ব্যাটিং ধসে পাকিস্তানের বিপক্ষে বিপাকে যুবারা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অল্প রানে গুটিয়ে সুবিধাজনক অবস্থানে পাকিস্তানের যুবারা।
২১ রানে নেই ৫ উইকেট। একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খাদের কিনার থেকে দলকে কক্ষপথে ফেরাতে কিছুক্ষণ লড়লেন শাহরিয়ার সাকিব ও পারভেজ রহমান। তাতে কোনোমতে দেড়শর কাছে গেল স্বাগতিকরা। পরে দারুণ ব্যাটিংয়ে চালকের আসনে বসল সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় স্রেফ ১৪৯ রানে। কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। তারা পিছিয়ে ৭৩ রানে।
সতীর্থদের ব্যর্থতার দিন সাকিব ও পারভেজ গড়েন ৮১ রানের জুটি। ৬ চারে ৪৮ রান করেন অধিনায়ক সাকিব। পারভেজের ব্যাট থেকে আসে ৮ চারে ৫৬। বাকিদের মধ্যে কেবল ওয়াসি সিদ্দিক ছুঁতে পারেন দুই অঙ্ক।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আমির হাসান। তিন শিকার মুহাম্মদ ইসমাইলের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দশ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন আমির। অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন আশিকুর রহমান। এক বল পর একইভাবে একই জায়গায় আউট হন আদিল সিদ্দিক।
সপ্তম ওভারে মাজহারুল ইসলাম ও জাকারিয়া ইসলামকে ফেরান ইসমাইল। এক ওভার পর ইসমাইলের বাউন্সারে কট বিহাইন্ড হন সিয়াম হোসেন। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের তিনজনই খুলতে পারেননি রানের খাতা।
বিপাকে পড়া দলকে পথে ফেরাতে লড়াই শুরু করেন সাকিব ও পারভেজ। দলের রান একশ পার হতেই আমিরের বলে কট বিহাইন্ড হন সাকিব।
অধিনায়কের বিদায়ের পর ৯৭ বলে ৭ চারে ৫০ স্পর্শ করেন পারভেজ। নিজের ইনিংসকে এরপর টেনে নিতে পারেননি তিনি। ওয়াহাজ রিয়াজের বলে পারভেজ আউট হলে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ।
শেষ দিকে ওয়াসি ১৮ রানের অপরাজিত ইনিংস খেললে দেড়শর কাছাকাছি পৌঁছায় স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে শেষ সেশনে কোনো বিপদ ঘটতে দেননি পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। আজান ৩৬ ও শাহজাইব ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫৯ ওভারে ১৪৯ (আশিকুর ১, মাজহারুল ০, আদিল ০, সাকিব ৪৮, জাকারিয়া ০, সিয়াম ৪, পারভেজ ৫৬, মাহফুজুর ৪, ওয়াসি ১৮*, ইকবাল ০, একান্ত ৬; ইসমাইল ১৩-১-৪১-৩, আমির ১৬-৭-২৯-৪, ইবতিসাম ১১-৪-২৫-০, আসফান্দ ১৪-৪-৩৭-২, আরাফাত ৩-০-১০-০, ওয়াহাজ ২-১-১-১)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ২৬ ওভারে ৭৬/০ (আজান ৩৬*, শাহজাইব ৩৯*; একান্ত ৫-১-১৭-০, ইকবাল ৫-০-২৫-০, পারভেজ ৬-১-১৬-০, মাহফুজুর ৮-৪-১০-০, ওয়াসি ২-১-৮-০)
