২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের আউটে বোলারের কৃতিত্ব দেখছেন সিডন্স

জেমি সিডন্সের মতে, পরিকল্পনায় বদল এনে সাকিব আল হাসানকে আলগা শট খেলার জন্য প্রলুব্ধ করেছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:28 PM

Updated : 05 Apr 2023, 08:28 PM

দিনের শুরুতেই ড্রেসিং রুমে মুমিনুল হক। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ। সম্ভাব্য বিপদের মুখে চাপ আর বাড়তে দেননি সাকিব আল হাসান। প্রথম বলেই চার মেরে শুরুর পর ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দলকে নিয়ে যান নিরাপদ অবস্থানে। শেষ পর্যন্ত যদিও আলগা এক শটে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি।  

একটা সময় মনে হচ্ছিল, সাকিবের সেঞ্চুরি সময়ের ব্যাপার মাত্র। সে পথেই হাঁটছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু অ্যান্ড্রু ম্যাকব্রাইনের অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন সাকিব। এতে অবশ্য তার ব্যর্থতার চেয়ে আইরিশ অফ স্পিনারের কৃতিত্বই বেশি দেখছেন জেমি সিডন্স।  

মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে চাপমুক্ত করার পথে স্রেফ ৪৫ বলে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। পঞ্চাশ পেরিয়েও খেলতে থাকেন একই ছন্দে। লাঞ্চ বিরতিতে যান ব্যক্তিগত ৭৪ রানে। 

বিরতির পর ফিরে ম্যাকব্রাইনের বলে কাট করে দুইটি চার মারেন সাকিব। পরে আউট হন যে ডেলিভারিতে, সেটিও চাইলে অনায়াসে কাট বা লেট কাট খেলতে পারতেন তিনি। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করে টার্নের সঙ্গে আরও বেরিয়ে যাওয়া বলে সুইপ খেলার চেষ্টা করেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে সংযোগ অমনভাবে হয়নি। কানায় লেগে বল জমা পড়ে লর্কান টাকারের গ্লাভসে। 

ইনিংসজুড়ে শটের পসরা সাজিয়ে সেঞ্চুরির কাছে গিয়ে আরও একবার তিন অঙ্ক ছুঁতে না পারার হতাশা নিয়েই ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ১৪ চারে ৯৪ বলে করেন ৮৭ রান। 

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা ঝরে সিডন্সের কণ্ঠে। তার মতে, সাকিবই ছিলেন দিনের সেরা ব্যাটসম্যান। আর অমনভাবে আউট হওয়ার ব্যাপারে বোলারকেই বেশি কৃতিত্ব দেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
“এটি (আউটের শটটি) তার জন্য হতাশাজনক ছিল। আমার মনে হয়, বোলার নিজের পরিকল্পনা বদলে ফেলেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে অফ স্পিন করে সাকিবকে ওই শট খেলতে প্রলুব্ধ করেছে। আমার চেয়েও তার (সাকিব) হতাশা বেশি হওয়ার কথা।”  

সিডন্সের পরে সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনা বদলে সাফল্য পাওয়ার কথা জানান ম্যাকব্রাইন। 

“লাঞ্চের সময় (স্পিন বোলিং কোচ) নাথানের (হরিজ) সঙ্গে কথা হয়েছিল। তখন আমরা কিছু পরিকল্পনা সাজাই। লাঞ্চের পর সাকিবকে অফ স্টাম্পের বাইরে বল করার পরিকল্পনা ছিল এবং তা কাজে যায়। এরপর আমরা চেষ্টা করেছি সবকিছু যতটা স্বাভাবিক রাখা যায়।”  

ম্যাকব্রাইনের বলে ওভাবে আউট না হলে হয়তো প্রায় ছয় বছর পর সেঞ্চুরি করতে পারতেন সাকিব। তাই বলে সাকিবের তিন অঙ্ক ছুঁতে না পারার পেছনে অত্যধিক শট খেলার কোনো দায় দেখেন না বাংলাদেশের ব্যাটিং কোচ। 

“আমি মনে করি, সে যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে। আমি বলতে চাচ্ছি, সে ইনিংসজুড়েই সুইপ শট খুব ভালো খেলেছে। তবে তার বিপক্ষে যে পরিকল্পনা সাজানো হয়েছিল, সেক্ষেত্রে ওই শট ভুল ছিল। ব্যাটিংয়ে একটা ভুল করলেই আপনি আউট।” 

“আমার মনে হয় না, এর সঙ্গে সেঞ্চুরির কোনো সম্পর্ক আছে। সে ৮০'র কিছু বেশি রান করেছিল। ওয়ানডেতে আরেকটু কাছাকাছি গিয়েছিল। সেঞ্চুরি পেলে সেও খুব খুশি হতো। তবে সব মিলিয়ে দলে তার যে অবদান, তাতে আমরা খুশি।” 

দ্রুত রান তোলার সময় স্বাভাবিকভাবেই সাকিবের কিছু শট ছিল ঝুঁকিপূর্ণ। যা এদিক-ওদিক হলে অল্পেই ফিরতে পারতেন সাজঘরে। তবে সিডন্স মনে করেন, এই আগ্রাসী ব্যাটিংয়ের সময় খেলা শটগুলোতে ঝুঁকির মাত্রা বেশি ছিল না। 

“সে দ্রুত রান তুলেছে। তবে বাতাসে খুব বেশি বল খেলেনি। যেভাবে ব্যাটিং করেছে, সে আজকে আমাদের সেরা ব্যাটসম্যান ছিল। আমরা ৩ উইকেট হারানোর পর সে দারুণভাবে গুছিয়ে নিয়েছে। বড় একটা জুটি গড়েছে এবং দিন শেষে আমাদেরকে ভালো অবস্থানে রেখেছে।”