ভারতের পিচে প্রথম বল থেকে স্পিন ধরলে অভিযোগ করবে না ইংল্যান্ড
নিজ আঙিনায় সুবিধা নেওয়াতে অন্যায়ের কিছু দেখেন না ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক অলি পোপ।
ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গা কাজে লাগাবে স্বাগতিকরা, এটাই অলি পোপের কাছে স্বাভাবিক বিষয়। নিজ আঙিনায় সুবিধা নেওয়াতে অন্যায়ের কিছু দেখেন না ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক। বললেন, আসছে সিরিজে ভারত যদি ভয়ঙ্কর স্পিন উইকেট বানায়, তবু কোনো অভিযোগ করবে না ইংল্যান্ড।
ভারতের মাটিতে ইংল্যান্ড সবশেষ টেস্ট খেলেছিল ২০২১ সালে। স্পিন সহায়ক উইকেট বানিয়ে চার ম্যাচের ওই সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিকরা। দুই বছর পর আবারও যে একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড, তা বলাই যায়।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা চলতি মাসেই যাবে ভারতে। হায়দরাবাদে দুই দলের প্রথম টেস্ট শুরু ২৫ জানুয়ারি। টার্নিং উইকেটে খেলার কঠিন পরীক্ষায় আবারও পড়তে হবে ইংলিশদের, এটা একরকম নিশ্চিত।
জো রুট-জনি বেয়ারস্টোদের জন্য যে স্পিন সহায়ক উইকেটই বানাবে ভারত, এটার আভাস পাওয়া গেছে দলটির অধিনায়ক রোহিত শার্মার এক মন্তব্য থেকেও। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট জয়ের পর রোহিত বলেছিলেন, ‘এমন (ব্যাটিং দুরূহ) উইকেটে খেলতে আমার আপত্তি নেই, যতক্ষণ সবাই ভারতের উইকেট নিয়ে নিজেদের মুখ বন্ধ রাখবে।’
মাত্র ৬৪২ বলে শেষ হয়ে গিয়েছিল ওই ম্যাচ। পরে নিউল্যান্ডসের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলে রায় দেয় আইসিসি।
পোপ যেন রোহিতের কথাই রাখতে চাইছেন। ট্রেনিং ক্যাম্পের জন্য আবু ধাবির উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বললেন, ভারত যেমনই পিচ তৈরি করুক, আপত্তি নেই তাদের।
“বাইরে অনেক কথা হবে। আর সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে ভারতের পিচ। তবে আপনাকে মনে রাখতে হবে, দুই দলই একই উইকেটে খেলবে। তাই আমাদের যতটা সম্ভব প্রস্তুত থাকতে হবে।”
“আমাদের পেসারদের সহায়তার জন্য ইংল্যান্ডে আমরা হয়তো পিচের ওপর কিছু ঘাস রেখে দেই। তাই ভারত যদি তাদের স্পিনারদের সহায়তার জন্য কিছু করে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। আসলে আমার মনে হয়, অল্প রানের ম্যাচগুলোই দেখতে বেশি ভালো লাগে…ভারতের পিচে যদি প্রথম বল থেকে স্পিন করে, আমরা কোনো অভিযোগ করব না।”
সিরিজের পরের চার টেস্ট হবে বিসাখাপাত্নাম, রাজকোট, রাঁচি ও ধারামশালায়। ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে ২, ১৫, ২৩ ফ্রেব্রুয়ারি ও ৭ মার্চ।
