কোহলির ক্যাচ ছাড়ার দায় নিলেন লিটন
ওই সময় ক্যাচটি নিতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত, বললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
এক ব্যাটসম্যান, একই ফিল্ডার। কিন্তু প্রথম ম্যাচ আর শেষ ম্যাচের মধ্যে কত ব্যবধান! সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলিকে দুর্দান্ত এক ক্যাচে ফেরানো লিটন কুমার দাস শেষ ম্যাচে ছেড়ে দিলেন কোহলিরই সহজতম ক্যাচ। সেই কোহলি এক রানে জীবন পেয়ে পেরিয়ে গেলেন একশ। ইশান কিষানের সঙ্গে গড়লেন রেকর্ড জুটি। ম্যাচ শেষে লিটনের অকপট মন্তব্য, তিনি ক্যাচটি নিতে পারলে অন্যরকম হতে পারত ম্যাচের চিত্র।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শনিবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শিখর ধাওয়ান শুরুর দিকে আউট হওয়ার পর উইকেটে যান বিরাট কোহলি। তাকেও দ্রুত ফেরাতে পারত বাংলাদেশ। সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ফ্লিক করেন কোহলি। আলতো করে বল যায় শর্ট মিড উইকেটে লিটনের কাছে। অনায়াসে নেওয়ার মতো সেই ক্যাচ বিস্ময়করভাবে ফেলে দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
কোহলি পরে আর জীবন দেননি। ইশান কিষানের সঙ্গে মিলে গড়েন ২৯০ রানের জুটি। কিষান করেন ১৩১ বলে ২১০, কোহলি করেন ৯১ বলে ১১৩।
সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের বলে শর্ট কাভারে বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ রিফ্লেক্স ক্যাচে কোহলিকে বিদায় করেন লিটন। এবার তার হলো উল্টো অভিজ্ঞতা। ২২৭ রানে হেরে যাওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নিজের কাঁধে দায় নিয়ে তুলে ধরলেন ক্রিকেটীয় বাস্তবতা।
“আমার ক্যাচটার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। ওটা যদি নিতে পারতাম, হয়তো খেলা অন্যরকম হতো। চাপের মধ্যে তারা এরকম নাও খেলতে পারত। এই জিনিসগুলো ঠিক করতে হবে। তবে এটাই ক্রিকেট। একদিন ভালো হবে, আরেকদিন খারাপ। নিয়মিত অনুশীলন করে ঠিক করতে হবে।”
“আমি যে ধরনের ক্রিকেটার, আমার কাছে এই ধরনের ক্যাচ সবাই প্রত্যাশা করে যে নেব। তবে এটাই ক্রিকেট। অনেক সময় সহজ ক্যাচ ছাড়বেন, অনেক সময় কঠিন ক্যাচ নিয়ে নেবেন।”
