২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের লড়াইয়ে হেড-খাওয়াজার সঙ্গে রুট-অশ্বিন

দ্বিতীয়বারের মতো পুরস্কার পাবেন রবিচন্দ্রন অশ্বিন কিংবা জো রুট, নাকি প্রথমবারের মতো জিতবেন অস্ট্র্রেলিয়ান দুই ব্যাটসম্যানের কেউ?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 08:01 PM

Updated : 06 Jan 2024, 12:22 AM

লাল বলের ক্রিকেটে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতির হাতছানি রবিচন্দ্রন অশ্বিন, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা ও জো রুটের সামনে। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই চার ক্রিকেটার। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি শুক্রবার তালিকা প্রকাশ করে আলোয় এনেছে তাদের সেরা পারফরম্যান্স। 

রবিচন্দ্রন অশ্বিন, ভারত

৭ ম্যাচে ৪১ উইকেট 

তৃতীয়বারের মতো বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে প্রথমবার জায়গা পেয়েই জিতেছিলেন এই অফ স্পিনার। ২০২১ সালে সবশেষ ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। 

২০২১-২৩ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনালে নেওয়ার পথে অশ্বিনের ছিল বড় অবদান। চলতি চক্রেও শুরুটা ভালো করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে চার ম্যাচে নেন ২৫ উইকেট। ট্রফি ধরে রাখায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একই সঙ্গে অনিল কুম্বলকে (১১১) পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন (১১৪)। 

ব্যাটসম্যানদের ভোগান্তির ওই সিরিজে ব্যাট হাতেও ভালো করেন তিনি। চমৎকার বোলিং আর ৮৬ রানের সৌজন্যে জেতেন সিরিজ সেরার প্রাপ্য পুরস্কার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সেই পারফরম্যান্সের পরও অবশ্য জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাদশে জায়গা হয়নি অশ্বিনের। 

ফাইনালে হৃদয়ভাঙা হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে একাদশে ফেরেন অশ্বিন। প্রথম টেস্টে নেন ১২ উইকেট। পরের ম্যাচে নেন ৩ উইকেট, সঙ্গে করেন ফিফটি। 

স্মরণীয় পারফরম্যান্স 

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার বোর্ডার-গাভাস্কার সিরিজের সুর বেঁধে দেন প্রথম ম্যাচে। নাগপুরে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি করেন কার্যকর কিছু রান। 

প্রথম ইনিংসে অ্যালেক্স কেয়ারির পাল্টা আক্রমণে ভালো সংগ্রহের আশা জাগানো অস্ট্রেলিয়াকে ১৭৭ থামান অশ্বিন। পরে প্রথম দিন নাইটওয়াচম্যান নেমে রোহিত শার্মাকে আগলে রেখে পার করেন শেষের কঠিন সময়। দ্বিতীয় দিন অধিনায়কের সঙ্গে গড়েন ৪২ রানের জুটি। 

স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে শুরুতেই বল হাতে পান অশ্বিন। দুই বাঁহাতি ওপেনারকে ফেরানোর পর মিডল অর্ডারে বিদায় করেন তিন ব্যাটসম্যানকে- ক্যারিয়ারে ৩১তম বার নেন পাঁচ উইকেট। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি অস্ট্রেলিয়া। ৯১ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গিয়ে হারে ইনিংস ও ১৩২ রানে। 

ট্রাভিস হেড, অস্ট্রেলিয়া

১২ ম্যাচে ৯১৯ রান 

সদ্য সমাপ্ত বছরে যা চেয়েছেন, সবই যেন পেয়েছেন ট্রাভিস হেড। অসংখ্য প্রাপ্তি ধরা দিয়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যানের। জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ। ২০১৮ সালে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে নিজের সেরা বছর কাটিয়েছেন তিনি। 

নিউ ইয়ার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি দিয়ে বছর শুরু করেন হেড। এমনকি বোর্ডার-গাভাস্কার সিরিজে যেখানে অস্ট্রেলিয়ার বেশিরভাগ ব্যাটসম্যানই ভুগছিলেন, সেখানেও নিজের ছাপ রেখেছিলেন তিনি। দুইশর বেশি রান করা তিন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের একজন ছিলেন তিনি, সেটাও কেবল ৩ টেস্ট খেলেই। 

একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও ভালো করেন হেড। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ নিয়ে যান ভারতের নাগালের বাইরে। দলকে চ্যাম্পিয়ন করে জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

ইংল্যান্ডে হেডের স্বপ্নময় যাত্রা অব্যাহত থাকে এরপরও। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টেই খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। বছরের পরের ম্যাচগুলোতেও রাখেন অবদান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজেও সেটা ধরে রেখেছেন। 

স্মরণীয় পারফরম্যান্স 

টেস্টে বছরে কেবল একটি সেঞ্চুরি করেন হেড। সেটার জন্য বেছে নেন সম্ভাব্য সবচেয়ে বড় মঞ্চ- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 

তিনি ক্রিজে যাওয়ার সময় ৭৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। পাল্টা আক্রমণে সব চাপ সরিয়ে দেন হেড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০৬ বলে করেন সেঞ্চুরি, ১৪ চারের সঙ্গে মারেন একটি ছক্কা। ৩ উইকেটে ৩২৭ রানে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। হেড অপরাজিত থাকেন ১৪৬ রানে।  

