২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বলে ৪ বাউন্ডারি হাঁকিয়ে শেষটায় পারলেন না মুশফিক

জিম্বাবুয়ের টি-টেন ক্রিকেটে শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের দুয়ারে নিয়েও হার এড়াতে পারেননি মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 10:07 PM

Updated : 25 Jul 2023, 10:07 PM

জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ২১ রান। দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন মুশফিকুর রহিম। একে একে ৪টি চার মেরে সমীকরণ নামালেন ১ বলে ৪ রানে। শেষে গিয়ে আর পারলেন না বল সীমানা পার করতে। রোমাঞ্চকর জয়ের আশা জাগিয়েও ফিরলেন তিনি হারের হতাশা সঙ্গী করে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম আফ্রো টি-টেন ক্রিকেটে মঙ্গলবার অল্পের জন্য হারের বেদনায় নীল হয়েছে মুশফিকের দল জোহানেসবার্গ বাফেলোজ। ডারবান কালান্দার্সের বিপক্ষে তারা হেরেছে ২ রানে। ১২২ রানের লক্ষ্যে ১১৯ রানে থেমেছে বাফেলোজ।

এদিন সাত নম্বরে নামানো হয় মুশফিককে। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে গেছে কালান্দার্সের দিকে। জয়ের জন্য তখন করতে হতো ১০ বলে ২৯ রান। উইকেটে গিয়ে প্রথম বলে সিঙ্গেল নেন মুশফিক। 

ওভারের বাকি ৩ বলে একটি ছক্কাসহ সাত রান নেন রবি বোপারা। আজমতউল্লাহ ওমারজাইয়ের শেষ ওভারের প্রথম বলেও সিঙ্গেলের বেশি নিতে পারেননি বোপারা।

পাঁচ বলে ২০ রানের প্রয়োজনে প্রথমেই স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন মুশফিক। পরের বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথে স্লোয়ার করেন ওমারজাই, স্ল্যাশ করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানায় পাঠান কিপার-ব্যাটসম্যান।

ওভারের চতুর্থ বলে শরীর বরাবর আসা শর্ট ডেলিভারি পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরের বল দারুণ স্কয়ার কাটে পরাস্ত করেন এক্সট্রা কভারের ফিল্ডারকে।

শেষ বলেও দরকার ছিল তেমন কিছুর। কিন্তু মিডল স্টাম্পে গুড লেংথ ডেলিভারিকে আর আগের ঠিকানায় পাঠাতে পারেননি মুশফিক। ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। এক রানের বেশি নেওয়া সম্ভব হয়নি।

মুশফিক ৬ বলে ১৮ ও বোপারা ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের প্রথমভাগে টিম সেইফার্টের ২০ বলে ৪৬, ক্রেইগ আরভিনের ১৪ বলে ৩৩ ও আসিফ আলির ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ১২১ রান করে কালান্দার্স।

রান তাড়ায় মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩০ ও ইউসুফ পাঠান ১৫ বলে ৩২ ছাড়া আর কেউ তেমন কিছু করতে না পারায় চাপে পড়ে বাফেলোজ। পরে মুশফিকের প্রাণপণ চেষ্টাও তাদের জন্য যথেষ্ট হয়নি। 

এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দারুণ শুরু করেন মুশফিক। পরের দুই ম্যাচে ঠিক দলের চাহিদা মেটাতে পারেননি তিনি। দুই ম্যাচে খেলেন ১২ বলে ১৯ ও ১৩ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস।

এক ম্যাচ পর ফের একাদশে সুযোগ পেয়ে ঝড়ো ইনিংসে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন তিনি। 

একই মাঠে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদের বুলাওয়ায়ো ব্রেভসের মুখোমুখি হবে মুশফিকের বাফেলোজ।