ভারতীয় ক্রিকেটারদের বেশির ভাগের সমর্থন করা দল ‘বিদায় নিয়েছে’
বিশ্বকাপ ফাইনাল অবশ্য তারা উপভোগ করবেন একসঙ্গে, জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
নিজেদের খেলা শেষ, এবার ফাইনাল খেলা দেখার অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের কাজটা ঠিকঠাক করে ভারতীয় ক্রিকেট দল এখন তাকিয়ে কাতারের মহামঞ্চে। লোকেশ রাহুল অবশ্য জানালেন, তাদের দলের বেশির ভাগ ক্রিকেটারের সমর্থন করা দল ছিটকে গেছে আগেই। তবে রোমাঞ্চ নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন একসঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগের।
চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বাংলাদেশকে গুটিয়ে দিতে স্রেফ ৪৯ মিনিট সময় নেয় ভারত। ১৮৮ রানের জয়ে সিরিজে এগিয়ে যাওয়ার কাজ সেরে নেয় তারা সাত সকালেই। রাতের বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে তাদের হাতে অফুরন্ত সময়। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের শিরোপা নির্ধারণী লড়াই।
গোটা ফুটবলবিশ্ব এখন উত্তেজনায় কাঁপছে এই ফাইনালকে ঘিরে। বাংলাদেশ তো ফুটবলে বুঁদ হয়ে আছে এক মাস ধরেই।
চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে লোকেশ রাহুলের কাছেও প্রশ্ন ছুটে গেল ফুটবলের ফাইনাল নিলে। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, টেস্ট ম্যাচের কঠিন পরীক্ষায় ঘাম ঝরানোর পর এখন তারা ফুটবল আনন্দে মেতে ওঠার অপেক্ষায়।
“আমার মনে হয়, আমাদের দলের বেশির ভাগের সমর্থন করা দল এর মধ্যেই ছিটকে গেছে। কয়েকজন ছিল ব্রাজিলের ভক্ত, কয়েকজন ইংল্যান্ডের… আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থক কারা আছে, ঠিক জানি না। আমরা স্রেফ খেলা দেখব, সবাই মিলে উপভোগ করব। ভালো খাবার থাকবে, মজা করব।”
“দীর্ঘদিন পর পাঁচদিনের ম্যাচ খেলা সত্যিই খুব ক্লান্তিকর। আজকে রাতে তাই শুধু রিলাক্সড হয়ে উপভোগ করব বিশ্বকাপের ফাইনাল। আমরা সবাই ফুটবল ভক্ত। গা গরমেও আমরা সবসময় ফুটবল খেলি। নিজেদের রুমেও ফিফা খেলি। ফাইনাল দেখাটা দারুণ হবে।”
আর্জেন্টিনা-ফ্রান্সের সমর্থক ভারতীয় দলে যেমনই থাকুক, আজকে গোটা দল যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, তা বলেই দিলেন রাহুল।
“হ্যাঁ, কিছুটা বিভক্তি তো থাকবেই। এটা তো খেলা দেখাটাকে আনন্দময় করে তোলে। আশা করি মজাই হবে।”
