ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সফরে সব ম্যাচ সিলেটে
তিনটি চার দিনের ম্যাচ খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানদের ‘এ’ দল।
ভেন্যু হিসেবে সিলেটের ক্রমবর্ধমান গুরুত্ব ও উপযোগিতা ফুটে উঠল আরও একবার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সফরের পুরোটাই হতে হচ্ছে এই শহরে। সিলেটের দুই মাঠে হবে ক্যারিবিয়ানদের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ।
গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার ফিরতি সফরে আসছে ক্যারিবিয়ানরা। আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে তারা।
সফরে তারা তিনটি চারদিনের ম্যাচই খেলবে, কোনো একদিনের ম্যাচ নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু ১৬ মে। দ্বিতীয় ম্যাচ ২৩ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে। তৃতীয় ম্যাচটি আবারও মূল মাঠে ৩০ মে থেকে।
সবশেষ গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলেছিল ভারত ‘এ’ দল। সেবার প্রথম ম্যাচটি হয়েছিল কক্সবাজারে, পরেরটি সিলেটে।
