দ্বিতীয় টেস্টে জাদেজাকে পাওয়া নিয়ে শঙ্কা
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার একটি দুঃসংবাদও শুনেছে ভারত। শঙ্কা জেগেছে দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডার।
বিশাখাপাত্নামে আগামী শুক্রবার শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথমটিতে ২৮ রানে হেরে ১-০ তে পিছিয়ে আছে ভারত।
হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রান তাড়ায় ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। রোববার বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে ফেরেন রান আউট হয়ে। চতুর্থ দিনের ওই রান আউটের সময়ই হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।
মাঠ ছাড়ার সময় জাদেজার চোখেমুখে ফুটে ওঠে অস্বস্তি ও যন্ত্রণা। এর পরপরই তার স্ক্যান করানো হয়। সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে জাদেজার স্ক্যান রিপোর্ট মুম্বাই ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের পর নেওয়া হবে সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে, সোমবার সন্ধ্যায় তার চোটের মাত্রা মূল্যায়ন করা হবে।
জাদেজা ছিটকে পড়লে ভারতের জন্য এটা হবে বড় ধাক্কা। প্রথম টেস্টে বাঁহাতি স্পিনে ৫ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ভারতের ১৯০ রানের লিড নেওয়ার পথে ৮৭ রান করে রাখেন বড় অবদান।
জাদেজাকে পাওয়া না গেলে দ্বিতীয় টেস্টে দলে আসতে পারেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ।
