২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ‘বড় স্বপ্ন’ ওয়াসিম আকরামের

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের ওপর অগাধ আস্থা এই পেস বোলিং গ্রেটের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 04:25 PM

Updated : 27 Jun 2023, 05:34 PM

সেই ১৯৯২ সালে নিজেদের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর কেটে গেছে লম্বা সময়, কিন্তু এই সংস্করণে শিরোপা জেতাই হচ্ছে না দলটির। উপমহাদেশে হবে আসছে বৈশ্বিক আসর, সঙ্গে দারুণ সব ক্রিকেটারে ঠাসা দল, তাই এবার আশার আলো দেখছেন ওয়াসিম আকরাম। উত্তরসূরিদের নিয়ে বড় স্বপ্ন পাকিস্তানের এই পেস বোলিং গ্রেটের।

তিন দশক আগে পাকিস্তানের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন ওয়াসিম। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে ২২ রানে হারানো ফাইনালে সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছিল তারই হাতে।

এরপর ১৯৯৯ সালে শিরোপার খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল পাকিস্তানকে। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। একমাত্র বিশ্বকাপ জয়ের পর আরও ৭টি আসর চলে গেলেও শিরোপার স্বাদ আর পাওয়া হয়নি দলটির। এবার তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন ওয়াসিম।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। পাকিস্তান ও ভারতের কন্ডিশন প্রায় একই। এখানে তাই ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ওয়াসিম।

পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আছেন আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম। সঙ্গে আছেন র‍্যাঙ্কিংয়ে তিন ও চার নম্বরে থাকা ফখর জামান ও ইমাম-উল-হক। দারুণ ছন্দে থাকা কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও এই দলে।

Image

ওয়াসিম আকরাম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকা শাহিন শাহ আফ্রিদির সঙ্গে পাকিস্তানের পেস বোলিং সামাল দিতে আছেন নাসিম শাহ, হারিস রউফরা। লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান দলটির গুরুত্বপূর্ণ সদস্য।

সব বিভাগেই প্রায় সমান শক্তিশালী পাকিস্তানের বর্তমান দলটির ওপর অনেক আস্থা ওয়াসিমের। আইসিসিতে সাবেক এই পেসার বললেন, বিশ্বকাপ জেতার সব রসদ আছে এই দলে।

“আমাদের ভালো একটি দল আছে…খুবই ভালো ওয়ানডে দল এবং আধুনিক ক্রিকেটের গ্রেটদের একজন বাবর আজম এই দলের নেতৃত্বে আছে।”

“যতক্ষণ তারা ফিট থাকবে এবং যতক্ষণ পরিকল্পনা অনুযায়ী খেলবে, বিশ্বকাপে তাদের ভালো করার সুযোগ থাকবে। কারণ উপমহাদেশের ভারতে আমাদের মতো কন্ডিশনে টুর্নামেন্টটি খেলা হবে।”

সবশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রাথমিক পর্বের ৯ ম্যাচের পাঁচটি জিতেছিল পাকিস্তান। নেট রান রেটের কারণে অল্পের জন্য সেমি-ফাইনালে উঠতে পারেনি তারা।

ওই টুর্নামেন্টের পর থেকে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছে পাকিস্তান। এই সংস্করণে ২০১৯ বিশ্বকাপের পর মাত্র ৯টি ম্যাচ হেরেছে তারা। র‍্যাঙ্কিং আছে দুই নম্বরে।

ব্যাট হাতে দারুণ ধারাবাহিক বাবর নেতৃত্বেও দেখাচ্ছেন ঝলক। তার ব্যাটিং পারফরম্যান্সের সঙ্গে অধিনায়কত্বও মন জয় করে নিয়েছে ওয়াসিমের। বললেন, বিশ্বকাপে আরও ভালো করার চেষ্টা থাকবে বাবরের।

“আমার মনে হয়, সে ভালো করতে পারে। যেহেতু সে আমাদের সেরা খেলোয়াড়।”

“পুরো দেশ তাকে অনুসরণ করে, সে যা কিছু করে সব। সে মানুষকে স্টেডিয়ামে (যেতে আগ্রহী করে) নেয়, সংস্করণ টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট যেটাই হোক। আমার মতে, বিশ্বের সবচেয়ে সুন্দর কাভার ড্রাইভ সে মারে।”

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে বাছাই পেরিয়ে আসা দলের সঙ্গে লড়াই দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।