২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর ও সিভার

টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি পেলেন পাকিস্তান অধিনায়ক।

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর ও সিভার

বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 02:30 PM

Updated : 26 Jan 2023, 04:37 PM

ওয়ানডে ক্রিকেটে আরও একটি অসাধারণ বছর কাটিয়েছেন বাবব আজম। তাতে ফের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। এই সংস্করণে নারী ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার।

নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার ২০২২ সালের ওয়ানডের বর্ষসেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

টানা দ্বিতীয় বছর এই স্বীকৃতি অর্জনের পথে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা, ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ,  ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলেন বাবর। সিভারের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ জিল্যান্ডের অ্যামিলিয়া কার, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

বাবর আজম

বছর জুড়ে দারুণ ধারাবাহিক ছিলেন বাবর। ৯ ম্যাচে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেন ওপেনিং ব্যাটসম্যান। 

চোখধাঁধানো সব শটে ম্যাচ জেতানো ইনিংস খেলার ধারাবাহিকতায় ২০২১ সালের জুলাই থেকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

বছরে তার স্মরণীয় ইনিংস আছে বেশ কয়েকটি। তবে বাকি সব ম্যাচকে ছাড়িয়ে যাবে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

লক্ষ্য ছিল ৩৪৯ রানের। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। কঠিন এই চ্যালেঞ্জে স্রেফ ৮৩ বলে ১১৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে সাহায্য করেন বাবর। 

শুধু ব্যাটিংয়ে নয়, নেতৃত্বেও নজর কেড়েছেন তিনি। তার পুরস্কারস্বরূপ ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কত্বের সম্মান আগেই পেয়েছেন বাবর। গত বছর তার অধিনায়কত্বে ৯ ওয়ানডের ৮টিই জেতে পাকিস্তান।

ন্যাট সিভার

মনে রাখার মতো একটি বছর কাটিয়ে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ন্যাট সিভার। ২০২২ সালে ১৭ ওয়ানডেতে ৮৩৩ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার।

Image

ন্যাট সিভার।

নিজের সেরাটা যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন সিভার। ৮ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৭২.৬৬ গড়ে করেন ৪৩৬ রান। সেঞ্চুরি দুইটিই ছিল চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংসটি গত বছরই খেলেন সিভার, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে। শেষ পর্যন্ত ম্যাচটি জিততে না পারলেও ধুঁকতে থাকা দলকে একা হাতে লড়াইয়ে রেখেছিলেন তিনি। 

৩৮ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে ১২১ বলে ১৪৮ রান করেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ১৫ চার ও ১ ছয়ে সাজান ইনিংসটি।

বছরে মোট দুটি সেঞ্চুরি আর পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে সিভার।

জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর খেলা থেকে সংক্ষিপ্ত বিরতি নেন সিভার। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেও ধরে রাখেন আগের ফর্ম। তিন ম্যাচে ১৮০ রান করে তিনিই ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।