শান্তর ‘স্পেশাল’ সেঞ্চুরি হতে পারত আরও বিশেষ কিছু
দেশের মাঠে প্রথম সেঞ্চুরিকে ‘স্পেশাল’ বলছেন নাজমুল হোসেন শান্ত, তবে পরে এমন সুযোগ এলে ইনিংস আরও বড় করতে চান তিনি।
আউট হয়ে ফিরে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। কয়েক পদক্ষেপ যেতেই তাকে থামালেন আম্পায়ার। পরমুহূর্তেই তিনি সঙ্কেত দিলেন, ‘নো বল।’ শান্ত যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হয়তো ঝেরে ফেলতে চাইলেন হতাশা। এবার নতুন শুরুর পালা। কিন্তু তার ব্যাটিংয়ে দেখা গেল ভুলেরই পুনরাবৃত্তি। যে শটে বোল্ড হয়েও ‘নো’ বলের কারণে রক্ষা পেলেন, সেই একই শট আবার চেষ্টা করে ব্যর্থ হলেন। একটু পর নিজের উইকেট বিলিয়ে ফিরলেন ড্রেসিং রুমে।
সম্ভাবনাময় একটি ইনিংসের অপমৃত্যু!
১৪৬ রানের ইনিংসের পর অবশ্য ‘অপমৃত্যু’ ধরনের কথা সাধারণ চোখে বিস্ময়করই মনে হতে পারে। স্ট্রোক সমৃদ্ধ এমন ইনিংস খেলা ব্যাটসম্যানকে কাঠগড়ায় তোলাও কঠিন।
শান্তর ক্ষেত্রেও অতটা কঠিন হওয়া যাচ্ছে না। বিশেষ করে, দেশের মাঠে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন যেদিন, তিনি নিজে যেটিকে বলছেন ‘স্পেশাল’ ইনিংস, যেদিন তিনি দলের সেরা পারফরমার, সেদিন তার দিকে আঙুল তোলা হয়তো একটু রূঢ় হয়ে যায়। তবে আউটের ধরন আর যাবতীয় প্রেক্ষাপট মিলিয়ে আক্ষেপ কিছুটা থাকছেই, আরও কত বড় হতে পারত ইনিংসটি!
দিনের শুরুতে নিজাত মাসুদের দারুণ একটি ডেলিভারিতে জাকির হাসান দ্রুত আউট হলেও এরপর দিনজুড়েই আফগানদের বোলিং ছিল একদমই ধারহীন। নির্বিষ ও নিরীহ সব ডেলিভারি, প্রায় প্রতি ওভারে আলগা বল তো ছিলই, ব্যাটসম্যানকে চাপে ফেলার মতো ধারাবাহিক বোলিং করতে পারেননি কেউই। সারাদিনে ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলার মতো বলই ছিল হাতে গোনা কয়েকটি।
স্কোরবোর্ডেও সেটির প্রমাণ। ৭৯ ওভারেই রান উঠেছে ৩৬২। টেস্টের প্রথম দিনে এত রান মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম দেখেনি আগে কখনোই। কিন্তু এত রানের পাশে উইকেটও পড়েছে ৫টি। এর মধ্যে ৪টিতেই অবদান ব্যাটসম্যানদেরই।
সেখানে শান্তর বিদায়টিই বেশি আক্ষেপ জাগানিয়া। এতটা দুর্দান্ত খেলছিলেন তিনি, এতটাই দাপুটে ছিল ব্যাটিং যে, ১৪৬ রান করার পরও মনে হচ্ছে, আরও বেশি কেন নয়! আরেকটু সাবধানী হলেই তো দিন শেষে অপরাজিত থাকতে পারতেন। হয়তো ডাবল সেঞ্চুরি হয়ে যেত কিংবা থাকতেন কাছাকাছি। এমন সুযোগ তো বারবার আসে না!
