২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

পঞ্চম ও শেষ দিন ২৮০ রান চাই ভারতের, চ‍্যাম্পিয়ন হতে অস্ট্রলিয়ার চাই ৭ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 11:52 PM

Updated : 11 Jun 2023, 12:19 AM

জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ভারতের। চতুর্থ ইনিংসে তাড়া করতে হবে প্রায় সাড়ে চারশ রানের লক্ষ‍্য। প্রথম ইনিংসে তিনশ রানের নিচে থেমে দলটি এবার পেয়েছে ভালো শুরু, ফিরেছে লড়াইয়ে। তবে টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে এখনও সম্ভাবনায় একটু এগিয়েই অস্ট্রেলিয়া।

দা ওভালে শনিবার ব‍্যাটে-বলে দুই দলের দারুণ লড়াইয়ে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল দাঁড়িয়ে রোমাঞ্চকর এক বাঁকে। যেখান থেকে তিনটি ফলই হওয়া সম্ভব। তবে সম্ভাবনায় সবচেয়ে পিছিয়ে ড্র।

জয়ের জন‍্য শেষ দিনে ভারতের চাই ২৮০ রান, চ‍্যাম্পিয়ন হতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। ম‍্যাচ যেভাবে এগিয়েছে তাতে ফল হওয়াই স্বাভাবিক।

চতুর্থ দিনের খেলা শেষে ভারতের রান ৩ উইকেটে ১৬৪। ৭ চারে ৬০ বলে ৪৪ রানে খেলছেন বিরাট কোহলি। তিন চারে ৫৯ বলে ২০ রানে ব‍্যাট করছেন আজিঙ্কা রাহানে।

অভিজ্ঞ দুই ব‍্যাটসম‍্যান এরই মধ‍্যে গড়েছেন ৭১ রানের জুটি। পঞ্চম দিনে তাদের উপরই সবচেয়ে বেশি নির্ভর করবে দল।

৪৪৪ রানের ভীষণ কঠিন লক্ষ‍্য তাড়ায় ভারতকে ভালো শুরু এনে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। অনেকটা ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার।

চা-বিরতির আগে শেষ ওভারে গিলের বিদায়ে ভাঙে ৪১ রানের জুটি। স্কট বোল‍্যান্ডের বলে দুর্দান্ত এক ক‍্যাচ নেন ক‍্যামেরন গ্রিন। মাঠের আম্পায়ার নিশ্চিত ছিলেন না তিনি ঠিক মতো ক‍্যাচ নিয়েছেন কি না। তৃতীয় আম্পায়ার আউট দিলে গ‍্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা দুয়ো দিয়ে প্রতিবাদ জানান, অসন্তোষ জানান অধিনায়ক রোহিতও।

শেষ সেশনে অনায়াসে রান তুলতে থাকেন রোহিত ও চেতেশ্বর পুজারা। ৭০ বলে তাদের জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। অফ স্পিনার ন‍্যাথান লায়নের প্রথম ওভারেই রোহিত এলিবডব্লিউ হলে ভাঙে ৫১ রানের জুটি। ভারত অধিনায়ক এক ছক্কা ও সাত চারে ৬০ বলে করেন ৪৩ রান।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলা পুজারাও বিদায় নেন পরের ওভারে। প‍্যাট কামিন্সের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। বাকি সময়ে আর কোনো উইকেট পায়নি অস্ট্রেলিয়া। কোহলি ও রাহানের ব‍্যাটে ব‍্যবধান কমায় ভারত। তাতে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ফাইনাল।

এর আগে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া শুরুতেই খায় হোঁচট। আগের দিনের ৪১ রানের সঙ্গে কোনো রান যোগ না করতেই বিদায় নেন মার্নাস লাবুশেন। উমেশ যাদবের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলে প্রথম স্লিপে ধরা পড়েন টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

সেই ধাক্কা কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়া গ্রিন ও অ্যালেক্স কেয়ারির ব্যাটে। প্রথম ঘণ্টার কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দেন দুইজন। যখনই মনে হচ্ছিল থিতু হয়ে গেছেন তারা, তখনই ফেরেন গ্রিন (৪ চারে ২৫)। রবীন্দ্র জাদেজার বল পা বাড়িয়ে প্যাডে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল স্পিন করে বাড়তি লাফিয়ে তার গ্লাভসে লেগে ছোবল দেয় স্টাম্পে।

এরপর ইনিংসে নিজেদের সবচেয়ে বড় জুটি পায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে নিয়ে উপহার দেন কেয়ারি। এর মাঝে ৮২ বলে ফিফটি স্পর্শ করেন এই কিপার-ব্যাটসম্যান।

তাদের চমৎকার ৯৩ রানের জুটিতে চারশ পেরিয়ে যায় অস্ট্রেলিয়ার লিড। জমে যাওয়া এই জুটি ভাঙে মোহাম্মদ শামির বলে ৭ চারে ৪১ রান করা স্টার্কের বিদায়ে। এই পেসার পরে দ্রুত ফিরিয়ে দেন প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সকে। তখনই ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। ৮ চারে ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন কেয়ারি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯

ভারত ১ম ইনিংস: ২৯৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ১২৩/৪) ৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে. (লাবুশেন ৪১, গ্রিন ২৫, কেয়ারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৪০ ওভারে ১৬৪/৩ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৪*, রাাহানে ২০*; কামিন্স ৯-০-৪২-১, বোল্যান্ড ১১-১-৩৮-১, স্টার্ক ৭-০-৪৫-০, গ্রিন ২-০-৬-০, লায়ন ১১-১-৩২-১)