২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুসিংহেকে ভাবাচ্ছে আর্চার-উডদের গতি

জফ্রা আর্চার, মার্ক উডদের গতির বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

হাথুরুসিংহেকে ভাবাচ্ছে আর্চার-উডদের গতি

ইংলিশ দুই গতিময় পেসার মার্ক উড (বাঁয়ে) ও জফ্রা আর্চার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 06:10 PM

Updated : 28 Feb 2023, 06:51 PM

উপমহাদেশের বাইরের দলগুলো বাংলাদেশ সফরে এলে সবসময় তাদের মধ্যে স্পিনের ব্যাপারে বাড়তি সতর্কতা দেখা যায়। ব্যতিক্রম নয় ইংল্যান্ডও। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ভাবনার কারণ হতে পারে উল্টো। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে তাই ভাবছেন, ইংল্যান্ডের গতিময় পেস আক্রমণের সামনে তার দলের কঠিন চ্যালেঞ্জ নিয়ে।

মিরপুরে দেশের হোম অব ক্রিকেটে বুধবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন শেষবারের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনের দিনে শের-ই বাংলার ইনডোরের বাইরে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলামরা। এদিন বাংলাদেশের পেসাররা কেউই আসেননি অনুশীলনে। 

অন্যদিকে দুপুরের পর অনুশীলনে এসে মূল মাঠে সেন্টার উইকেটের পাশে লম্বা সময় বোলিং করতে দেখা যায় ইংল্যান্ডের জফ্রা আর্চার, মার্ক উড, স্যাম কারানদের। মইন আলি, আদিল রশিদ, রেহান আহমেদরাও নিজেদের শানিয়ে নেন। 

স্পিনের চেয়ে ইংল্যান্ডের ফাস্ট বোলারদের নিয়েই বেশি ভাবছেন হাথুরুসিংহে। আর্চার, উড ও কারান ছাড়া বাংলাদেশ সফরের ইংলিশ দলে আছেন আরও তিন পেসার ক্রিস ওকস, রিস টপলি ও সাকিব মাহমুদ। 

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাঁচ পেসারের এই আক্রমণকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রধান কোচ।

“খুব ভালো পেস আক্রমণ নিয়ে এসেছে ইংল্যান্ড। এই মুহূর্তে বিশ্বের সেরাদের একটি। এই সফরে তাদের দলে পাঁচ জন (আসলে ৬ জন) পেসার আছে। সঙ্গে স্পিনারও আছে তিন জন। এই সিরিজে তাদের ফাস্ট বোলারদের মোকাবেলা করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।”