বৃষ্টিময় দিনে বাজে ব্যাটিংয়ের মহড়ায় বাংলাদেশের হার
হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করল বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে দ্বিতীয়বার বৃষ্টি নামার সময়ই মাঠ থেকে বেরিয়ে যান কিছু দর্শক। দ্বিতীয় ইনিংসে আরও একবার বৃষ্টির বাগড়ায় প্রায় পুরোটাই খালি হয়ে যায় গ্যালারি। অবশ্য তাদের থাকারও তেমন কারণ ছিল না। হতাশাজনক ব্যাটিং প্রদর্শনীতে ম্যাচের ফল যে ছিল প্রায় নিশ্চিত- স্বাগতিকদের পরাজয়।
পুরো সিরিজে বৃষ্টির শঙ্কা ছিল আগেই। প্রথম ম্যাচেই তা হানা দিয়েছে তিন বার। প্রথম দফায় তেমন সমস্যা না হলেও পরের দুইবারে ম্যাচ থেকে একটু একটু করে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়েই ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে সফরকারীদের জয় ১৭ রানে। দফায় দফায় বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ করে ৯ উইকেটে ১৬৯ রান।
আফগানিস্তানের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের। রান তাড়ায় ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তারা ৮৩ রান করার পর আবার নামে বৃষ্টি। ঘণ্টাখানেক অপেক্ষা করেও আর খেলা শুরু করা যায়নি। জয়ী ঘোষণা করা হয় আফগানিস্তানকে।
এই জয়ে বাংলাদেশের মাঠে স্বাগতিকদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে সমতা আনল আফগানরা। আট ম্যাচে দুই দলের জয়ই ৪টি করে।
আগের দিন তপ্ত রোদ থাকলেও ম্যাচের সারা দিনই আকাশে ছিল মেঘের ঘনঘটা। তিন দফার বৃষ্টিতে খেলা বন্ধ থাকে সোয়া তিন ঘণ্টা। বাংলাদেশের ব্যাটিংও হয় বিবর্ণ। তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটসম্যান পারেননি ত্রিশের ঘর ছুঁতে।
ছয় ইনিংসের ছোট্ট ক্যারিয়ারে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৫১ রান করেন হৃদয়। তার ৬৯ বলের ইনিংসেই কোনো রকমে দেড়শ ছাড়ায় স্বাগতিকদের স্কোর। তবে তা মোটেও যথেষ্ট হয়নি।
এই মাঠে গত বছরের সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন ফজলহক ফারুকি। ১৬ মাস পর আবারও উজ্জ্বল বাঁহাতি পেসার। স্রেফ ২৪ রানে নেন ৩ উইকেট। মুজিব উর রহমান ও রশিদ খানের শিকার ২টি করে।
আফগানিস্তানের বোলারদের কৃতিত্বের চেয়ে কম নয় স্বাগতিক ব্যাটসম্যানদের গাফিলতিও। সবুজ উইকেটে বাংলাদেশের ইনিংসের শুরুতে অসমান বাউন্স থাকলেও তেমন মুভমেন্টের দেখা মেলেনি।
বরং বাজে শটেই উইকেট দিয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্ক ছুঁলেও, বলার মতো স্কোর করেন শুধু হৃদয়ই।
ফারুকির দারুণ বোলিংয়ের বিপক্ষে সাবধানী শুরু করেন তামিম ইকবাল ও লিটন। তবে অভিষিক্ত মোহাম্মদ সালিম সাফির এলোমেলো বোলিংয়ে স্কোরকার্ড নিয়ে শুরুতে ভাবতে হয়নি তাদের। ২০ বছর বয়সী পেসারের প্রথম ওভার থেকে আসে ১৩ রান।
বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি তামিম। ফারুকির অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ব্যাট চালিয়ে সপ্তম ওভারে কট বিহাইন্ড হন বাংলাদেশ অধিনায়ক। চারবারের দেখায় প্রতিবার ফারুকির বলে আউট হলেন তিনি।
পরের ওভারে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন শান্ত। দারুণ কভার ড্রাইভে মারেন আরেকটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের ওই ওভারে নিজের প্রথম চার মারেন লিটনও।
দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই উইকেটের সম্ভাবনা জাগান মুজিব। কিন্তু শান্তর ফিরতি ক্যাচ হাতে রাখতে পারেননি এই রহস্য স্পিনার।
নিজের পরের ওভারে ঠিকই সাফল্য পান তিনি। লেগ স্টাম্পের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে থাকা রহমত শাহর হাতে ধরা পড়েন লিটন। বেশ কিছুক্ষণ পপিং ক্রিজে দাঁড়িয়ে থেকে মাঠ ছাড়েন তিনি। ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ২৬ রান করেন স্টাইলিশ ওপেনার।
