২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পিএসএলে খেলবেন না রাশিদ

পিঠে অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথে আছেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 10:33 PM

Updated : 25 Jan 2024, 10:33 PM

পিঠে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি রাশিদ খান। তাই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসছে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার। 

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের সবশেষ তিন আসরে খেলেন রাশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ২০২২ আসের ৯ ম্যাচে ধরেন ১৩ শিকার। গতবার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রাশিদকে পাওয়া নিয়ে শঙ্কা থাকার পরও গত ডিসেম্বরের ড্রাফটের আগে তাকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। পরের আসরেও যেন এই স্পিনারকে ধরে রাখা যায়, এই পরিকল্পনায় হয়তো সিদ্ধান্তটি নিয়েছে তারা।

গত নভেম্বর থেকে পেশাদার ক্রিকেটের বাইরে আছেন রাশিদ। ওই মাসেই পিঠের চোটের জন্য শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় খেলতে পারেননি কোনো ম্যাচ।

শুধু পিএসএলই নয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ও এসএটোয়েন্টি থেকেও নাম সরিয়ে নিয়েছিলেন রাশিদ।

রাশিদের বদলে সাপ্লিমেন্টারি ও রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে খেলোয়াড় নিতে পারবে লাহোর। আগামী সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই ড্রাফট।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ধারণা, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাশিদ। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের আগে আফগানিস্তানের হয়েও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে আফগানিস্তানের।