২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলির দারুণ জয় স্টোকসের চোখে ‘কেবলই শুরু’

রোমাঞ্চকর জয়ে অ্যাশেজে টিকে থাকার পর ইংল্যান্ড অধিনায়ক বলছেন, আরও অনেক উন্নতির জায়গা আছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 11:41 AM

Updated : 10 Jul 2023, 03:08 PM

ক্রিস ওকসের বাউন্ডারিতে যখন নিশ্চিত হলো জয়, ইংলিশদের উল্লাসেই ফুটে উঠছিল তাদের ভেতরের অনুভূতিগুলো। দারুণ এই জয়ে স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস, সবই ফিরেছে ইংল্যান্ড দলে। অ্যাশেজ জিইয়ে রাখতে হেডিংলি টেস্টে জয়টা জরুরি ছিল তাদের। তবে কাঙ্ক্ষিত সেই জয় পেয়েই তৃপ্তিতে বুঁদ হতে চান না বেন স্টোকস। বরং উন্নতির পথ ধরে ইংল্যান্ড অধিনায়ক চান আরও জয়ে নিজেদের রাঙাতে।

অ্যাশেজে এবার প্রথম তিন টেস্টেই লড়াই জমে যায় হাড্ডাহাড্ডি। এজবাস্টন ও লর্ডসে তুমুল লড়াইয়ের পর ম্যাচ জিতে অ্যাশেজ জয়ের দুয়ারেও পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তবে হেডিংলিতে উত্তেজনাপূর্ণ একেকটি দিনের লড়াই শেষে রোববার ৩ উইকেটের জয়ে সিরিজে টিকে থাকে ইংল্যান্ড।

এই ম্যাচের যে বাস্তবতা ছিল, তাতে সমীকরণ থেকে ‘ড্র’ সরে গিয়েছিল বেশ আগেই। দুই দলের কোনো একটির জয় ছিল নিশ্চিতই। অস্ট্রেলিয়া জিতে গেলে সিরিজের উত্তেজনা শেষ হয়ে যেত এখানেই। লড়াই যতোই জমজমাট হোক, স্কোরলাইন হয়ে যেত ৩-০। ইংল্যান্ড তা হতে দেয়নি।

স্টোকস ম্যাচ শেষে বললেন, এই জয়ের মানসিক প্রাপ্তিটুকুই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

“সিরিজের প্রেক্ষাপটে এটা (জয়) অবশ্যই বড় কিছু। আমরা জানতাম, অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই জয় তা দারুণ। প্রথম দুই ম্যাচে যদি তাকান, যতটা কাছাকাছি ছিল ম্যাচ, এবার শেষ পর্যন্ত জিততে পারাটা মানসিকভাবে সহায়তা করবে যে, আরেকটি ম্যাচে কাছাকাছি গিয়ে আমরা শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি।”

“প্রথম দুই ম্যাচ আমাদের পক্ষে যায়নি। যদি এমন হতো যে এবারও কাজ হলো না এবং এই ম্যাচেও কাছাকাছি গিয়ে জিততে পারলাম না, তাহলে হয়তো মনে হতো, ‘এবার আসলে হওয়ারই নয়।” আমরা তাই অবশ্যই উচ্ছ্বসিত দারুণভাবে যে এটা জিততে পেরেছি। তবে আমাদের যা করা দরকার, সেটি কেবলই শুরু এটি।”

আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন আনে ইংল্যান্ড। সেই তিন জনই বড় ভূমিকা রাখেন দলের জয়ে। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেন ওকস। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে খেলেন ৩২ রানের মহামূল্য ম্যাচ জেতানো ইনিংস। দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জোর ধাক্কা দেন মইন আলি।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নামা মার্ক উড তো ছিলেন যেন আগুন। প্রথম ইনিংসে গতির তাণ্ডবে শিকার করেন পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে দুটি। ব্যাট হাতেও প্রথম ইনিংসে ৮ বলে ২৪ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৬ রানের ইনিংসে দলকে পার করান শেষের বৈতরণি। ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পেয়েছেন তিনিই।

