ইংল্যান্ড সিরিজে কিপিং করবেন না রাহুল
দেশের মাটিতে বিশেষজ্ঞ কিপার খেলানোর কথা বলেছেন ভারতের প্রধান কোচ।
সবশেষ সিরিজে সুযোগ পেয়ে উইকেটের পেছনে খারাপ করেননি লোকেশ রাহুল। তবে আসন্ন সিরিজে গ্লাভস হারাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানোর কথা বলেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। একই সঙ্গে জানিয়েছেন, শ্রিকর ভারত ও ধ্রুব জুরেলের কেউ থাকবেন উইকেটের পেছনে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর চোটে পড়া রিশাভ পান্তের অনুপস্থিতিতে বেশিরভাগ টেস্টে কিপিং করেন ভারত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেক হয় তার। এই সংস্করণে এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি ম্যাচ। তার জায়গাতেই দক্ষিণ আফ্রিকা সফরে উইকেটের পেছনে দাঁড়ান রাহুল।
ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার, হায়দরাবাদে। আগ্রাসী ব্যাটিং করা সফরকারীদের ঠেকাতে এই সিরিজে চিরচেনা স্পিন মঞ্চই বেছে নিতে পারে ভারত। সেক্ষেত্রে অনিয়মিত একজনের জায়গায় বিশেষজ্ঞ কিপার দলে রাখাই যৌক্তিক। দ্রাবিড় মঙ্গলবার বললেন, সেই পথেই হাঁটবেন তারা।
“রাহুল এই সিরিজে উইকেট-কিপার হিসেবে খেলবে না। দল নির্বাচনে আমরা এনিয়ে পরিষ্কার। আরও দুইজন উইকেট-কিপারকে আমরা দলে নিয়েছি। নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় রাহুল দারুণ কাজ করেছে এবং সিরিজ ড্রয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু (ইংল্যান্ডের বিপক্ষে) পাঁচটি টেস্ট ম্যাচের কন্ডিশন বিবেচনায় কিপার নির্বাচন করা হবে বাকি দুইজন থেকে।”
“ভারতের পিচগুলোর প্রকৃতি অনুযায়ী, একজন উইকেট-কিপার হিসেবে স্পিনারদের বোলিংয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে ভালো করা বাধ্যতামূলক, আমাদের জন্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিংয়ে। তাই এই দায়িত্ব বিশেষজ্ঞ উইকেটরক্ষককেই দেওয়া উচিত।”
