তামিমের বিদায়ে নতুন পথচলায় লিটন বললেন, 'দলের কিছুই বদলাচ্ছে না'
পরিবর্তিত পরিস্থিতিতে চাপ হচ্ছে কি না, এই প্রশ্নে ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘চাপ নেই, চিল!’
'আমি এখানে আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি'- কিছুটা বিরক্তি নিয়েই বললেন লিটন দাস। তামিম ইকবালের আচমকা অবসরের পর জাতীয় দলের সংবাদ সম্মেলনে মূল আলোচ্য বিষয় যে এটি হবে, তা অনুমেয়ই ছিল। তবু একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন এক পর্যায়ে যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল দায়িত্বপ্রাপ্য অধিনায়কের। স্পষ্ট বলেও দিলেন, তামিম অবসরে চলে গেলেও দলের ভেতরে তেমন কোনো বদল আসছে না।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশর হারের পরদিন তামিমের অবসরে অনেকটাই বদলে যায় প্রেক্ষাপট। সিরিজের আলোচনাই যেন চাপা পড়ে যায় অনেকটা। সেটির রেশ থাকল দ্বিতীয় ম্যাচের আগে ভারপ্রাপ্ত অধিনায়কের সংবাদ সম্মেলনেও।
অধিনায়কের আকস্মিক বিদায়ের পর দলের বর্তমান অবস্থা নিয়ে কৌতূহল থেকে প্রশ্ন ছুটতে থাকল একটির পর একটি।
পরিবর্তিত পরিস্থিতিতে অধিনায়কত্ব করা বাড়তি চাপ হচ্ছে কি না- এমন প্রশ্নে লিটনের ত্বরিত উত্তর, 'না ভাইয়া… চিল!'
দলের মানসিক অবস্থা নিয়ে তিনি জানান, তামিমের বিদায়ের খবরটি আচমকা এলেও, এটি স্বাভাবিকভাবে নিচ্ছেন তারা।
“তিনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে থাকবেন না... এটা যদি কোনো ভাবে ইনজুরি হতো, আমরা কিন্তু বিকল্প দলই খেলতাম। আমার মনে হয় না, (দলে) এরকম কোনো কিছু বদল আসবে। একই ভাবে থাকবে সব কিছু।”
তামিমকে ছাড়া শুক্রবারের অনুশীলনেও দেখা যায়নি তেমন কোনো ব্যতিক্রম। সকালে স্ট্রেচিংয়ের পর গা গরমের ফুটবল খেলে স্কিল ট্রেনিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করেন লিটন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। পরে মাঠের চার প্রান্তে ভিন্ন ভিন্ন ম্যাচ সিনারিও ক্যাচিং অনুশীলন করেন তারা।
এরপর দুই প্রান্তের নেটে ব্যাটিং অনুশীলনে মনোযোগ দেন মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা। প্রথম ম্যাচের আগের দিনের মতোই সেন্টার উইকেটের পাশের নেটে বোলিং করেন পেসাররা। চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় দেখা যায় সিরিজের বাকি দুই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনকে।
অবশ্য অনুশীলনে স্বাভাবিকতা থাকলেও, আগের দিনের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। অন্য সবার মতো দলের ক্রিকেটাররাও আগে বুঝতে পারেননি, এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তামিম। তবে সদ্য সাবেক অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেন লিটন।
“আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তার সঙ্গে। এরকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি।”
“তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। তিনি এত দিন বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন। তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা সবাই সম্মান করি। আমাদের সবারই করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।”
পরিবর্তিত পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতেও তেমন বাড়তি কোনো চ্যালেঞ্জ দেখেন না লিটন। অতীতকে বাদ দিয়ে বরং সামনের দিকে তাকানোর তাগিদ ভারপ্রাপ্ত অধিনায়কের।
