২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরিকায়ও মিলিয়ে গেছে মুমিনুলের সৌরভ

যে মাঠে ১২ টেস্টে ৭ সেঞ্চুরি মুমিনুলের, সেই মাঠে এখন তিনি দর্শক।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 01:05 PM

Updated : 14 Dec 2022, 01:05 PM

সেরা এগারোয় নেই। নেই কাছাকাছিও। বাংলাদেশের অফিসিয়াল খেলোয়াড় তালিকায় মুমিনুল হকের নাম দেখা গেল ১৫ নম্বরে। লাঞ্চ বিরতিতে একাদশে থাকা ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে, মুমিনুলকে দেখা গেল মাঠের মিডিয়া প্রান্তের নেটে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে কাজ করতে। টুকরো টুকরো ছবিগুলোতে আরও একবার ফুটে উঠল, দুঃসময়ের থাবা কখনও কখনও কতটা নিষ্ঠুর! 

মাস ছয়েক আগেও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিলেন মুমিনুল। সেটা তো এখন যেন কোন অতীত! যে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক হয়েই যাওয়ার কথা ছিল তার, সেই সফরেই ‘সাধারণ’ ক্রিকেটার হিসেবে গিয়ে দ্বিতীয় টেস্টে জায়গা হারান একাদশে। এবার ভারতের বিপক্ষে তার একাদশে না থাকায় তাই চমক বা বিস্ময় নেই। জায়গা পেলেই বরং প্রশ্ন উঠত। 

তার পরও মুমিনুলের না থাকায় একটু অস্বস্তির আনাগোণা কেবল ম্যাচের ভেন্যুর কারণে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ, অথচ মুমিনুল নেই। একটু খানি ‘কেমন জানি’ অনুভূতি তো হওয়ারই কথা! 

এই মাঠের ড্রেসিংরুমে বসে টেস্ট ম্যাচ দেখতে মুমিনুলের নিজের ভেতরও হাহাকার জেগে ওঠার কথা। কিছুদিন আগেও যা ছিল অভাবনীয়, এখন সেটিই চরম বাস্তবতা। বাংলাদেশের একাদশে মুমিনুল নেই। জহরি আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নেই। 

এই মাঠে ১২ টেস্ট খেলে মুমিনুলের সেঞ্চুরি ৭টি। তার টেস্ট ক্যারিয়ারের বাকি ৪২ ম্যাচে সেঞ্চুরি স্রেফ ৪টি। 

এই মাঠে ১২ টেস্টে তার ব্যাটিং গড় ৬৩.৪২। ক্যারিয়ারের বাকি ৪২ ম্যাচ মিলিয়ে গড় মাত্র ৩০.৯৮। 

৫৪ টেস্টে তার মোট রান ৩ হাজার ৫২৯। এর ৩৪.১৪ শতাংশ রানই করেছেন এই মাঠে খেলা ১২ টেস্টে। 

তবু তিনি এই টেস্টে নেই। এবং সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অবকাশও নেই।  

মুমিনুল তার ডাকনামের মতোই ‘সৌরভ’ ছড়িয়েছেন এই সাগরিকায়। সেই সুবাস এখন মিলিয়ে গেছে দুঃসময়ের হাওয়ায়। মাঠে অদূরেই বঙ্গোসাগরের যে হিল্লোল, এখানকার ২২ গজেও তেমনি বারবার তিনি দোলা দিয়েছেন ব্যাটের তরঙ্গে। সেই ব্যাট এখন নিশ্চুপ। তিনিও তাই এখন কেবলই অতিরিক্ত খেলোয়াড়। কিংবা দর্শক। 

ব্যর্থতার এই চক্রে পড়েই নেতৃত্ব ছাড়তে হয়েছে তাকে। এখন চলছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সবশেষ ৯ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি। সবশেষ ১৭ ইনিংসে ফিফটি মোটে একটি। সেই খারাপ সময়ের ছোঁয়া লাগে এমনকি তার রান প্রসবা এই মাঠেও। গত ডিসেম্বরে এখানে পাকিস্তানের বিপক্ষে করেন ৬ ও ০। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২।
ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেট, বিসিবি একাদশ, বাংলাদেশ ‘এ’ দল, কোথাও উল্লেখযোগ্য রান করতে পারেননি। 

এবার ভারতের বিপক্ষে তাকে টেস্ট স্কোয়াডে রাখা নিয়েই প্রশ্ন ওঠে অনেক। নির্বাচকরা তখন জানান, অভিজ্ঞতার কারণে আরেকটি সুযোগ তাকে দেওয়া হয়েছে, অন্তত স্কোয়াডে থাকলে জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ব্যাটিং নিয়ে! 

ব্যাটিংয়ের ক্ষত সারানোর সেই ঝালাই-মেরামতের কাজই চলছে ব্যাটিং কোচ সিডন্সের সঙ্গে। সতীর্থরা যখন ভারতের বিপক্ষে টেস্টের লড়াইয়ে মাঠে, তখন এই দলের সাবেক নেতা, এই মাঠের রাজা নিজের সঙ্গে বোঝাপড়া করছেন ড্রেসিং রুমে, নিজেকে খুঁজে ফিরছেন নেটে।