১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রেনশর ১৯০ ও রেকর্ড জুটিতে ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়ার ৩৯০

নবম উইকেটে ন্যাথান লায়নের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়েন ম্যাট রেনশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:44 PM

Updated : 10 Oct 2026, 10:20 PM

বিপদে পড়া দলকে দুর্দান্ত ব্যাটিংয়ে পথ দেখালেন ম্যাট রেনশ। উপহার দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। তাকে দারুণ সঙ্গ দিলেন ন্যাথান লায়ন। নবম উইকেটে দুজনের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়িয়ে চারশর কাছাকাছি সংগ্রহ গড়ল অস্ট্রেলিয়া।

ডারবান টেস্টে শনিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে থামে ৩৯০ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট ২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। এখনও ৩৬৩ রানে পিছিয়ে আছে তারা।

৪ উইকেটে ৮৪ ও ৬ উইকেটে ১২৪ রানের ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ গড়ার কারিগর রেনশ। একটি ছক্কা ও ২১টি চারে ৩৯৭ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। টেস্টে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

গত অগাস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্ট দিয়ে তিন বছর পর ফেরেন রেনশ। ওই ম্যাচে একমাত্র ইনিংসে কেবল ৮ রান করতে পারেন তিনি। এবার চমৎকার ব্যাটিংয়ে ছাড়িয়ে গেলেন নিজের আগের সেরা ১৮৪ রান।

তার সঙ্গে ১৩৪ রানের জুটিতে ৯২ বলে ২৭ রান করেন লায়ন। নবম উইকেটে দেশের বাইরে টেস্টে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ড ছিল জেসন গিলস্পি ও স্টিভ ওয়াহর, ২০০১ সালে কলকাতা টেস্টে ১৩৩ রানের জুটি গড়েছিলেন তারা।

প্রথম দিনের মতো এ দিনও আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হয় খেলা।

৬ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৪৬ রান নিয়ে খেলতে নামা রেনশ দিনের দ্বিতীয় বলে চার মেরে স্পর্শ করেন ফিফটি।

দিনের প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়া শিবিরে ছোবল দেন ভিয়ান মুল্ডার। আগের দিনের ৩৩ রানের সঙ্গে ১০ রান যোগ করতেই স্লিপে ধরা পড়েন প্যাট কামিন্স। ভাঙে ৮৬ রানের যুগলবন্দি।

মিচেল স্টার্ককেও বেশিক্ষণ টিকতে দেননি মুল্ডার। এরপর শুরু রেনশ-লায়নের জুটি। যেখানে রান বাড়ানোর কাজটি করেন রেনশ। উইকেট ধরে রাখায় মনোযোগ দেন লায়ন।

৯৬ থেকে আনরিখ নরকিয়াকে চার মেরে সেঞ্চুরিতে পা রাখেন রেনশ, ২০৪ বলে। ওই ওভার দিয়ে শেষ হয় প্রথম সেশনের খেলা। দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে ৩১১ বলে দেড়শ স্পর্শ করেন রেনশ।

রেনশ ও লায়নের জুটির রান একশ স্পর্শ করে ২১৩ বলে। দ্বিতীয় সেশনের শেষ দিকে ভাঙে তাদের চমৎকার জুটি। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন লায়ন।

শেষ জুটিতে জশ হেইজেলউডের সঙ্গে ২৬ রান যোগ করে থামেন রেনশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। হেইজেলউডের বলে তৃতীয় স্লিপে ধরা পড়েন তিনি।

দিন শেষে এইডেন মার্করাম ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ১২ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩৭.২ ওভারে ৩৯০ (আগের দিন ১৮৭/৬) (রেনশ ১৯০, কামিন্স ৪৩, স্টার্ক ৬, লায়ন ২৭, হেইজেলউড ৫; ইয়ানসেন ৩১-৯-৬৮-৩, মুল্ডার ২৭-৬-৬৮-৪, নরকিয়া ২৮-৫-৮৮-২, মহারাজ ২০-০-৭৫-০, হার্মার ২৮.২-০-৬৮-১, মার্করাম ৩-০-৩-০)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮.৪ ওভারে ২৭/১ (মার্করাম ১৫*, রিকেলটন ০, বেডিংহ্যাম ১২*; স্টার্ক ৪-১-১৬-০, হেইজেলউড ৪-০-৯-১, কামিন্স ০.৪-০-২-০)