“দলের ক্রিকেটার সবাই একই আছে। বড় ভাইয়ের যে ঘটনাটা, গতকাল যদি অবসরের ঘোষণা না দিয়ে ইনজুরি হতো, তাহলে এই প্রশ্ন আসত না। আমরা একই দল আসতাম, ওই অনুযায়ীই খেলতাম। আমার কাছে মনে হয়, যে জিনিসটা চলে গেছে, ওটার দিকে তাকিয়ে লাভ নেই। এটা বাদ দিয়ে আমরা সামনে কী করতে পারি, কী কী করলে ভালো হবে দেশের জন্য, ওটাই করার চেষ্টা করব।”
নিজেকে নিয়ে উদাহরণ দিয়েই তিনি বোঝালেন, তামিমের শূন্যতা নিয়ে ভাবনায় কাতর নয় দল।
“এটা (তামিমকে মিস করা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি। কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না। এটা স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। একটা সময় তারা আসবে বা আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই তিনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমার মনে হয়।”
তবু বারবার আসতেই তামিমের প্রসঙ্গ। বিদায়ী অধিনায়কের কাছ থেকে কোন বিষয়টি নিতে চান তিনি, সেটিও জানান লিটন।
“এখানে যতগুলো ক্রিকেটার আছে, সবাই খুব ভালো সতীর্থ। আমরা অনেক দিন ধরেই খেলছি সব সংস্করণেই। (তামিম ভাইয়ের কাছ থেকে) নেওয়া, না নেওয়ার বিষয় না। তিনি যেভাবে চেষ্টা করতেন ক্রিকেটারদের সামলানোর, আমিও চেষ্টা করব সেই জিনিসটা যেন গোছানো থাকে। অধিনায়ক হিসেবে গেম বন্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। এর চেয়ে বড় কিছু চাওয়ার নেই।”
অবসরের সিদ্ধান্তের পেছনে ‘ভিন্ন ভিন্ন কারণ’ আছে বলে জানিয়েছিলেন তামিম। যদিও তা খোলাসা করেননি কিছুই। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে অভিজ্ঞ ব্যাটসম্যান জানান, ফিটনেস বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানের সবশেষ সমালোচনা তার এই সিদ্ধান্ত নেওয়ার কাজটি সহজ করেছে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে তামিম জানান, শতভাগ ফিট না হলেও খেলবেন তিনি। এই মন্তব্যের জের ধরে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার সঙ্গে কথোপকথনে তামিমকে তুলাধুনা করে ছাড়েন বোর্ড প্রধান। যেখানে তিনি জানান, চান্দিকা হাথুরুসিংহেও এই বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
অন্য অনেক কারণের সঙ্গে এটিও যোগ হওয়ায় সরে গেছেন তামিম। এখন দায়িত্বে লিটন। তার দিকে প্রশ্ন ছুটে গেল, তাকে নিয়েও যদি কখনও যদি বোর্ড প্রধান ও প্রধান কোচের এমন কোনো আলোচনা হয়, সেটি কি যথাযথ হবে?
লিটন সেটির গভীরে না গিয়ে বললেন, পরের ম্যাচ জিতে আপাতত সিরিজে ফেরা নিয়ে ভাবছেন তারা।
“আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে। যেহেতু আগামীকাল ম্যাচ, আমরা যদি এই বিষয়ে কথা না বলি, তাহলে ভালো হয়। আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে।”
“বড় ভাইও (তামিম) কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে। আমার কাছে মনে হয় না, এটার এখন কোনো পয়েন্ট আছে। বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব শতভাগ দেওয়ার। চেষ্টা করব আমার তরফ থেকে এবং আমার সতীর্থরা যেন ভালো একটা ফল আনতে পারে।”
একই প্রসঙ্গে বারবার প্রশ্ন আসতে থাকায় শেষ পর্যন্ত অবশ্য আর নিজেকে সামলে রাখতে পারেননি লিটন। সংবাদ সম্মেলনের মাঝামঝি সময়ে এরকম বিরক্তিই প্রকাশ করেন তিনি
“সংবাদ সম্মেলনটা কি আগামীকালের কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন। তারা বলতে পারবেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এখানে।”
