তিন ম্যাচে ভিন্ন তিন পেস কম্বিনেশন নামানোর পরিকল্পনা বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর বার্তা দিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার সকালে মাঠে ঢুকেই উইকেট দেখতে চলে গেলেন চান্দিকা হাথুরুসিংহে ও রঙ্গনা হেরাথ। কাছাকাছি সময়ে মাঠে পা রাখা ইবাদত হোসেন চৌধুরিও সঙ্গী দুই কোচের। হেরাথের সঙ্গে কিছু কথা বলে এই পেসার চলে যান পাশে নেটে বোলিং করতে। যেখানে আগে থেকেই প্রস্তুত অন্য চার পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে এরপর সেন্টার উইকেটের পাশের নেটে ঘাম ঝরালেন পেসাররা সবাই। প্রায় পৌনে এক ঘণ্টার সেই সেশন যে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মনে ধরল, তা বোঝা গেল তার বারবার তার তালি আর ‘থামস আপ’ দেখে।
এই অনুশীলন সেশনে অনেকটা বলে-কয়েই ইয়র্কার করতে দেখা যায় হাসানকে। লেংথ থেকে লাফানো মুস্তাফিজের ডেলিভারিতে বাহবা দেন পেস বোলিং কোচ।
শুধু অনুশীলনে নয়, পেসারদের পারফরম্যান্স এখন দারুণ উজ্জ্বল ম্যাচেও। বাংলাদেশের জন্য যা মধুর সমস্যাই বটে। সমাধানের সম্ভাব্য পথও বের করেছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ভিন্ন ভিন্ন পেস বোলিং কম্বিনেশন খেলানোর ভাবনা জানিয়ে রাখলেন অধিনায়ক তামিম ইকবাল।
প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবশ্য পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের ৯ ম্যাচের সবগুলো খেলানো হয়নি কোনো পেসারকে। সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলেছেন ইবাদত। মুস্তাফিজ, তাসকিন, হাসানরা ছিলেন ৫টি করে ম্যাচে।
এবার আফগানিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও একইরকম কিছু করার বার্তা দিয়ে রাখলেন তামিম।
“আমাদের যে পেস বোলিং ইউনিট আছে, সবাই মোটামুটি ভালো করছে। হয়তোবা ওই জায়গায় একটু পরিবর্তন দেখা যেতে পারে। ভিন্ন ম্যাচে ভিন্ন পেস বোলিং কম্বিনেশন নিয়ে খেলতে পারি। এটাও নির্ভর করছে যে, কালকে প্রথম ম্যাচে কেমন খেলা হয় তার ওপর। তবে এটুকু বলতে পারি, এই তিন ম্যাচে ভিন্ন পেস বোলিং কম্বিনেশন হয়তো আপনারা দেখবেন।”
এখন পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর কথা ভাবা হলেও, বছর দেড়েক আগেও ছিল ভিন্ন পরিস্থিতি। চোট-টোট না থাকলে পেস আক্রমণে মুস্তাফিজের উপস্থিতি ছিল একরকম অবধারিতই। সাম্প্রতিক সময়ে তাসকিনের নবজাগরণ ও হাসান-ইবাদতদের উত্থানে এখন মূল একাদশে জায়গা ধরে রাখতেও কঠিন পরীক্ষায় পড়তে হয় অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেই প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি মুস্তাফিজ। পরে ইংল্যান্ডে গিয়েও আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের আগ পর্যন্ত বেঞ্চেই থাকতে হয় তাকে। চেমসফোর্ডে সুযোগ পেয়েই অবশ্য নিজের সামর্থ্যের ছাপ রাখেন তিনি। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
তবে এর আগের সাত ম্যাচে তিনি ৯৬.৩৩ গড়ে পান স্রেফ ৩ উইকেট। এমন খারাপ সময়েই দলের মূল সদস্যদের একজনের ওপর ভরসা রাখার গুরুত্বের দিকে জোর দিলেন তামিম।
“পেস বোলিং ইউনিটে গত এক-দেড় বছরে যে-ই খেলেছে, খুব ভালো করেছে। ‘অটো চয়েজ’ টার্মটা আমি ব্যবহার করব না। তবে প্রতিটা দল, অধিনায়কের একজন নির্দিষ্ট ক্রিকেটারের ওপর বিশ্বাস থাকে। বিশ্বের সব দলেই থাকে। মুস্তাফিজের কথা যদি বলি, সবশেষ ম্যাচে ও-ই আমাদের ম্যাচ জিতিয়েছে।”
“আমি সবসময় বলি যে, কারও পক্ষে কখনও একই গ্রাফ ধরে রাখা সম্ভব নয়। কখনও উর্ধ্বমুখী থাকবে, আবার নিচে নামবে। তবে ওই ক্রিকেটারের ওপর বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ গ্রাফ যদি নিম্নমুখী হয় বা খারাপ সময়ের মধ্যে যায়, তখন যদি দল তার ওপর বিশ্বাস না রাখে বা নিজের ওপর নিজে বিশ্বাস না পায়, তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়।”
মুস্তাফিজের ওপর বিশ্বাস রাখার কথা জানাতে গিয়ে আরও একবার এই সিরিজে পেস বোলিং আক্রমণে ভিন্ন কম্বিনেশন খেলানোর ইঙ্গিত দিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়ক।
“সে (মুস্তাফিজ) অনেক বছর ভালো করেছে, এরপর খারাপ সময় এসেছে। অধিনায়ক হিসেবে, দল হিসেবে তাকে আমাদের বিশ্বাসটা দেখাতে হবে। তাহলে ঘুরে দাঁড়ানো সহজ হবে। আমি জানি, সবাই বিশ্বাস করে, সে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমাদের জন্যও বিষয়টা তা-ই। সে যদি তিনটা ম্যাচই খেলে, তাহলে দারুণ। যদি নাও খেলে, তাহলেও ভালো।”
“কারণ আমি আগেই বললাম, এখানে ফাস্ট বোলিং কম্বিনেশন ভিন্ন ভিন্ন হতে পারে। আমার মনে হয়, পেসাররা সবাই দারুণ করছে। তবে নির্দিষ্ট কেউ থাকে, যাদের ওপর বাড়তি ভরসা কাজ করে। কারণ তারা অনেক বছর ধরে পারফর্ম করেছে। এভাবেই আপনি বিশ্বাস অর্জন করেন।”
