র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে সতীর্থদের কৃতিত্ব দিলেন বাবর আজম
আগের দফায় র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে মাত্র দিন দুয়েক ধরে রাখতে পেরেছিল পাকিস্তান, এবার তারা আবার পুনরুদ্ধার করেছে শীর্ষস্থান।
আগের দফায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে স্রেফ দিন দুয়েক টিকতে পেরেছিল পাকিস্তান। এবার রাজত্ব কতদিন থাকে, তা বলবে সময়। তবে আপাতত তা পুনরুদ্ধার করতে পেরেই উচ্ছ্বসিত বাবর আজম। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ফিরে পেয়ে পাকিস্তান অধিনায়ক তুলে ধরলেন সতীর্থদের অবদানের কথা।
আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০তে হারিয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যায় পাকিস্তান। সিরিজের শেষ ওয়ানডেতে শনিবার তারা জয় পায় ৫৯ রানে।
১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে এই সিরিজ শুরু করে পাকিস্তান। প্রথম দুই ম্যাচের জয়ে তারা স্পর্শ করে অস্ট্রেলিয়ার ১১৮ পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে তখনও শীর্ষে ছিল অস্ট্রেলিয়াই। শেষ ম্যাচের জয়ে ১১৮ পয়েন্ট নিয়েই ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে যায় বাবর আজমের দল।
গত ৫ মে মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে ওয়ানডের র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠেছিল পাকিস্তান। কিন্তু ৭ মে পরের ম্যাচে হেরে গিয়ে আবার তারা নেমে যায় দুইয়ে। সাড়ে তিন মাস পর তারা ফিরে পেল হারানো জায়গা।
সিরিজ শেষে বাবর বললেন, দলের সবার কঠোর পরিশ্রমের ফসল এই সাফল্য।
“আমরা এখন আবার ওয়ানডের এক নম্বর দল… সব কৃতিত্ব ছেলেদের। এই সিরিজের আগে লাহোরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হয়েছিল। গত মাস দুয়েক ধরেই ছেলেরা অনেক পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর এই সিরিজের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে।”
প্রথম দুই ম্যাচেই সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে পাকিস্তান। হারিস রউফ, নাসিম শাহ, ইফতিখার আহমেদকে বিশ্রাম দেওয়া হয়। বাইরে রাখা হয় লেগ স্পিনার উসামা মিরকেও। তাদের বদলে নেওয়া হয় সাউদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফকে।
সুযোগ পেয়ে নাওয়াজ ও ফাহিম দুটি করে উইকেট নেন। বেশ আঁটসাঁট বোলিং করেন ওয়াসিম।
বাবর জানালেন, এশিয়া কাপের আগে শক্তির গভীরতা পরখ করে দেখতেই এতগুলো পরিবর্তন আনা হয় দলে।
“আমরা আমাদের বিকল্প খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছি, কিছু তরুণ ক্রিকেটারকে দেখে নিতে চেয়েছি। এশিয়া কাপের আগে ভিন্ন কম্বিনেশন চেষ্টা করে দেখতে চেয়েছি। সবাইকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি।”
এশিয়া কাপের আগে বিশ্রামের খুব বেশি সুযোগ বাবর আজমরা পাচ্ছেন না। আগামী বুধবার মুলতানে তাদের সঙ্গে নেপালের লড়াই দিয়েই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। শনিবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
