২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসারাঙ্গার স্পিনে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৬ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় জয় পেল লঙ্কানরা।

হাসারাঙ্গার স্পিনে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

ওয়ানিন্দু হাসারাঙ্গার (বাঁয়ে) আরেকটি উইকেট এবং সতীর্থদের সঙ্গে উদযাপন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 12:50 AM

Updated : 12 Jan 2024, 01:07 AM

আট ওভারে রান বিনা উইকেটে ৪০, আশা জাগানিয়া শুরু। কিন্তু বৃষ্টি বিরতির পর পথ হারিয়ে ফেলল জিম্বাবুয়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন বিষে হলো নীল, গুটিয়ে গেল তারা একশর আগেই। অনায়াস জয়ে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা।

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে শ্রীলঙ্কার জয় ৮ উইকেটে।

তিন ম্যাচের সিরিজ স্বাগতিকরা জিতল ২-০তে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল প্রথম ম্যাচ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। ২২.৫ ওভারে জিম্বাবুয়ে অল আউট হয় ৯৬ রানে। অধিনায়ক কুসাল মেন্ডিসের অপরাজিত ফিফটিতে লঙ্কানরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ৬২ বল হাতে রেখে।

জয়ের নায়ক হাসারাঙ্গা। ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৫.৫ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন ২৬ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।

ওয়ানডে ইতিহাসে পঞ্চম সেরা বোলিং এটি। ২০০১ সালে কলম্বোর আরেক মাঠ সিংহলিজ স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষেই শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্দা ভাসের ১৯ রানে ৮ উইকেট বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে দীর্ঘদিন।

জিম্বাবুয়ের ইনিংসে ধস নামানোর শুরুটা হাসারাঙ্গার হাত ধরেই। প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দুই ঘন্টার বেশি সময়, ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে তখন ৪৩ ওভারে।

নবম ওভারে প্রথমবার আক্রমণে আসেন হাসারাঙ্গা। নিজের প্রথম দুই ওভারে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। তখনও কে জানত, জয়লর্ড গাম্বির ২৯ রানই হয়ে থাকবে জিম্বাবুয়ের সর্বোচ্চ!

এরপর দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে আড়াই ঘন্টা। তবে জিম্বাবুয়ে আর মোমেন্টাম খুঁজে পায়নি। এবার খেলা শুরু হওয়ার পরপর মিল্টন শুম্বাকে ফিরিয়ে চতুর্থ শিকার ধরেন হাসারাঙ্গা।

সিকান্দার রাজাকে টিকতে দেননি আরেক স্পিনার মাহিশ থিকশানা। রায়ান বার্লকে দ্রুত বিদায় করে দেন পেসার জানিথ লিয়ানাগে।

হাসারাঙ্গা দ্বিতীয় স্পেলে ফিরে পাঁচ উইকেট পূর্ণ করেন ক্লাইভ মাডান্ডেকে বোল্ড করে। পরে টানা দুই বলে শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন তিনি।

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে আভিশকা ফার্নান্দোকে হারায় শ্রীলঙ্কা। তিনে নেমে মেন্ডিস আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে।

অন্য প্রান্তে অভিষিক্ত শেভন ড্যানিয়েলকে সংগ্রাম করতে দেখা যায় রান করতে। ৭৩ রানের জুটি ভাঙে তার বিদায়েই। ১২ রান করতে তিনি খেলেন ২৮ বল।

মেন্ডিস ফিফটি করেন ৩৭ বল। সাদিরা সামারাউইক্রামাকে সঙ্গে নিয়ে দলের জয় নিয়ে ফেরেন তিনি। ৫১ বলে ৯ চার ও এক ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২২.৫ ওভারে ৯৬ (গাম্বি ২৯, কাইটানো ১৭, আরভিন ০, শুম্বা ২, রাজা ১০, বার্ল ৯, মাডান্ডে ০, জঙ্গুয়ে ১৪, মাসাকাদজা ১১, এনগারাভা ২, মুজারাবানি ০; মাদুশানকা ৫-০-৩১-১, থিকশানা ৫-১-১৫-১, চামিরা ৪-০-১৪-০, লিয়ানাগে ৩-১-১৭-১, হাসারাঙ্গা ৫.৫-১-১৯-৭)

শ্রীলঙ্কা: (২৭ ওভারে লক্ষ্য ৯৭) ১৬.৪ ওভারে ৯৭/২ (ড্যানিয়েল ১২, আভিশকা ০, মেন্ডিস ৬৬*, সামারাউইক্রামা ১৪*; এনগারাভা ৩-০-২০-১, মুজারাবানি ৬-০-৩৮-০, রাজা ৩-০-১২-০, মাসাকাদজা ২.৪-০-১৫-১, জঙ্গুয়ে ২-০-১০-০)

ফল: শ্রীলঙ্কা ডিএলএস পদ্ধতিতে ৮ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ২-০তে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: ওয়ানিন্দু হাসারাঙ্গা

ম্যান অব দা সিরিজ: জানিথ লিয়ানাগে

পুরনো খবর:

৬ মাস পর ফিরে হাসারাঙ্গার ৭ উইকেট