২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রেসিং রুম ইস্যুতে তামিমের সঙ্গে একমত হাথুরুসিংহে

অধিনায়কের মতো জাতীয় দলের ড্রেসিং রুমে কোনো সমস্যা দেখেন না প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 02:48 PM

Updated : 28 Feb 2023, 02:48 PM

‘এখন সিরিজ নিয়ে কথা বলার আদর্শ সময়’- সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বেশ জোর দিয়েই বললেন চান্দিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে মাঠের বাইরের বিষয় নিয়ে চলছে যত আলোচনা, যা নিয়ে খানিক বিরক্ত হাথুরুসিংহে বললেন, ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে চিন্তার কিছু নেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর নয়। দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে সম্পর্ক ভালো নয় এবং দলের মধ্যে গ্রুপিং থাকার কথাও বলেন বিসিবি প্রধান।  

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তামিম জানান, নিজের ক্যারিয়ারে কখনও ড্রেসিং রুমে কোনো সমস্যা দেখেননি তিনি। আর সাকিবের সঙ্গে সম্পর্ক যেমনই হোক, এর কোনো প্রভাব মাঠের খেলায় পড়বে না বলেও নিশ্চয়তা দেন ওয়ানডে অধিনায়ক।  

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তামিমের সুরেই কণ্ঠ মেলালেন প্রধান কোচ। 

“প্রথমত আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন দল ও ড্রেসিং রুমেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না।” 

“যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।” 

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছেন হাথুরুসিংহে। প্রায় ছয় বছরের বেশি সময় ফিরে দলে কোনো পার্থক্য দেখেছেন কি না, জানতে চাওয়া হয় প্রধান কোচের কাছে। 

“আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, তা তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। যা দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে, কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।”