২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে আফগান পেসার

মিরপুরে টেস্ট ক্যাপ পেয়ে নিজের প্রথম বলেই জাকির হাসানকে আউট করেছেন আফগান পেসার নিজাত মাসুদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 11:04 AM

Updated : 14 Jun 2023, 02:06 PM

বল কিপারের গ্লাভসে যেতেই ডানা মেলে দিলেন নিজাত মাসুদ। দুই হাত ছড়িয়ে তিনি যেন উড়ে গেলেন সতীর্থদের সঙ্গে উদযাপন করতে। কিন্তু আম্পায়ার তো ঠায় দাঁড়িয়ে! আফগানরা অবাক। দ্রুতই রিভিউ নিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। সেই রিভিউ আবার আফগানদের এনে দিল উল্লাসের উপলক্ষ। মাসুদের নাম খোদাই হয়ে গেল আফগান ক্রিকেটের ইতিহাসে।

এ দিনই টেস্ট ক্যাপ পেয়েছেন মাসুদ। এটিই ছিল তার প্রথম ডেলিভারি। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের স্বাদ পাওয়া প্রথম বোলার ২৪ বছর বয়সী এই পেসার।

মিরপুর টেস্টের প্রথম দিনে বুধবার সবুজাভ উইকেটে টস জিতে বোলিং নেয় আফগানিস্তানকে। ম্যাচের দ্বিতীয় ওভারেই অধিনায়কের মুখে হাসি ফোটান মাসুদ। অফ স্টাম্প ঘেষে বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারি জাকির হাসানের ব্যাটে আলতো চুমু দিয়ে আশ্রয় নিয়ে কিপারের গ্লাভসে।

আম্পায়ার বুঝতে পারেননি তা। রিভিউয়ে দেখা যায়, ব্যাটে সামান্য স্পর্শ করেছিল বল।

টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে বাংলাদেশের বিপক্ষে উইকেট নেওয়ার নজির আগে ছিল একটিই। ২০০২ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মোহাম্মদ আশরাফুলকে বোল্ড করেছিলেন চামিলা গামাগে। লঙ্কান এই পেসারেরও সেটি ছিল অভিষেক টেস্ট।

সেই গামাগের টেস্ট ক্যারিয়ার অবশ্য থমকে যায় ২ টেস্টে ৫ উইকেট নিয়েই।

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার ২২তম ঘটনা এটি। সবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন টম হোরান। ১৮৮৩ সালে সিডনিতে ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে বোল্ড করেছিলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। হোরানের অবশ্য সেটি অভিষেক টেস্ট ছিল না। মূলত তিনি ছিলেন ব্যাটসম্যান। ক্যারিয়ারের দশম টেস্টে প্রথমবার বল হাতে নিয়ে সফল হন তিনি শুরুতেই।

এরপর যারা নানা সময়ে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নিয়েছেন, তাদের বেশির ভাগের ক্যারিয়ার খুব সমৃদ্ধ হয়নি। তবে ব্যতিক্রম ন্যাথান লায়ন। ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে কুমার সাঙ্গাকারার উইকেট নিয়ে তার শুরু। এই অস্ট্রেলিয়ান এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম অফ স্পিনার। ১২০ টেস্টে তার শিকার ৪৮৭ উইকেট।

এছাড়া প্রথম বলে উইকেট শিকারিদের মধ্যে উল্লেখযোগ্য ক্যারিয়ার গড়তে পেরেছেন ইংলিশ অলরাউন্ডার মরিস টেট, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিথ মিলার ও পাকিস্তানি অলরাউন্ডার ইন্তিখাব আলম।

মাসুদের আগে সবশেষ এই কীর্তি গড়তে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্ডান ভিলিওন। ২০১৬ সালে জোহানেসবার্গে এই ফাস্ট বোলার আউট করেন ইংলিশ গ্রেট অ্যালেস্টার কুককে। সেই অভিষেক টেস্টই এখনও পর্যন্ত হয়ে আছে তার একমাত্র টেস্ট।

বাংলাদেশের কোনো বোলার এখনও পর্যন্ত এই স্বাদ পাননি।