ঘূর্ণি মঞ্চে যেভাবে ব্যাট ঘুরিয়ে সফল ফিলিপস
খুব ঝুঁকিপূর্ণ শট না খেলেও আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়িয়েছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান, অনেকের জন্যই যা হতে পারে এই উইকেটে খেলার উদাহরণ।
দিনের প্রথম বলটিই বিপজ্জনকভাবে বাঁক নিয়ে ব্যাটে বাতাস লাগিয়ে আশ্রয় নিল কিপারের গ্লাভসে। হেলমেটের ভেতর মুচকি হাসলেন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। প্রথম বলেই যেন সতর্কবার্তা। তবে তিনি তো ভড়কে যাওয়ার ব্যাটসম্যান নন! এমন পাল্টা আক্রমণ শুরু করলেন যে কিছুটা এলোমেলো হয়ে গেল বাংলাদেশের বোলিংই!
শেষ পর্যন্ত তিনি যখন থামলেন, তার নামের পাশে জ্বলজ্বল করছে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান। নিউ জিল্যান্ড ততক্ষণে লিড পেয়ে গেছে। আর তিনি দেখিয়ে দিয়েছেন একটি ‘ব্লুপ্রিন্ট’, এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়।
ফিলিপস এমনিতেই সহজাত আগ্রাসী ব্যাটসম্যান। গায়ের পোশাক রঙিন হোক বা সাদা, শট খেলতে তিনি পছন্দ করেন। বোলারদের ওপর চড়াও হতে চান। কিন্তু মিরপুর টেস্টের তৃতীয় দিনে যে ইনিংসটি তিনি খেললেন, তার নিজের মানেও তা বিশেষ কিছু। এই স্পিন স্বর্গেও যে ব্যাটিং দাপট দেখানো যায় এবং ভয়ঙ্কর কোনো ঝুঁকি না নিয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা যায়, সেটিই যেন ফুটিয়ে তুললেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
যদিও একেকজনের ব্যাটিংয়ের ধরন একেকরকম। রান করার পথও সবার ভিন্ন। এমনকি এই ধরনের উইকেটে, যেখানে টিকে থাকা কঠিন বলে দ্রুত রান তোলার পথ বেছে নেন অনেকে, সেই আক্রমণের ধরনেও সবার থাকে ভিন্নতা। তবে ফিলিপস যেভাবে ইনিংসটি গড়লেন, এটি উদাহরণ হতে পারে সবার জন্যই।
এই ম্যাচেই প্রথম ইনিংসে এক ওভারে দুটি রিভার্স সুইপ খেলার চেষ্টায় দ্বিতীয়টিতে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টে ও এই টেস্টেও রিভার্স সুইপের ওপর নির্ভর করতে দেখা গেছে মুমিনুল হক, মুশফিকুর রহিমদের। রিভার্স সুইপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি অংশ বটে। তবে বারবার এই শটের চেষ্টায় ঝুঁকির পরিমাণও যে বেশি, সেটি তো বলার অপেক্ষা রাখে না। অথচ ফিলিপস একটি রিভার্স সুইপ না খেলেই ঠিকই দুর্দান্ত ইনিংস খেলেছেন।
এমনকি ‘প্রিমেডিটেটেড’ বা পূর্বপরিকল্পিত শট, আগে থেকেই ঠিক করে রাখা শট তিনি খুব কমই খেলেছেন। তিনি অপেক্ষা করেছেন নিজের শক্তির জায়গায় বল পেতে। পেলেই তা কাজে লাগিয়েছেন। তিনি চেষ্টা করেছেন বলের লেংথ দ্রুত পড়তে। এরপর সেভাবেই সাড়া দিয়েছেন। তার দুর্দান্ত রিফ্লেক্স ও পেশির জোর এক্ষত্রে অবশ্যই সহায়ক হয়েছে। রিফ্লেক্স ভালো বলেই অনেক সময় ভালো ডেলিভারিতেও তিনি শট খেলেছেন, এরপর বোলারদের লেংথ গড়বড় হয়ে গেছে আরও। খেই হারিয়ে বোলাররাও আলগা বল করেছেন বেশ কিছু, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ফিলিপস শোনালেন, এই উইকেটে তার ব্যাটিং পরিকল্পনা কেমন ছিল।
“আমার জন্য ব্যাপারটি ছিল, যতটা সম্ভব ব্যাট দিয়ে খেলা এবং কার্যকরভাবে পজিশনটা ঠিক করা। আমি বুঝেছি যে তারা সত্যিই ভালো বল করবে এবং সেটা বুঝেই ঠিক করতে হয়েছে, ওই বলগুলিকে পাল্টা আক্রমণ করতে আমাকে কী করতে হবে। নিজের পরিকল্পনায় যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করা। এই পিচে টার্ন ও বাউন্স থাকবে, এটা মেনে নিতেই হবে। কিন্তু এটায় খুব বেশি বুঁদ না হয়ে যতটা সম্ভব ধীরস্থির ও স্বচ্ছ থাকা।”
পরিকল্পনা যেমনই থাকুক, বাস্তবায়নটাই আসল। সেই চেষ্টায় ফিলিপসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উইকেটে অননুমেয় চরিত্র। কোনো বল টার্ন করেছে, কোনো বল করেনি। একই লেংথ থেকে কোনো বল থমকে এসেছে, কোনোটি আবার স্কিড করেছে। কোনো বল বাড়তি লাফিয়েছে, কোনোটি নিচু হয়েছে বিপজ্জনকভাবে। অনেক সময় বোলার লেংথ গড়বড় করলেও তাই শট খেলা হয়ে ওঠে ঝুঁকির।
অথচ আউট হওয়ার আগ পর্যন্ত ফিলিপসের শট নির্বাচন ছিল প্রায় নিখুঁত। বল দু-একবার ব্যাটের কানায় লেগেছে বটে, তবে বেশির ভাগ সময়ই তিনি ছিলেন নিয়ন্ত্রণে। শট যখন যেভাবে খেলতে চেয়েছেন, সেভাবেই পেরেছেন।
শট নির্বাচনের পেছনেও নিজের মনোজগতের ছবিটা তুলে ধরার চেষ্টা করলেন ফিলিপস।
“আগে যেমনটি বললাম, আমার জন্য ব্যাপারটি হলো যতটা সম্ভব ব্যাট ব্যবহার করা। এমনিতে খুব বেশি বল ছাড়তে চাই না আমি। খুব ভালো বল হলে বা ঠেকানোর মতো বল হলেই কেবল ঠেকাই। আর এই ধরনের পিচে আসলে এটা বোঝা জরুরি যে, একটু বেশি আগ্রাসী হওয়টাই সবচেয়ে সেরা উপায়, যেখানে বোলারকে চাপে ফেলে দেওয়া যায়, তাদের লেংথ থেকে একটু সরিয়ে দেওয়া যায় এবং এরপর তাদেরকে বাধ্য করা যায় আমার শক্তির জায়গায় বল করতে ও একটু স্বস্তি পাওয়া যায়।”
“খেলা শুরুর আগে একটি গ্রাফিক্স দেখছিলাম আমি, আমাদের বিভিন্ন ব্যাটারের ‘কন্ট্যাক্ট পয়েন্ট’ কতটা ভিন্ন। সবারই নিজস্ব ধরন আছে। কেউ কেউ অনেকটা এগিয়ে এসে খেলে, কেউ ক্রিজের ভেতরে গিয়ে খেলে। নিজের জন্য কোনটা কার্যকর, স্রেফ এটা বোঝার ব্যাপার। আমি একটু লেগ সাইডে থাকতে পছন্দ করি এবং নিজের পৃষ্ঠদেশ ব্যবহার করা হয়তো ছিল বেশি গুরুত্বপূর্ণ।”
ফিলিপস যেমন বললেন, নিজের পথটা আসলেই নিজেকেই বের করে নিতে হয় ব্যাটসম্যানদের। তবে ফিলিপস যেমন দেখালেন, সেই পথও অনুসরণ করলেও সম্ভবত খারাপ নয়!
