২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ যুগের পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা শন মার্শের

চলতি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের শেষ ম্যাচ দিয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 03:30 PM

Updated : 14 Jan 2024, 03:30 PM

গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দেওয়া শন মার্শ খেলছিলেন কেবল টি-টোয়েন্টি। এবার সব কিছুর ইতি টেনে দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রায় দুই যুগের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দিলেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

চলতি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের শেষ ম্যাচ দিয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন মার্শ। আসরে রেনেগেডসের শেষ ম্যাচটি আগামী বুধবার, সিডনি থান্ডারের বিপক্ষে।

২০১৯ সালের পর কোনো সংস্করণেই অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি শন মার্শ। তবে তার ছোট ভাই মিচেল মার্শ এখন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। দেশটির সাবেক ক্রিকেটার জিওফ মার্শের ছেলে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ টেস্টে ৬ সেঞ্চুরিতে ২ হাজার ২৬৫ রান করেছেন শন মার্শ। ৭৩ ওয়ানডেতে তার রান ২ হাজার ৭৭৩, সেঞ্চুরি সাতটি। টোয়েন্টিতে ১৫ ম্যাচে রান কেবল ২৫৫।

জাতীয় দলের হয়ে এই সংস্করণে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালোই সফল মার্শ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এখন পর্যন্ত ৭৯ ম্যাচ খেলে তার রান ২ হাজার ৮১০। প্রতিযোগিতাটির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।

আইপিএলেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের (এখনকার পাঞ্জাব কিংস) হয়ে ৯ মৌসুম খেলে ৬৯ ইনিংসে ২ হাজার ৪৭৭ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে ২১৫ স্বীকৃত টি-টোয়েন্টি খেলে মার্শ করেছেন ৭ হাজার ৫০ রান। ২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ৫৭টি। গড় ৩৭.৯০ ও স্ট্রাইক রেট ১২৮.৫৩।

২০২২ সালের মার্চে সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা মার্শ এই সংস্করণে ১৭৭ ম্যাচে রান করেছেন ৭ হাজার ১৫৮। সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৩৮টি।

২০০০-২০০১ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মার্শ। গত বছরের মার্চে তিনি বিদায় বলে দেন ১৮৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারকে। এই সংস্করণে তার রান ৩২ সেঞ্চুরি ও ৫৮ ফিফটিতে ১২ হাজার ৩২।

রেনেগেডস সতীর্থ অ্যারন ফিঞ্চ পেশাদার ক্রিকেটকে বিদায় বলার একদিন পরই নিজের সিদ্ধান্তের কথা জানালেন মার্শ। তার বিদায়ের ঘোষণায় ছিল রেনেগেডসের প্রতি ভালো লাগার কথা।

“রেনেগেডসের হয়ে খেলাটা বেশ উপভোগ করেছি। গত পাঁচ বছরে চমৎকার সব মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের সঙ্গে বন্ধুত্ব সারাজীবন থাকবে। এটা বিশেষ একটি দল। তারা আমার কাছে অসাধারণ, চমৎকার সতীর্থ, তার চেয়ে বেশি ভালো বন্ধু।”

২০১৯-২০২০ মৌসুমে পার্থ স্কর্চার্স থেকে রেনেগেডসে যোগ দেন মার্শ। চলতি মৌসুমে মেলবোর্নের দলটির হয়ে দারুণ সময় কাটছে তার। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪৫.২৫ গড় ও ১৩৮.১৬ স্ট্রাইক রেটে করেছেন করেছেন ১৮১ রান। শনিবার ফিঞ্চের বিদায়ী ম্যাচে তার ৪৯ বলে ৬৪ রানের ইনিংসটি রেনেগেডসের জয়ে বড় অবদান রাখে।