১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

বিশ্বকাপ বাছাইয়ের আগে বিশ্রাম দেওয়া হয়েছে শেই হোপকে, ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 10:35 AM

Updated : 14 Oct 2026, 10:35 AM

কদিন পরই বাংলাদেশ সফরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চাশতম ম্যাচটি খেলার কথা ছিল শেই হোপের। তবে মাইলফলকটির জন্য আপাতত অপেক্ষা করতে হচ্ছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের এই সময়ের সেরা ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ সফর থেকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিরিজে থাকছেন না পেস আক্রমণের বড় অস্ত্র আলজারি জোসেফও।

একটি নতুন মুখ আছে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দলে। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম।

হোপের না থাকাটাই এই দলের সবচেয়ে বড় ঘটনা। সীমিত ওভারের দুই দলের অধিনায়ক তিনি, টেস্টেও বড় ভরসা। সবশেষ সাত টেস্টে তিনটি সেঞ্চুরির পাশাপাশি ৯২ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। চলতি ভারত সফরেও অসাধারণ ফর্মে আছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। তাকে ছাড়া আপাতত ওয়েস্ট ইন্ডিজ দল ভাবা যায় না।

তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানির দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়াকে। সামনের বিশ্বকাপ বাছাইয়ে তাকিয়ে তাই বিশ্রাম দেওয়া হয়েছে টানা খেলার মধ্যে থাকা হোপকে।

জোসেফের আপাতত কোনো চোট সমস্যার কথা জানা যায়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানিয়েছে, তার সঙ্গে আলোচনা করেই সতর্কতা হিসেবে বাইরে রাখা হয়েছে ৪২ টেস্ট খেলা পেসারকে।

“নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ পরামর্শের পর আলজারি জোসেফকে সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে। জোসেফের সম্মতিতে, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, যেটির মূল উদ্দেশ্য হলো লাল বলের ক্রিকেটের বর্ধিত শারীরিক চাহিদার সঙ্গে সম্পর্কিত আঘাতের ঝুঁকি এড়ানো।

মেডিকেল বিভাগ জানিয়েছে যে, বাংলাদেশে পরপর দুটি টেস্ট ম্যাচের চাপ, যেখানে ফাস্ট বোলারদের দীর্ঘ সময় ধরে বারবার ‘হাই-ইনটেনসিটিতে’ বোলিং করতে হয়, তা উল্লেখযোগ্যভাবে বেশি ওয়ার্কলোড এবং আঘাতের ঝুঁকি তৈরি করে। দীর্ঘ সংস্করণে পুরোপুরি ফেরার প্রস্তুতির জন্য বোর্ডের মেডিকেল বিভাগ এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন জোসেফ।”

আলজারি জোসেফ না থাকলেও সফরে আসছে আরেক জোসেফ, শামার। আলজারির বদলে টেস্ট দলে ফিরেছেন কিমো পল। ২০১৮ সালে বাংলাদেশেই টেস্ট অভিষেক হয়েছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। তিন ম্যাচ খেলেই তার টেস্ট ক্যারিয়ার থমকে আছে ২০১৯ সাল থেকে।

প্রথমবার সুযোগ পাওয়া উইকহ্যাম ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে সেঞ্চুরি করেছিলেন টানা তিন ইনিংসে। ২৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে শতরান করেছেন ছয়টি।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। বাদ পড়েছেন কার্ক ম্যাকেঞ্জি।

টেস্ট দলের যারা ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে নেই, তারা প্রস্তুতি নিচ্ছে চেন্নাই সুপার কিংস একাডেমিত্ সেখান থেকে বাংলাদেশে আসবেন তারা আগামী রোববার। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৮ অক্টোবর। এর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যারিবিয়ানরা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ পথচলা ধরে রাখতে এই সিরিজে দুটি ম্যাচই জেতা জরুরি বাংলাদেশের জন্য।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

রস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আমির জাঙ্গু , শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কিমার রোচ, জেডেন সিলস, কেভিন উইকহ্যাম।