২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ার ম্যাচে শেষের বার্তা দিয়ে রাখলেন ধোনি

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়ার দিনে ৪১ বছর বয়সী ক্রিকেটার বললেন, শেষ পর্যায়ে আছে তার ক্যারিয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 02:01 PM

Updated : 22 Apr 2023, 02:34 PM

রেকর্ড-কীর্তি ক্যারিয়ারে কম নেই মহেন্দ্র সিং ধোনির। অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি। কিপার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ভারতীয় কিংবদন্তি। এই ম্যাচের পরই ৪১ বছর বয়সী ক্রিকেটার মনে করিয়ে দিলেন, তার খেলোয়াড়ী জীবনের খুব বেশি পথ আর বাকি নেই। 

আন্তর্জাতিক ও ঘরোয়া অন্য সব ক্রিকেটকে বেশ আগেই বিদায় জানিয়ে ধোনি এখন কেবল খেলে যাচ্ছেন আইপিএল। উইকেটের সামনে ও পেছনে এবং নেতৃত্বে নিজের ছাপ রাখছেন এখনও। এই পরিক্রমায় ক্যাচের রেকর্ড নিজের করে নিলেন শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে। 

রেকর্ডটি একসময় ধোনিরই ছিল। পরে তাকে ছাড়িয়ে যান কুইন্টন ডি কক। এবারের আইপিএল শুরুর সময় ধোনির ক্যাচ ছিল ২০২টি, ডি ককের ২০৭টি। জাতীয় দলের সিরিজ খেলে দেরিতে আইপিএল দলে যোগ দেওয়ার পর এবারের আসরে এখনও মাঠে নামার সুযোগ পাননি ডি কক। এই সুযোগেই তাকে পেরিয়ে যান ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে শুক্রবার এইডেন মারক্রামের ক্যাচটি তার ক্যারিয়ারের ২০৮তম ক্যাচ। 

ধোনির এই ২০৮ ক্যাচ নিয়েছেন ৩৫৪ ইনিংস কিপিং করে। ডি কক ২০৭ ক্যাচ নিয়েছেন ৮৬ ইনিংস কম কিপিং করেই। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যাচের ডাবল সেঞ্চুরি আছে কেবল আর একজনেরই। ৩১৯ ইনিংসে ২০৫ ক্যাচ নিয়েছেন দিনেশ কার্তিক। 

ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড অবশ্য বেশ আগে থেকেই ধোনির। প্রথম কিপার হিসেবে ৩০০ ডিসমিসালের দিকে এগিয়ে চলেছেন তিনি। এখন তার শিকার ২৯৩। এই রেকর্ডে দুইয়ে আছেন কামরান আকমল (২৭৪ ডিসমিসাল)। ২৭৩ ডিসমিসাল নিয়ে তিনে কার্তিক, ২৫৪ ডিসমিসাল করে চারে ডি কক। ২০৫ ডিসমিসাল করে অবসরে গেছেন কুমার সাঙ্গাকারা। 

ব্যক্তিগত অর্জন অবশ্য কখনোই খুব একটা আন্দোলিত করেনি ধোনিকে। এখন বরং তিনি আপ্লুত দর্শক-সমর্থকদের ভালোবাসায়। চেন্নাইয়ে তিনি বরাবরই তুমুল জনপ্রিয়। আইপিএল ক্যারিয়ারের শুরু থকেই চেন্নাই সুপার কিংসে খেলে ও নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছেন এই ফ্র্যাঞ্চাইজি ও এই শহরের সমার্থক। তার নিজের রাজ্য যে ঝাড়খন্ড, তার জন্ম-বেড়ে ওঠা রাঁচিতে, এটা অনেকের মনেও থাকে না। চেন্নাই আর ধোনি যে বরাবরের আপন।

কোভিড অতিমারি শেষে এবারের মৌসুম থেকেই আবার ভারতের নানা প্রান্তে নানা মাঠে আইপিএলের খেলা হচ্ছে। চেন্নাইয়েও ফিরেছে আইপিএল। এই শহরের দর্শকেরাও মাঠে এসে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ধোনিকে। ধোনিকে নিয়ে গ্যালারিতে প্ল্যাকার্ড, ব্যানার, ধোনির নামে চিৎকার-গর্জন, ধোনিকে নিয়ে আবেগের উত্তুঙ্গ জোয়ার চলছে ম্যাচের পর ম্যাচ। 

সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পরও চেন্নাইয়ের গ্যালারিতে দর্শকেরা রয়ে যান ধোনির প্রতি ভালোবাসা প্রকাশ করতে। পরে পুরস্কার বিতরণীতে ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে ধোনি কথা বলতে এগিয়ে যেতেই গ্যালারি থেকে ভেসে আসে তুমুল চিৎকার। হার্শা প্রশ্ন শুরু করলেন এটি নিয়েই। চেন্নাইয়ের ক্রিকেট অনুসারীদের এই ভালোবাসার কথা বলতে গিয়েই ধোনি বললেন তার ক্যারিয়ারের গোধূলি লগ্নের কথা। 

“বয়স তো হয়েছে… এটা আড়াল করার কোনো কারণ নেই। যতকিছুই হোক, আমি অবশ্যই ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি… আর যতদিনই খেলি, গুরুত্বপূর্ণ হলো আইপিএলে খেলা উপভোগ করা।” 

“বছর দুয়েক পর তারা (দর্শক) মাঠে এসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছে। গ্যালারি একদম পরিপূর্ণ, মাঠে নতুন স্ট্যান্ড করা হয়েছে। এখানে খেলতে তাই সবসময়ই ভালো লাগে। তারা সবসময়ই অনেক ভালোবাসা ও অনুরাগ দেখিয়েছেন। খেলা শেষেও সবসময় আমার কথা শোনার জন্য রয়ে গেছেন। যদিও ব্যাটিংয়ের যথেষ্ট সুযোগ পাচ্ছি না। তবে অন্যরা ভালো করছে, আমার কোনো আপত্তি নেই! যেটা বললাম, এখানে খেলতে পারা সবসময়ই আনন্দের।”