২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিসাইল না থাকলে তো গেরিলা যুদ্ধই করতে হবে’

স্পিন সহায়ক উইকেট বানিয়ে ঘরের মাঠের সুবিধা নেওয়া উচিত, বললেন চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 07:05 PM

Updated : 22 Feb 2023, 08:56 PM

প্রথম দফার দায়িত্বে যে কৌশলে সাফল্য ধরা দিয়েছে, নতুন মেয়াদেও সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়ে রাখলেন চান্দিকা হাথুরুসিংহে। নিজেদের শক্তির উপযুক্ত ব্যবহার করে ঘরের মাঠে বাড়তি সুবিধা নেওয়া উচিত বলে মনে করেন নতুন করে দায়িত্বে ফেরা বাংলাদেশের প্রধান কোচ।

হাথুরুসিংহের আগের মেয়াদের দায়িত্বেই টেস্টে প্রথমবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্পিন সহায়ক উইকেট বানিয়ে কাবু করা হয় ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তিকে। ভাবনাটির শুরু ছিল সেই সময়ের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের, পরে তা বাস্তবায়নে বড় ভূমিকা রাখেন তখনকার কোচ হাথুরুসিংহে।

সেই কৌশল নিয়ে পরে আলোচনা, সমালোচনা হয়েছে তুমুল। হাথুরুসিংহের বিদায়ের পর সেই পথ থেকেও ক্রমে সরে এসেছে দল। সবশেষ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তো এই কৌশলকে মেনে নিতে পারেননি কখনোই।

ডমিঙ্গোর সময় থেকেই টেস্টে বাংলাদেশের পেস বোলিংয়ে উন্নতির ছাপ দেখা যেতে শুরু করে। বোলিং কোচ ওটিস গিবসনকে নিয়ে এদেশের পেস সংস্কৃতি বদলানোর চেষ্টা করেন তিনি। পরে এখনকার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও রেখে চলেছেন ভূমিকা। গত কয়েক বছরে টেস্টে বাংলাদেশের পেসারদের উন্নতিও স্পষ্ট।  এখনও যদিও ঘাটতির জায়গা আছে অনেক। তবে দেশের মাঠেও টেস্টে পেসারদের যথেষ্ট সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন ডমিঙ্গো, পুরোপুরি স্পিন সহায়ক উইকেটে ছিল তার আপত্তি।

ডমিঙ্গো চলে যাওয়ার পর আপাতত তার ভাবনার বিদায় বলেও ইঙ্গিত মিলছে। নতুন মেয়াদে প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে আভাস দিলেন, আগেরবারের কৌশলকেই আপন করে নেওয়া হবে আবারও। অন্য সব দেশের উদাহরণও তিনি তুলে ধরলেন।   

“হোম অ্যাডভান্টেজ ব্যাপারটি কি? হোম অ্যাডভান্টেজ ব্যাপারটি আসলে কী! নিউ জিল্যান্ডে গেলে কোন ধরনের উইকেট পাই আমরা? অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে যখন আমরা যাই, তারা কি করে? ভারত এখন কি করছে ঘরের মাঠে?”

“আমাদের যা আছে, আমরা তা নিয়েই ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের কাছে যদি মিসাইল না থাকে, তাহলে কি নিয়ে লড়ব আমরা? আমাদের তখন গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? তারা আমাদের দেশে আসবে, আমরা ছোট অস্ত্র নিয়ে লড়ব… (তা হয় না)। গোলাবারুদ না থাকলে তো আমরা পারব না!”

বাংলাদেশ এখন দেশের বাইরেও ভালো করছে বলে মনে করেন হাথুরুসিংহে। তবে দেশের মাঠে নিজেদের পছন্দের উইকেট বানাতে সমস্যার কিছু তিনি দেখেন না তিনি।

“আমরা যা করতে পারি, ক্রিকেটারদের উন্নতি করাতে পারি। আমার মনে হয়, ওরা দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে, নিউ জিল্যান্ডে ভালো করেছে।”

“তবে প্রতিটি দেশই এটা করে… হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত। আমাদের দেশে আমরা নিজেদের শক্তি অনুযায়ীই খেলব।”