তবে ম্যাচ জয়ের দিনে ইংল্যান্ডের মূল নায়ক হ্যারি ব্রুক। টেস্ট ক্যারিয়ারে অসাধারণ শুরু করা ব্যাটসম্যান এই সিরিজে বারবার থিতু হয়েও আউট হয়ে যাচ্ছিলেন। আগের দুই টেস্টে চার ইনিংসের মধ্যে তিনটিতে তিনি আউট হন ৩২, ৪৬ ও ৫০ রান করে। এই টেস্টের প্রথম ইনিংসে তাকে তিনে তুলে আনা হলেও ফিরে যান তিন রান করেই। তবে শেষ ইনিংসে রান তাড়ায় দলকে টেনে নেন তিনিই।

বিশেষ করে, জনি বেয়ারস্টোর বিদায়ে ষষ্ঠ উইকেটের পতনের পর ইংল্যান্ডের যখন আরও ৮০ রান লাগে, তখন ওকসকে নিয়ে ব্রুকের ৫৯ রানের জুটিতেই দল পৌঁছে যায় জয়ের কাছে। কাজ শেষ করে ফিরতে পারেননি ব্রুক, আউট হয়ে যান জয় থেকে ২১ রান দূরে। তবে আসল কাজটুকু করায় অধিনায়কের কাচ থেকে আলাদা প্রশংসা আদায় করে নিলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।

“প্রথম বল থেকে ব্রুকি (ব্রুক) ব্যাট হাতে যেভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে, তা অসাধারণ। সে মাঠে নেমেই চাপটা পুরো ওদের ওপর ফিরিয়ে দিয়েছে।”

“ওকসির (ওকস) সঙ্গে ওই জুটিতে সে যেভাবে খেলেছে, সেটিই তার উঁচু মানকে তুলে ধরছে। অ্যাশেজের মতো এমন বিশাল চাপের পরিস্থিতিতে এত তরুণ একজনের জন্য এমন ব্যাটিং অবিশ্বাস্য। আমরা সবাই দেখেছি, ব্যাট হাতে সে কী করতে পারে। অবিশ্বাস্যরকম প্রতিভাবান একজন ক্রিকেটার সে। আমার মনে হয়, যতটা চাপের পরিস্থিতিতে সে পড়বে, ততই আরও ভালো হয়ে উঠবে।”

প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের খেলার ধরন ও ‘বাজবল’ নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে তুমুল। ইংল্যান্ডের ভেতরেই তাদেরকে কাঠগড়ায় তোলা হয়েছে। স্টোকস সেসবকে পাত্তা দিচ্ছেন না। তার চাওয়া, উন্নতির পথ ধরে এগিয়ে যাওয়া।

“আমার মনে হয়, আমরা আরও ভালো হতে পারি। ক্রিকেটের একটি ব্যাপার হলো, সবকিছুর নিখুঁত জবাব কারও নেই। ফলাফলের ওপরই সবকিছুর মূল্যায়ন হবে। সবসময়ই এটা থাকবে। কীভাবে খেলা উচিত, এটির নিখুঁত উত্তর কারও কখনও থাকবে না।”

“নির্দিষ্ট কিছু জায়গায় আমরা অবশ্যই ভালো হতে পারি। এটাই আমরা করতে পারি, আরও ভালো হয়ে ওঠার চেষ্টা এবং দল হিসেবে যতটা পারা যায় স্বচ্ছ থাকা। সবসময়ই দেখা যায়, কিছু হয়ে যাওয়ার পর মনে হয়, লোকে সবকিছু জানে। কিন্তু আমার মনে হয় না, কেউ কখনও এটাকে খোলামেলা তুলে ধরতে পারবে। এজন্যই এটা এমন অসাধারণ এক খেলা।”