ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলল আইসিসি
দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু নিউল্যান্ডসকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মাত্র ৬৪২ বলেই শেষ টেস্ট ম্যাচ! তখনই ধারণা করা হচ্ছিল, শাস্তি পেতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট ম্যাচের ভেন্যু। হলোও তাই। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার কেপ টাউন টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলে রায় দিয়েছে আইসিসি।
ওই ম্যাচের ভেন্যু নিউল্যান্ডসকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 'আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেস'-এর আওতায় মঙ্গলবার এই শাস্তির ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
চাইলে এই সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে।
ওই টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস ব্রড, যিনি ইংলিশ পেস বোলিং গ্রেট স্টুয়ার্ট ব্রডের বাবা। আইসিসিতে দেওয়া প্রতিবেদনে ক্রিস ব্রড লিখেছেন, নিউল্যান্ডসের পিচ ছিল উদ্বেগজনক।
“ব্যাটিং করার জন্য নিউল্যান্ডসের পিচ খুবই কঠিন ছিল। ম্যাচজুড়ে বল দ্রুত গতিতে বাউন্স করেছে, কখনও কখনও তা ছিল উদ্বেগজনক, যার ফলে শট খেলা কঠিন ছিল। কয়েকজন ব্যাটসম্যানের গ্লাভসে বল আঘাত করে এবং অসমান বাউন্সের কারণে অনেক উইকেটও পড়ে।”
ওই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে দেয় ভারত। অধারাবাহিক বাউন্সের উইকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ভালো ব্যাটিং করতে পারেনি ভারতও। শূন্য রানে ৬ উইকেট হারানোর বিব্রতকর রেকর্ড গড়ে তারা তোলে ১৫৩ রান।
দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি স্বাগতিকরা। ১৭৬ রান করে তারা ভারতকে লক্ষ্য দিতে পারে ৭৯ রানের। যা ৩ উইকেট হারিয়ে ১২ ওভারেই পেরিয়ে যায় সফরকারীরা।
চার ইনিংস মিলিয়ে ওই ম্যাচে খেলা হয় মোট ৬৪২ বল। এর চেয়ে স্বল্প দৈর্ঘ্যের ফল আসা ম্যাচ আগে কখনও দেখেনি টেস্ট ক্রিকেট।
কোনো ভেন্যুর মাঠ ও উইকেটকে ‘আনস্যাটিসফ্যাক্টোরি’ বা ‘অসন্তোষজনক’ রায় দেওয়া হলে সেই ভেন্যু একটি ডিমেরিট পয়েন্ট পায়, ‘আনফিট’ বা ‘অনুপযোগী’ বলে রায় দেওয়া হয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে ৫ বছর ধরে। এই সময়ের মধ্যে কোনো ভেন্যু ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে সেই ভেন্যু এক বছরের জন্য নিষিদ্ধ হয়। ১২ ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা থাকে দুই বছরের।