দ্বিতীয় দিন সকালে দেড়শ ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি হেড। তবে ততক্ষণে ম্যাচে চালকের আসনে বসে যায় অস্ট্রেলিয়া। 

উসমান খাওয়াজা, অস্ট্রেলিয়া

১৩ ম্যাচে ১২১০ রান 

টানা দ্বিতীয়বার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন উসমান খাওয়াজা। ২০২২ সালে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর গত বছরও অসাধারণ ক্রিকেট খেলেছেন বাঁহাতি এই ওপেনার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস দিয়ে বছর শুরু করেন খাওয়াজা। ধরে রাখেন আগের বছরের দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা। 

ক্যারিয়ারে সবচেয়ে কঠিন পরীক্ষায়ও দ্যুতি ছড়ান তিনি। ভারত সফরে চার ম্যাচে ৩৩৩ রান করে ছিলেন দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এক সেঞ্চুরির সঙ্গে করেছিলেন দুটি ফিফটি। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভালো কাটেনি। তবে ঘুরে দাঁড়ান ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে। ৪৯৬ রান করে ফের হন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তানের বিপক্ষে তিনটি চল্লিশ ছাড়ানো স্কোর দিয়ে বছর শেষ করেন তিনি। 

চ্যালেঞ্জিং ও প্রাপ্তির ২০২৩ সালে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খাওয়াজা। 

স্মরণীয় পারফরম্যান্স 

দক্ষিণ আফ্রিকা (অপরাজিত ১৯৫) ও ভারতের বিপক্ষে (১৮০) বিপক্ষে বড় দুটি সেঞ্চুরি করলেও খাওয়াজা নিজের সেরাটা যেন রেখে দিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের জন্য। 

বিস্ময় জাগিয়ে ৮ উইকেটে ৩৯৩ রানে প্রথম টেস্টের প্রথম ইনিংস ঘোষণার পর দ্রুত উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেয়ারির সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে খাওয়াজা করেন সেঞ্চুরি। দলকে নিয়ে যান স্বাগতিকদের রানের কাছে। 

জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য পাওয়ার পর ফের অস্ট্রেলিয়াকে পথ দেখান খাওয়াজা। ১৯৭ বলে খেলেন ৬৫ রানের কার্যকর ইনিংস। এরপরও অবশ্য বেশ পিছিয়েই ছিল সফরকারীরা। ২০৯ রানে ৭ উইকেট হারানো দলকে টানেন প্যাট কামিন্স। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এনে দেন স্মরণীয় জয়। 

সেঞ্চুরির পর ফিফটিতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন খাওয়াজা। 

জো রুট, ইংল্যান্ড

৮ ম্যাচে ৭৮৭ রান, ৮ উইকেট 

রবিচন্দ্রন অশ্বিনের মতো দ্বিতীয়বার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়ার আশায় জো রুট। ইংলিশ ব্যাটসম্যান ২০২১ সালে জিতেছিলেন প্রথমবার। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে বছর শুরু করেন রুট। এর মধ্যে আছে দ্বিতীয় টেস্টের অপরাজিত ১৫৩ ও ৯৫। বছরের সবচেয়ে রোমাঞ্চকর টেস্টের একটায় নিউ জিল্যান্ড জেতে কেবল ১ রানে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। পরে দারুণ কাটে অ্যাশেজ সিরিজ। 

প্রচুর রান করার পাশাপাশি বোলিংয়ে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়ে রুট গত বছর নেন ৮ উইকেট। 

স্মরণীয় পারফরম্যান্স 

টেস্টের স্মরণীয় একটি ম্যাচে রুট দুই ইনিংসেই মেলে ধরেন নিজেকে। ৩ উইকেটে ২১ রান হারিয়ে ধুঁকতে থাকা দলকে টানেন তিনি। হ্যারি ব্রুকের সঙ্গে উপহার দেন ৩০২ রানের জুটি। এক প্রান্তে ঝড় তোলেন ব্রুক, আরেক প্রান্ত আগলে রাখেন রুট। 

আগের সাত ম্যাচে তিন অঙ্কের দেখা না পাওয়া রুট খরা কাটিয়ে পান ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি দেখা। পরে রানের গতি বাড়িয়ে স্পর্শ করেন দেড়শ রানের সীমানা। এর পরপরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। 

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডকে ২০৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে তাদের জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য দেয় নিউ জিল্যান্ড। 

রান তাড়ায় ৮০ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ড। এবার পাল্টা আক্রমণের পথ বেছে নেন রুট। আরেক প্রান্ত আগলে রাখেন বেন স্টোকস। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ১২১ রানের জুটি। 

স্রেফ ৫ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন রুট। আগের ওভারে স্টোকসকে ফিরিয়ে জুটি ভাঙার পর রুটকেও বিদায় করে দেন নিল ওয়্যাগনার। পরে জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে তিনিই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেন ইংল্যান্ডকে। দলটির সঙ্গী হয় ১ রানে হারের বিষাদ।