তাসকিনের হিসেবি বোলিং
তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পরও অবশ্য জিততে পারেনি তার দল।
প্রথম ওভারে একের পর এক আউটসুইংয়ে ব্যাটসম্যানদের নিলেন কঠিন পরীক্ষা। দ্বিতীয় ওভারে গতি বাড়িয়ে ইনসুইংয়ে মনোযোগ দিয়ে তাসকিন আহমেদ বেকায়দায় ফেললেন প্রতিপক্ষকে। দশ ওভারের ক্রিকেটে তার দুই ওভারে বাউন্ডারি তো দূরের কথা, স্বাচ্ছন্দ্যে খেলতেই পারলেন না টম ব্যান্টন, মোহাম্মদ হাফিজরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার রাতে জিম আফ্রো টি-টেন লিগে বাংলাদেশের আরেক তারকা মুশফিকুর রহিমের জোহানেসবার্গ বাফেলোজের বিপক্ষে নিজের সেরা ছন্দের ছাপ রেখেছেন তাসকিন। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ ওভারে খরচ করেছেন মোটে ৭ রান।
তাসকিনের এমন বোলিংয়ের পরও অবশ্য জিততে পারেনি বুলাওয়ায়ো ব্রেভস। ১৪ রানের জয়ে মাঠ ছেড়েছে মুশফিকের বাফেলোজ। দুই দলের প্রথম সাক্ষাতেও তারা জিতেছিল ১০ রানে।
দল জিতলেও ব্যাট হাতে মুশফিকের ম্যাচটা অবশ্য ভালো কাটেনি। ইনিংসের অর্ধেকের বেশি বাকি থাকতে ছয় নম্বরে নামেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১ চারে ১১ বলে ১৩ রান করেন অভিজ্ঞ কিপার-ব্যাটার।
তাসকিন প্রথম ওভারে ওয়াইড দিয়ে শুরু করলেও দারুণ আউটসুইংয়ে ব্যান্টন, মিল্টন শুম্বাকে হাত খুলতে দেননি। ওয়াইডসহ ওই ওভারে বাংলাদেশের তারকার খরচ ৩ রান।
এক ওভার পর ফের আক্রমণে এসে তিনি মন দেন ইনসুইংয়ে, বাড়ান গতিও। তেমন সুবিধা করতে পারেননি ব্যান্টন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে উল্টো দারুণ এক বাউন্সারে হকচকিয়ে যান ইংলিশ ওপেনার। ওই ওভারে দুইটি ডাবলসে আসে ৪ রান। এর মধ্যে একটি ব্যাটের বাইরের কানায় লেগে।
জিম্বাবুয়েতে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন তাসকিন। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে স্রেফ একবার ওভারে দশের বেশি রান খরচ করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে স্রেফ ১১ রানে নিয়েছিলেন ৩ উইকেট।
