৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ক‍্যাম্পবেলের পর হোপ ও জাঙ্গুর সেঞ্চুরিতে উইন্ডিজের বিরল কীর্তি

ওয়ানডেতে কেবল ষষ্ঠবার কোনো দলের তিন জন এক ইনিংসে সেঞ্চুরি করতে পারল।

ক‍্যাম্পবেলের পর হোপ ও জাঙ্গুর সেঞ্চুরিতে উইন্ডিজের বিরল কীর্তি

শেই হোপ ও আমির জাঙ্গু। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 05:57 PM

Updated : 30 Sep 2026, 06:12 PM

আগ্রাসী ব‍্যাটিংয়ে পথ দেখালেন জন ক‍্যাম্পবেল। দায়িত্বশীল ইনিংসে দলকে টানলেন শেই হোপ। শক্ত ভিত পেয়ে ঝড় তুললেন আমির জাঙ্গু। তিন জনই পেলেন তিন অঙ্কের ছোঁয়া। তাতে বিরল একটি কীর্তি ধরা দিল ক‍্যারিবিয়ানদের হাতে।

গুয়াহাটিতে ভারতের বিপক্ষ দ্বিতীয় ওয়ানডেতে তিন সেঞ্চুরিতে বড় রানের পথে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে এ নিয়ে কেবল ষষ্ঠবার কোনো ম‍্যাচে তিন অঙ্ক স্পর্শ করলেন একই দলের তিন ব‍্যাটসম‍্যান।

ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে কেবল ৬৫ বলে সেঞ্চুরি করেন ওপেনার ক‍্যাম্পবেল। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, ২০১৯ সালের মার্চের পর প্রথম।

৬৮ বলে পাঁচ ছক্কা ও ৯টি চারে ১০১ রান করে ফেরেন ক‍্যাম্পবেল।

ক‍্যাম্পবেলের সঙ্গে ৭৯ বলে ১১০ এবং জাঙ্গুর সঙ্গে ১৩১ বলে ১৮২ রানের জুটি উপহার দেন হোপ। সাবলীল ব‍্যাটিংয়ে ৯০ বলে ক‍্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করেন অধিনায়ক।

৯৪ বলে তিন ছক্কা ও আট টারে ১০৪ রান করে বিদায় নেন হোপ।

একসময়ে মনে হচ্ছিল, হোপের আগেই তিন অঙ্ক স্পর্শ করবেন জাঙ্গু। একটুর জন‍্য সেটা পারেননি তিনি। তবে অধিনায়কের বিদায়ের পরপরই ৭০ বলে সেঞ্চুরি করেন জাঙ্গু, ওয়ানডেতে তার দ্বিতীয়।

সেঞ্চুরি ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি জাঙ্গুও। ৭৭ বলে তিন ছক্কা ও ১৩টি চারে বাঁহাতি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান করেন ১১৪ রান।

ইনিংসে তিন সেঞ্চুরির এই কীর্তি প্রথম গড়ে দক্ষিণ আফ্রিকা, ২০১৫ সালের ১৮ জানুয়ারি। জোহানেসবার্গে সেদিন ২ উইকেটে ৪৩৯ রান করার পথে সেঞ্চুরি করেন দলটির তিন ব‍্যাটসম‍্যান। ওই বছরের অক্টোবরে ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে এর পুনরাবৃত্তি করে প্রোটিয়ারা।

২০২২ সালে নেদারল‍্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৮ রান করার পথে সেঞ্চুরি করেন ইংল‍্যান্ডের তিন ব‍্যাটসম‍্যান। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে ফের সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার তিন ব‍্যাটসম‍্যান।

২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংসে সেঞ্চুরি ছিল তিনটি। এবার সেই তালিকায় যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজ।