২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুণ জয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক

নিউ জিল্যান্ডে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 05:31 PM

Updated : 22 Jan 2024, 02:26 PM

প্রথম ওভারে শেখ মেহেদি হাসানের আঘাত। পরের ওভারে শরিফুল ইসলামের জোড়া উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আরও এক শিকার ধরলেন মেহেদি। বাংলাদেশের এমন দারুণ শুরুর পর সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ড। দুর্দান্ত জয়ে বাংলাদেশ পেল আরেকটি অনন্য স্বাদ। সেই জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৫ উইকেটে। নিউ জিল্যান্ডকে ১৩৪ রানে আটকে রেখে ম্যাচের প্রথমভাগেই মূলত জয়ের কাজ এগিয়ে রাখে বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে কিছুটা গড়বড় হলেও লিটন কুমার দাসের দায়িত্বশীল ইনিংসে ৮ বল বাকি থাকতেই নিশ্চিত হয় জয়।

এই সংস্করণে নিউ জিল্যান্ডের মাঠে দ্বাদশ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও একটি 'প্রথম'-এর জন্ম দেয় শান্তর নেতৃত্বাধীন দল। কিউইদের তাদের মাঠে প্রথমবার হারায় ওয়ানডেতে।

একই মাঠে ওই ম্যাচের মতো টি-টোয়েন্টিতেও মঞ্চ সাজিয়ে দেন বোলাররা। টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে স্রেফ ২০ রানে ৪ উইকেট নেয় বাংলাদেশ। পরে জিমি নিশাম পাল্টা আক্রমণের চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি। তার ২৯ বলে ৪৮ রানের ইনিংসের পরও লড়িয়ে পুঁজি দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।

শুরুতে মেহেদি, শরিফুলের দারুণ বোলিংয়ের পর মাঝের সময়টায় মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রাখে বাংলাদেশ। ২৬ রান খরচায় ৩ উইকেট নেন শরিফুল, ২টি করে মেহেদি, মুস্তাফিজ। মেহেদি ৪ ওভারে দেন ১৪ রান, মুস্তাফিজ ১৫।

দারুণ জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শান্ত প্রশংসায় ভাসালেন বোলারদের।

“অবশ্যই অনেক খুশি, অনেক বেশি গর্বিত এই জয়ে। রোমাঞ্চকর অনুভূতি।”

“এটি (বোলিং পারফরম্যান্স) খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা (বোলাররা) দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, (তানজিম হাসান) সাকিব খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদির পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।”

রান তাড়ায় রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেননি। তবে রানের চাহিদা মিটিয়েই ব্যাটিং করেন তারা। পরে সৌম্য সরকারের ক্যামিও ইনিংসে বলের চেয়ে কমে আসে প্রয়োজনীয় রান। একপ্রান্তে অবিচল থেকে সম্ভাব্য বিপদ ঠেকান লিটন।

তাওহিদ হৃদয়, আফিফ হোসেনরা হতাশ করলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। শেষ তিন ওভারে ২৪ রানের সমীকরণে ব্যাট হাতেও এগিয়ে আসেন মেহেদি। ১৯তম ওভারে অ্যাডাম মিল্নের তিন বলে ছক্কা-চারসহ ১২ রান নিয়ে ম্যাচ শেষ করেন ১৬ মাস পর একাদশে ফেরা অফ স্পিনিং অলরাউন্ডার।

ক্ষণিকের ওই চাপকে অবশ্য বড় করে দেখতে নারাজ শান্ত। তার মতে, প্রথম ইনিংসেই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের সম্ভাব্য ফল।

“এটিই (শেষ দিকে কিছুটা চাপ) ক্রিকেটের সৌন্দর্য। আমার মতে, এই ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সবসময়ই চ্যালেঞ্জিং। তবে তাদেরকে (১৩৪ রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে।”

নিউ জিল্যান্ডে এবারের সফরে বাংলাদেশের শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে। গত বছর ওই মাঠেই স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। এর সঙ্গে যোগ হলো নেপিয়ারে দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস।

এই অনুপ্রেরণা নিয়ে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে ইতিবাচক ফলের আশা বাংলাদেশ অধিনায়কের।

“অবশ্যই (নেপিয়ারের আত্মবিশ্বাস মাউন্ট মঙ্গানুইয়ে কাজে দেবে)… দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য পরিকল্পনা করতে হবে এবং আশা করব, সবাই নিজেদের কাজটা করবে।”

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার।