সবুজ উইকেট দেখে আফগান অধিনায়ক বললেন, ‘দ্যাটস ফাইন’
উইকেট যেমনই হোক নিজেদের শক্তিমত্তার ওপর ভরসা রাখছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
বাংলাদেশে এসে আফগানিস্তানের প্রথম দিনের অনুশীলনের ঘটনা।তখনও ড্রেসিং রুমে ক্রিকেটাররা। প্রধান কোচ জোনাথন ট্রট সবার আগে বেরিয়ে গেলেন উইকেট দেখতে। কভার কিছুটা সরিয়ে তিনি দেখলেন তাজা সবুজ ঘাসের উইকেট। পর দিন কিছুটা কমানো হয়েছে ঘাস। তবু সবুজের উপস্থিতি দৃশ্যমান। তবে উইকেট যেমনই হোক, এটি নিয়ে দুর্ভাবনা নেই আফগানদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হবে একমাত্র টেস্ট। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে উইকেট। স্পিনে শক্তিশালী আফগানদের বিপক্ষে ম্যাচের উইকেটে দেখা যাচ্ছে তাজা ঘাসের উপস্থিতি।
বাংলাদেশ টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিন (রোববার) দেখা গেছে, উইকেটের দুই পাশে পপিং ক্রিজ ও সামনের কিছু অংশের ঘাস ছেটে রাখা হয়েছে। মাঝের অংশে রয়েছে ঘন সতেজ ঘাস। সোমবার কমানো হয়েছে তা। ম্যাচের আগের দিন হয়তো আরও কমানো হবে ঘাস।
তবু ম্যাচের উইকেটে যে সবুজ ঘাসের প্রাধান্য থাকবে, তা অনুমান করাই যায়। সোমবারের অনুশীলন শুরুর আগে উইকেট দেখে আফগানিস্তানের অধিনায়ক ধারণাও অভিন্ন।
আফগান দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হাশমতউল্লাহ শাহিদি জানালেন, উইকেট যেমনই হোক, নিজেদের নিয়েই ভাবছেন তারা।
"আমরা আজকে পিচ দেখেছি। তারা এটি কিছুটা সবুজ তৈরি করেছে। দ্যাটস ফাইন ফর আস। আমাদের ভালো পেসার আছে, ভালো স্পিনারও আছে। আমরা নিজেদের শক্তিমত্তা নিয়ে চিন্তা করব যে, আমাদের কী আছে, কী নিয়ে কাজ করতে হবে। আমরা যে কোনো কিছুর প্রস্তুত আছি।"
আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০১৯ সালের সেপ্টেম্বরে বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ২২৪ রানে বিব্রতকর এক পরাজয়ের স্বাক্ষী হয় বাংলাদেশের ক্রিকেট।
সেবার ম্যাচে প্রথম দিন থেকেই উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান৷ স্পিনবান্ধব উইকেটের আশায় কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া খেলতে নামলেও অধিনায়ক সেই সময় বলেছিলেন, নিজেদের প্রত্যাশামত উইকেট পাননি তারা।
তাই এবার ম্যাচের অনেক দিন আগে থেকেই উইকেট নিয়ে চলছে আলোচনা। অনুশীলনে প্রায় প্রতি দিনই কিউরেটর গামিনি সিলভার সঙ্গে কথা বলতে দেখা গেছে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে।