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অবশ্য চমকে দিলেন শান্ত। তার কাছে প্রথম প্রশ্নটিই ছিল, ইনিংস বড় করতে না পারাটা পোড়াচ্ছে কি না। তার ছোট্ট কিন্তু অকপট উত্তর, 'নাহ, খুশি…যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ।'
বলা হয়, পারফরমারদের তৃপ্তি আসে না কখনোই। ক্রিকেটের মতো খেলায় তা অনেক সময় সত্যি হয়ে ওঠে আরও বেশি করে। এমন ব্যাটিং করলে, এরকম সুযোগ পেলে শুধু সেঞ্চুরি কেন, দেড়শ-দুইশ ছাড়িয়ে আরও এগিয়ে যেতে চান অনেকে। শান্ত নিজেও আগে নানা সময়ে তার কথায় গভীর ক্রিকেট বোধের প্রমাণ রেখেছেন অনেকবারই। তার কাছ থেকে এমন উত্তর একটু বিস্ময়করই বটে!
বিশেষ করে, ১৪৩ রানে যখন বোল্ড হয়েও রক্ষা পেলেন নিজাত মাসুদ ‘নো’ বল করায়, এরপর তার মনোসংযোগ বাড়তে পারত আরও। কিন্তু বেঁচে গিয়েও কয়েকটি আলগা শট খেলে শেষ পর্যন্ত আমির হামজার বাঁহাতি স্পিনে ক্রিজ ছেড়ে উড়িয়ে মেরে তিনি আউট হন।
‘নো’ বলে রক্ষা পাওয়ার পরও নতুন করে মনোযোগ দেওয়ার মতো কিছু তিনি ভাবেননি বলেও জানালেন। তবে একইরকম একটি প্রশ্নে পরে স্বীকার করলেন, ইনিংসটি বড় করা উচিত ছিল আরও।
“আমার মনে হয়, শুরু থেকে মনোযোগ ঠিক ছিল। আউট হওয়ার পরে (নো বলে) যে আলাদা চিন্তা করেছি, সেটাও না। হ্যাঁ, এটা সত্যি যে ইনিংসটা আরও বড় হতে পারত। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করব এরকম ইনিংস যেন আরও বড় করতে পারি।”
এমন দিনে তো শুধু শেষটুকু নিয়ে পড়ে থাকলে হয় না। দ্বিতীয় ওভারে ক্রিজে যাওয়ার পর থেকে যেভাবে খেলেছেন তিনি, তার স্ট্রোকের ছটায় যেভাবে শুরুর আঁধার কেটে গেছে, সেই প্রশংসাও পুরোটাই প্রাপ্য তার।
২৫ ইনিংসের খরা কাটিয়ে টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আগে তিনটি সেঞ্চুরি করলেও দেশের মাঠে এই স্বাদ পেলেন প্রথমবার। সেটি মিরপুরে এলো বলেও বাড়তি তৃপ্তি আছে তার।
“টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। তারপর আবার নিজেদের দেশের মাঠে খেলা হলে এটা তো অবশ্যই স্পেশাল। বিশেষ করে, আমাদের সেরা মাঠগুলোর একটি। তো অবশ্যই এটা স্পেশাল।”
বাইরে থেকে দেখে আফগানদের বোলিং যতটা দুর্বল মনে হয়েছে, ২২ গজে কাজটা অতটা সহজ ছিল না বলেও দাবি শান্তর। আফগান বোলিংয়ের পাশাপাশি প্রচণ্ড গরমের সঙ্গে লড়াইয়ের দিকটিও তুলে ধরলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
“আমার কাছে কাজ সহজ মনে হয়নি। আমি যে পরিকল্পনায় ব্যাটিং করার চেষ্টা করছিলাম, সেটা শুধু বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং পরিষ্কার ভাবনা ছিল, আমি কী করতে চাই। এজন্য মনে হয় আপনাদের কাছে সহজ লেগেছে। কিন্তু প্রথম থেকেই আমি কষ্ট করেই ব্যাটিং করেছি।”
“ওদের দুই-একটা পেস বোলার আছে ভালো মানের, আমার মনে হয় তারা চেষ্টা করেছে ভালো জায়গায় করার। এই গরমে যেভাবে বোলিং করেছে, আমার মনে হয় ভালো বোলিংই করেছে। স্পিনাররাও বেশ কিছু ওভার ভালো বোলিং করেছে। ওদের সামলানোর পুরো কৃতিত্বই আমাদের ব্যাটসম্যানদের।”