১০ রানে জীবন পাওয়া শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বাদশ ওভারে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই তাকে ফেরান মোহাম্মদ নবি। লেগ স্টাম্পের বল সুইপ করার চেষ্টায় ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন শান্ত (১৬ বলে ১২)।
তখনও বাংলাদেশের রানরেট ছয় ছুঁইছুঁই। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোয় জুটি গড়ায় মন দেন হৃদয় ও সাকিব আল হাসান। তাতে ধীরে ধীরে কমতে থাকে রানের গতি।
১৬তম ওভারে নামা বৃষ্টিতে ৫০ মিনিট বন্ধ থাকে খেলা। তবে তখন কোনো ওভার কাটা যায়নি। খেলা শুরুর পর আবার শুরু হয় হৃদয়, সাকিবের লড়াই। কিন্তু সাবলীল ব্যাটিং করতে পারছিলেন না সাকিব।
তবু স্পিনের বিপক্ষে ভালোই সামাল দিচ্ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। কিন্তু ১১ ওভার পর পেসার আক্রমণে আসতেই ড্রেসিং রুমের পথ ধরেন তিনি।
আজমতউল্লাহ ওমরজাইয়ের ফুল লেংথ ডেলিভারিতে করা ড্রাইভ ঠিক নিয়ন্ত্রণে রাখতে পারেননি সাকিব। শর্ট কভারে কিছুটা হাওয়ায় ভেসে যায় বল। সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন নবি। ৩৮ বলের বাউন্ডারিবিহীন ইনিংসে স্রেফ ১৫ রান করেন সাকিব।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজরা। রশিদের জোরের ওপর করা গুগলিতে পুল করতে গিয়ে ব্যাটের পর পায়ে লেগে বোল্ড হন মুশফিক।
ওয়ানডে এ নিয়ে চতুর্থবার রশিদের বলে আউট হলেন মুশফিক। তিন সংস্করণ মিলে তাকে ৯ বার আউট করেছেন রশিদ। আর কোনো বোলারের বলে এতবার আউট হননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ফেরার ম্যাচ ব্যাট হাতে রাঙাতে পারেননি আফিফ। রশিদের লেংথ বল বাঁহাতি ব্যাটসম্যানের প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় আফগানরা।
দ্বিতীয় স্পেলে ফিরে মিরাজের উইকেট নেন ফারুকি। দেড়শ ছোঁয়ার আগেই ৭ উইকেট হারিয়ে তখন বিপদে বাংলাদেশ। এরপর আবার নামে বৃষ্টি। এবার ৮৫ মিনিট বন্ধ থাকে খেলা। এতে দুই ইনিংস থেকে হারিয়ে যায় ৭ ওভার করে।
পুনরায় খেলা শুরুর পর নিজের পঞ্চাশ পূরণ করেন একপ্রান্ত ধরে খেলতে থাকা হৃদয়। ৬৭ বলে ফিফটি করার পর তিনিও আর টিকতে পারেননি। ফারুকির ভেতরে ঢোকা ডেলিভারিতে কট বিহাইন্ড হন তরুণ ব্যাটসম্যান।
মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের টেস্ট ঘরানার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অল আউট হয়নি বাংলাদেশ।
ছোট লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। পাওয়ার প্লের ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান করে তারা।
পঞ্চাশ পেরুনোর পর ভাঙে এই জুটি। সাকিবের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে শান্তর হাতে ক্যাচ দেন গুরবাজ। মারকুটে এই ওপেনার ২২ রান করতে খেলেন ৪৫ বল।
এরপর টিকতে পারেননি তিন নম্বরে নামা রহমত শাহ। তাসকিন আহমেদের বলে স্লিপে দারুণ ক্যাচ নেন লিটন। তবে আর উইকেট পড়তে দেননি ইব্রাহিম ও হাশমতউল্লাহ শাহিদি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই নামে বৃষ্টি।
পঞ্চাশের সম্ভাবনা জাগিয়ে ৪১ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম। শাহিদি করেন ৯ রান।
একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯ (তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৫, হদয় ৫১, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৫, তাসকিন ৭, হাসান ৮*, মুস্তাফিজ ৩*; ফারুকি ৮.৪-১-২৪-৩, সালিম ৪.২-০-৩৬-০, ওমারজাই ৬-০-৩৯-১, মুজিব ৯-১-২৩-২, নবি ৬-০-২৫-১, রশিদ ৯-০-২১-২)
আফগানিস্তান: (লক্ষ্য ৪৩ ওভারে ১৬৪) ২১.৪ ওভারে ৮৩/২ (গুরবাজ ২২, ইব্রাহিম ৪১*, রহমত ৮, শাহিদি ৯*; হাসান ৭-০-৩৬-০, মুস্তাফিজ ৪-০-১০-০, তাসকিন ৫.৪-০-২৬-১, সাকিব ৫-১-৯-১)
ফল: ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আফগানিস্তান ১৭ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে প্রথমটির পর ১-০তে এগিয়ে আফগানিস্তান
ম্যান অব দা ম্যাচ: ফজলহক ফারুকি
