বিপিএলে কেমন হবে সিলেটের উইকেট
বিপিএলে এবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটের আচরণ যথেষ্ট ভালো, অপেক্ষা এখন সিলেটের উইকেট দেখার।
মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলন তখন শেষ। এর আগে মাঠে সেরে নিয়েছেন টিম মিটিংও। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক পরে ছুটলেন স্টেডিয়ামের অন্য প্রান্তে জিমের দিকে। তবে যাওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজও সেরে নিলেন তিনি। কাভার সরিয়ে বেশ কিছুটা সময় নিয়ে পরখ করে দেখলেন উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একসময় অনুশীলন হতো মূল মাঠের দুই প্রান্তের নেটে। এখন মূল মাঠের পেছনেই আরেকটি দারুণ স্টেডিয়াম। সেখানেই সেন্টার উইকেটে চলে অনুশীলন। দুই মাঠের মাঝখানে আরেকটি জায়গায়ও করা হয়েছে নেট। মূল মাঠে আর অনুশীলন হয় না। বিপিএলের সিলেট পর্ব শুরুর আগের দিন তাই সেন্টার উইকেটগুলো বেশির ভাগ সময়ই থাকল কাভারে ঢাকা। তবে মাশরাফি সেখানে যাওয়ার পর সরানো হলো উইকেটের ঘোমটা।
জিম সেশন থেকে ফেরার পথে উইকেট পর্যবেক্ষণ করলেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্তও।
শুক্রবার এই মাঠেই শুরু বিপিএলের সিলেট পর্ব। একটা সময় ছিল, যখন এখানকার উইকেট নিয়ে কৌতূহলের তেমন কিছু ছিল না। সবারই কম-বেশি জানা থাকত, উইকেট ব্যাটিং সহায়কই হবে। তবে এখনকার বাস্তবতায় তা নিশ্চিত ধরে নেওয়ার কোনো উপায় নেই। গত কিছুদিনে এই মাঠের উইকেটের চরিত্রে বদল দেখা গেছে বেশ।
উইকেট দেখে মাশরাফির যা ধারণা, তাতে ব্যাটসম্যানদের জন্য আশার খবর খুব একটা নেই।
“পুরোপুরি নিশ্চিত ধারণা করা তো কঠিন। তবে একটু দেখে যা মনে হলো, উইকেটে বল গ্রিপ করতে পারে কিছুটা। খুব সলিড উইকেট বলে মনে হচ্ছে না। ওপরে একটু নরম আছে। ১৭০-১৮০ রানের উইকেট হয়তো হবে না।”
মাশরাফি অবশ্য একটি উইকেটই দেখেছেন। অন্য উইকেটগুলো ঢেকে রাখাই ছিল। সেগুলোর ধরন ভিন্ন হতেই পারে।
গত অক্টোবরে এই মাঠে নারী এশিয়া কাপে উইকেটের অবস্থা ছিল যাচ্ছেতাই। বেশির ভাগ ম্যাচেই উইকেট ছিল ভীষণ মন্থর ও নীচু বাউন্সের। ব্যাটারদের জন্য ছিল প্রায় দুঃস্বপ্ন। ওই টুর্নামেন্টের পর মাঠের তখনকার ভারতীয় কিউরেটরকে সরিয়ে দেওয়া হয় এখান থেকে। দায়িত্ব পান কবির হোসেন, যিনি মিরপুরে গামিনি সিলভার সঙ্গে কাজ করেছেন অনেক দিন। পরে অক্টোবর-নভেম্বরেই জাতীয় লিগে কয়েকটি বড় রানের ইনিংস দেখা গেছে। তবে ৭৬, ১১৩ রানের ইনিংসও ছিল। দুইশর পাশে ইনিংস ছিল কয়েকটি। সেখানে অবশ্য ডিউক বলের একটা ভূমিকাও ছিল।
গত মাসে এখানে ভারত ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ হয়ে গেছে। সেখানে বাংলাদেশ দুই ইনিংসে করে ২৫২ ও ১৮৭ রান। তবে সেটায় উইকেটের প্রভাব কতটা, বলা কঠিন। কারণ ভারত একমাত্র ইনিংসে ৫৬২ রান তুলে ম্যাচ জিতে নেয় ইনিংস ব্যবধানে।
তবে এখানে জাতীয় লিগে খেলা হয়েছে লাল বলে। সাদা বলে দুপুরে শুরু হওয়া ম্যাচের বাস্তবতা ভিন্ন থাকবে নিশ্চিতভাবেই। রাতের ম্যাচে শিশিরের প্রভাবও থাকবে যথেষ্টই।
শেষ পর্যন্ত উইকেট কেমন হবে, তা খেলা শুরুর পরই বোঝা যাবে। এবারের বিপিএলে মাঠের বাইরে নানা বিতর্ক, সমালোচনার থাকলেও মাঠের ক্রিকেট দারুণভাবেই চলছে মূলত উইকেট ভালো থাকায়। সিলেট সেখানে কী উপহার দেয়, আপাতত কৌতূহল সেখানেই।
