আগ্রাসী ব্যাটিংয়ে ক্যাম্পবেলের সেঞ্চুরি
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ ৬৫ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার।
জাস্টিন গ্রেভসের অনুপস্থিতিতে এগিয়ে এলেন আরেক ওপেনার জন ক্যাম্পবেল। ব্যাটে ঝড় তুলে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন উড়ন্ত সূচনা। ২০ ওভারের মধ্যে পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া।
গুয়াহাটিতে বুধবার ৬৫ বলে সেঞ্চুরি করেন ক্যাম্পবেল। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
ম্যাচের প্রথম তিন বল ডট খেলে চতুর্থ বলে বাউন্ডারিতে শুরু করেন ক্যাম্পবেল। প্রথম ২২ বলে ২৩ রান করা ওপেনার ডানা মেলেন সপ্তম ওভারে, এক ছয় ও তিন চারে ২২ রান নিয়ে। পরের ওভারে গুরনুর ব্রারকে ছক্কা মেরে ২৯ বলে স্পর্শ করেন পঞ্চাশ।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের যৌথভাবে দ্রুততম ফিফটির কীর্তি এটি। ১৯৮৯ সালে দিল্লিতে ২৯ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট ভিভ রিচার্ডস।
পাওয়ার প্লের পর রানের গতি একটু কমলেও অষ্টাদশ ওভারে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ক্যাম্পবেল, ৬৫ বলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে যা পঞ্চম দ্রুততম একশ।
সাড়ে সাত বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করে আর এগোতে পারেননি ক্যাম্পবেল। পরের ওভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৮ বলে পাঁচ ছক্কা ও ৯টি চারে তিনি করেন ১০১ রান।
২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ক্যাম্পবেলে। সেই বছর মার্চে, নিজের পঞ্চম ইনিংসে করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ বলে খেলেন ১৭৯ রানের ইনিংস।
