শেষ বলের রোমাঞ্চে চেন্নাইকে হারাল পাঞ্জাব
চেন্নাইয়ের ২০০ রান তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।
রোমাঞ্চ-উত্তেজনার নানা গলি পেরিয়ে ম্যাচ গিয়ে দাঁড়াল শেষ বলে ৩ রানের সমীকরণে। মাথিশা পাথিরানের স্লোয়ার শর্ট বল জায়গা বানিয়ে স্কয়ার লেগ দিয়ে খেললেন সিকান্দার রাজা। দৌড়ে তৃতীয় রান পূর্ণ করার আগেই উদযাপন শুরু করলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাব কিংসকে যে দারুণ এক জয় এনে দেওয়ার তৃপ্তি তার সঙ্গী।
চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৪ উইকেটে জেতে পাঞ্জাব। প্রতিপক্ষের ২০০ রান তারা পেরিয়ে যায় শেষ বলে।
শেষ ওভারে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। টি-টোয়েন্টিতে ৬ বলে এই রান কঠিন কিছু নয়। কিন্তু ‘জুনিয়র মালিঙ্গা’ নামে পরিচিত পাথিরানা দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাবের রাজা ও শাহরুখ খানকে আটকে রাখেন শেষ বল পর্যন্ত। অনেক চেষ্টার পরও চেন্নাইকে অবশ্য জয়ের উল্লাসে ভাসাতে পারেননি লঙ্কান পেসার।
চেন্নাইয়ের বড় সংগ্রহের কারিগর ডেভন কনওয়ে। ইনিংস শুরু করতে নেমে ১ ছক্কা ও ১৬ চারে ৫২ বলে ৯২ রানে অপরাজিত থাকেন তিনি।
পাঞ্জাবের হয়ে কেউ বড় ইনিংস খেলতে না পারলেও টুকটাক অবদান রাখেন সবাই। ওপেনিংয়ে নেমে ২ ছক্কা ও ৪টি চারে ৪২ রান করেন প্রাভসিমরান সিং। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ৪ ছক্কা ও ১ চারে ৪০। জিতেশ শর্মা করেন ১০ বলে ২১।
টস জিতে ব্যাটিংয়ে নেমে চেন্নাইকে দারুণ শুরু এনে দেন রুতুরাজ গায়কোয়াড় ও কনওয়ে। দুইজনে গড়েন ৮৬ রানের উদ্বোধনী জুটি। ১ ছক্কা ও ৪টি চারে ৩৭ রান করে ফেরেন রুতুরাজ।
এক প্রান্তে নিজের মতো করে খেলে যান কনওয়ে। নিউ জিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। মাঝে তাকে কিছুক্ষণ সঙ্গে দেন শিভাম দুবে (২৮), মইন আলি (১০), রবীন্দ্র জাদেজা (১২)।
ইনিংসের শেষ দুই বলে স্যাম কারানকে ছক্কায় উড়িয়ে চেন্নাইয়ের রান ২০০ করেন মহেন্দ্র সিং ধোনি। ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন চেন্নাই অধিনায়ক।
রান তাড়ায় শিখর ধাওয়ান ও প্রাভসিমরানের ব্যাটে পাঞ্জাবের শুরুটাও হয় ভালো। ২৮ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে ৫০ রানের শুরুর জুটি। কিছুক্ষণ দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে দলটি।
এরপর দলের রানের চাকা সচল রাখেন লিভিংস্টোন, কারান ও জিতেশ। আর শেষ দিকে ৭ বলে ১৩ রান করে দলকে জিতিয়ে ফেরেন রাজা।
