‘তোমার সঙ্গে মাঠে থাকতে না পারাটা হবে অদ্ভুত’, তামিমের বিদায়ে বললেন সাকিব
জীবনের নতুন অধ্যায়ে তামিমকে শুভ কামনা জানিয়ে সাকিব বললেন, ‘নতুন জীবনেও ছক্কা হাঁকাতো থাকো।’
তামিম ইকবালের অবসরের পরদিন অবশেষে তাকে বিদায়ী শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান। সেই অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে নানা পথ পেরিয়ে জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলা, দুই দশকের এই লম্বা পথচলার কথা বললেন সাকিব। তুলে ধরলেন তামিমের অর্জন আর অবদানের কথা। নতুন জীবনের জন্য জানালেন শুভ কামনাও।
তামিম ইকবালের অবসরের পর থেকেই সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের অনেকে নানারকম বার্তা দেখা গেছে। দুপুর থেকে রাত পর্যন্ত চলেছে সেই প্রবাহ। কিন্তু উল্লেখযোগ্যদের মধ্যে সাকিবের কোনো বার্তাই ছিল না। শুক্রবার সকালে শেষ পর্যন্ত নিজের ফেইসবুক পাতায় সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ককে নিয়ে নিজের অনুভূতির কথা জানান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
বয়সভিত্তিক ক্রিকেট থেকে একসঙ্গে খেলেছেন দুজন, খেলেছেন ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ওই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকিবের। কয়েক মাস পর তামিমও একই পথের পথিক।
দেশের ক্রিকেটে নতুন দিনের বিজ্ঞাপন ছিলেন তারা। অল্প বয়সেই পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব। এই দেশের ক্রিকেটকে মাঠের ভেতরে-বাইরে নতুন উচ্চতায় পৌঁছে দিতে উজ্জ্বল ভূমিকা আছে দুজনেরই।
একসময় একই বাসায় থাকতেন দুজন। দুজনের বন্ধুত্ব নিয়েও একটা সময় নানা কিছু চর্চিত হয়েছে দেশের সংবাদমাধ্যমে। সময়ের প্ররিক্রমায় তাদের সম্পর্কও পার হয়েছে নানা চড়াই-উৎরাই। তাদের সম্পর্কের শীতলতা নিয়ে গত বছর প্রকাশ্যে কথা বলেন এমনকি বিসিবি প্রধান নাজমুল হাসানও।
তামিমের অবসরে সাকিবের বিদায়ী বার্তাটুকু তুলে ধরা হলো এখানে :
“সেই ২০০৩ সালে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রথমবার একসঙ্গে পা রাখা থেকে জাতীয় দলের হয়ে খেলেছি আমরা এবং ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যকে সঙ্গী করে দৃঢ় এক বন্ধন ও বন্ধুত্ব গড়ে তুলেছি আমরা।”
“বাংলাদেশের ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যেতে অন্য অনেকের সঙ্গে আমরাও অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার প্যাশন ও আগ্রাসন অনুপ্রাণিত করেছে অনেককে।”
“একই লক্ষ্য অর্জনের জন্য আমরা পরস্পরের শক্তিতে বিশ্বাস ও ভরসা রেখেছি, তা হলো দেশের জন্য জয় এনে দেওয়া।”
“তোমার রান ও রেকর্ডগুলিই কথা বলবে তোমার হয়ে এবং ক্রিকেটার হিসেবে তুমি যা অর্জন করেছো, সবকিছু নিয়েই সতীর্থ হিসেবে আমরা গর্বিত।”
“মাঠে তোমার সঙ্গে না থাকতে পারাটা হবে অদ্ভুত… তবে প্রতিটি লড়াইয়েই যখন আমরা পা রাখব, তোমার আগুন প্রজ্জ্বলিত হবে আমাদের সবার হৃদয়ে।
“নতুন জীবনেও তুমি সীমানা ছাড়াতে থাকো এবং ছক্কা হাঁকাতে থাকো এবং প্রিয়জনদের সঙ্গে নতুন মুহূর্তগুলি উপভোগ করো।”
