২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার

১০০ বছর বয়সে মারা গেছেন ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার রুসি কুপার।

চলে গেলেন বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার

ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রুসি কুপার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 08:14 PM

Updated : 31 Jul 2023, 08:18 PM

মাস সাতেক আগে জীবনের ইনিংসে ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছিলেন রুসি কুপার। তার এই পথচলা দীর্ঘ হলো না আর। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রথম শ্রেণির এই ক্রিকেটার।

দক্ষিণ মুম্বাইয়ে নিজের বাসায় সোমবার ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুসি । গত ১৪ ডিসেম্বর ছিল তার শততম জন্মদিন। তিনি ছিলেন জীবিত সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার।

ভারত স্বাধীন হওয়া আগে ‘পেন্টাঙ্গুলারস লিগ’ ও রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটারদের মধ্যে এতদিন তিনিই একমাত্র জীবিত ছিলেন। পেন্টাঙ্গুলারস লিগের দলগুলো হতো সাম্প্রদায়িক পরিচয়ের ওপর ভিত্তি করে। সেখানে ১৯৪১-৪২ মৌসুমে পার্সি দলের হয়ে খেলেছিলেন রুসি।

রঞ্জিতে ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বোম্বের (এখনকার মুম্বাই) হয়ে খেলেছিলেন তিনি। পরে খেলেছিলেন ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্সের হয়ে, ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত।

রুসির প্রথম শ্রেণির ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম পারফরম্যান্স ছিল ১৯৪৪-৪৫ মৌসুমের রঞ্জি ট্রফির ফাইনালে। হলকারের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির (৫২) পর দ্বিতীয়ভাগে সেঞ্চুরি (১০৪) উপহার দিয়েছিলেন তিনি তখনকার বোম্বের হয়ে। ৩৭৪ রানের জয়ে শিরোপা ঘরে তুলেছিল বোম্বে।

Image

ভারত স্বাধীন হওয়া আগে ‘পেন্টাঙ্গুলারস লিগ’ ও রঞ্জি ট্রফিতে খেলেছিলেন রুসি কুপার।

ওই মৌসুমে ৯১.৮৩ গড়ে ৫৫১ রান এসেছিল রুসির ব্যাট থেকে। দুই সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছিলেন পাঁচটি। সেটাই ভারতের মাটিতে রুসির সবশেষ ক্রিকেট মৌসুম।

সব মিলিয়ে ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫২.৩৯ গড়ে রুসির রান ১ হাজার ২০৫। নামের পাশে সেঞ্চুরি ৩টি, সর্বোচ্চ অপরাজিত ১২৭।

২৩ বছর বয়সে লন্ডন স্কুল অব ইকোনোমিকসে পড়তে গিয়েছিলেন রুসি। ওই সময়ই মিডলসেক্স কাউন্টি ক্লাবে যোগ দেন তিনি। সেখানে ইংল্যান্ডের ডেনিস কম্পটন ও বিল এডরিচের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয় তার।

পড়াশোনা শেষে ১৯৫৪ সালে ভারতে ফিরে এলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট আর খেলা হয়নি রুসির। তার জীবনের শেষটা কেমন ছিল ‘টাইম অব ইন্ডিয়া’য় সেটার কিছুটা তুলে ধরেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের আম্পায়ার মার্কাস কৌটো।

“১২ জন সাবেক ক্রিকেটার নিয়ে রুসির একটি দল ছিল। প্রতি বৃহস্পতিবার বিকেলে তারা ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় দেখা করত। টিকে কন্ট্রাক্টরের মৃত্যুর পর তাদের সেই আড্ডা থেমে গেল। অন্যরা ছিলেন বিজয় মার্চেন্ট, আনান্দজি দোসা, নরি কন্ট্রাক্টর…আমার মনে আছে, ওই সময়ের স্কুলছাত্র শচিন টেন্ডুলকার মাঝেমধ্যেই তাদের সঙ্গে যোগ দিত মিষ্টি খেতে। আমি সেখানে দাঁড়িয়ে তাদের পুরনো ক্রিকেটের গল্প, ইতিহাস শুনতাম।”