাসুদ ও ইয়ামিনের দারুণ বোলিংয়ে লক্ষ্য পূরণ করতে লাগল স্রেফ ৪৫ মিনিট আর ৭ ওভার। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)।