২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠান বললেন ‘সরি’, গাভাস্কারের জবাব ‘এই সরি মানতে রাজি নই’

সুনিল গাভাস্কারের পাশে দাঁড়িয়ে ব্যাটিং নিয়ে ইরফান পাঠানের বিশ্লেষণের সূত্রে চমকপ্রদ এই ঘটনা সরাসরি দেখা গেল টিভি ক্যামেরায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 10:28 AM

Updated : 29 Dec 2023, 03:24 PM

সেঞ্চুরিয়ন টেস্টে লোকেশ রাহুলের ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করছিলেন ইরফান পাঠান। হঠাৎ তার খেয়াল হলো, পাশেই দাঁড়িয়ে আছেন ব্যাটিংয়ের কিংবদন্তি সুনিল গাভাস্কার। কথা বলার ফাঁকেই গাভাস্কারের দিকে তাকিয়ে পাঠান বললেন, “স্যার, সরি…।” গাভাস্কার বললেন, “সমস্যা নেই…।” পাঠান চালিয়ে গেলেন তার বিশ্লেষণ। তার কথা শেষ হতেই গাভাস্কার ত্বরিত জানিয়ে দিলেন,  ওই ‘সরি’ গ্রহণ করতে তিনি রাজি নন!

সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন গাভাস্কার। বিশেষ করে, ব্যাটিং টেকনিকের ক্ষেত্রে তাকে ক্রিকেট ইতিহাসের সেরাদের ছোট্ট তালিকায়ও রাখতে হবে নিশ্চিতভাবেই। পাঠানও ব্যাটিং খারাপ করতেন না, তবে তিনি মূলত ছিলেন পেসার। একজন বোলার হয়ে ব্যাটিং কিংবদন্তির পাশে দাঁড়িয়ে ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করছিলেন বলেই হুট করে ‘সরি’ বলে নিয়েছিলেন পাঠান। কিন্তু গাভাস্কারের প্রতিক্রিয়া হলো অন্যরকম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসে কঠিন উইকেট ও কন্ডিশনে প্রোটিয়া বোলারদের তোপ সামলে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাহুল। স্টার স্পোর্টসে রাহুলের টেকনিক নিয়ে বিশ্লেষণ করতে গিয়েই বিশেষ একটি দিক তুলে ধরেন পাঠান।

“টেকনিকের কথা বলতে গেলে, সানি স্যার (গাভাস্কার) তো তুলে ধরলেন যে, মাথার একদম নিচে খেলতে হবে। ব্যাটারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, শট খেলার সময় সে লম্বা পায়ে সামনের দিকে খেলছে নাকি পেছনের পায়ে খেলছে। রাহুল বলকে তার একদম কাছাকাছি আসতে দিয়েছে। এটি তো করতে হবেই হবে, অবশ্যই। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটি আমার চোখে পড়েছে, তার ব্যাটের দিকে দেখুন (টিভি স্ক্রিনে দেখিয়ে), ব্যাটের অ্যাঙ্গেল হাতের নিচে সোজাসুজি নেই। ব্যাট একটু পেছনের দিকে আছে।”

“এতে কী হয়, একটু বেশি সময় পাওয়া যায় (শট খেলার জন্য)। এসব ক্ষেত্রে ব্যাট সোজা রাখলে অনেক সময় ব্যাটার ভুল করে বসে এবং জোরের ওপর খেলে ফেলে। এতে বল ব্যাটের কানা ছোঁয়ার সুযোগ বেড়ে যায়। কিন্তু যদি এভাবে (পেছনের দিকে অ্যাঙ্গেলে), তাহলে…।”

এই পর্যন্ত বলেই গাভাস্কারের দিকে তাকিয়ে পাঠান বলেন, “স্যার, সরি…।”

এরপর বাকি বিশ্লেষণ শেষ করেন তিনি, “…কিন্তু এভাবে (পেছনের দিকে অ্যাঙ্গেলে) ব্যাট রাখলে, অনেক বেশি সময় মেলে। মাথার নিচে খেলা, বল কাছে আসতে দেওয়া, এসব তো আছেই। সঙ্গে যদি ব্যাট অ্যাঙ্গেলে রেখে খেলা যায়… এটা খুবই স্পেশাল ব্যাপার। তরুণদের জন্য মাস্টারক্লাস যে, উইকেটে যদি এরকম পেসারদের সহায়তা থাকে, তাহলে ব্যাট হাতের ভেতর কীভাবে আলতো করে রাখতে হবে এবং কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, যাতে বাড়তি সময় পাওয়া যায়..।”

পাঠানের কথা শেষ হতেই সঞ্চালক কথা বলা শুরু করেছিলেন। তার কথা কেড়ে নিয়ে গাভাস্কার বলে ওঠেন, পাঠানের ‘সরি’ তিনি গ্রহণ করছেন না। তবে সেটা রাগ, ক্ষোভ বা বিরক্তি থেকে নয়, বরং মুগ্ধতা থেকে।

“আমি বলতে চাই যে, সে আমাকে ‘সরি’ বলেছে। তবে আমি এই ‘সরি’ মানতে রাজি নই, কারণ আমারও আজকে নতুন কিছু শেখার সুযোগ হলো…।”

বিব্রত পাঠান তখন বলে ওঠেন, “স্যার… স্যার… স্যার…।” তবে মুগ্ধতার কথা বলেই যান গাভাস্কার, “এখানে ব্যাপারটি হলো, যতদিন খেলাটার শিক্ষার্থী হয়ে থাকা যায়, সবসময়ই কিছু না কিছু শেখার সুযোগ আছে। শিখলে নিজেরই লাভ। আজকে সে (পাঠান) পুরো ভিন্ন একটি কথা বলেছে, আগে আমি যা একদমই ভাবিনি। কিন্তু টেকনিকের ব্যাপারে এটা এতটা দারুণ, এতটাই গভীর ভাবনা …।”

পাঠানের এই বিশ্লেষণকে প্রশংসায় ভাসালেও অবশ্য বিস্মিত হননি বলেই জানালেন গাভাস্কার।

“সত্যি বলতে, আমি অবাক হইনি। কারণ সে (পাঠান) অলরাউন্ডার… বোলারও ছিল সে। বোলারের দৃষ্টিকোণ থেকেই সে এই ব্যাটসম্যানশিপ দেখেছে যে, ব্যাটার কীভাবে খেলছে…।”

“এটিই বলছিলাম যে, যতদিন শিক্ষার্থী হয়ে থাকা যায়, যেখানেই হোক… খেলায়, ধারাভাষ্যে, তাহলে তা অবশ্যই কাজে দেবে।”

আপ্লুত পাঠান তখন হাসিতে ফেটে পড়ে বলেন, “আমার দিন তো রঙিন হয়ে গেল… আমি গেলাম…!”