২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে শান্তর জায়গায় ওপেনিংয়ে লিটন

রান তাড়ায় নাজমুল হোসেন শান্তর বদলে লিটন কুমার দাসকে ওপেনিংয়ে নামানোর কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 04:48 PM

Updated : 07 Apr 2023, 04:48 PM

প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা। পরের বলে স্কয়ার কাটে চার। আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ইনিংসের শুরুতেই আগ্রাসী লিটন কুমার দাস। সীমিত ওভারের ক্রিকেটে স্বাভাবিক ঘটনা এটি, টেস্টে নয়। এই সংস্করণে মিডল অর্ডারে ব্যাট করেন তিনি। এবার এই কিপার-ব্যাটসম্যানকে ওপেনিংয়ে নামানোর পেছনে ছিল নির্দিষ্ট পরিকল্পনা, ম্যাচ জিতে তা জানালেন সাকিব আল হাসান।  

মিরপুর টেস্ট জিততে লক্ষ্য খুব বড় ছিল না, ১৩৮ রান। হাতে সময়ও ছিল অঢেল, প্রায় দুই দিন। তবু দ্বিতীয় ইনিংসে নিজেদের ওপেনিং জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর জায়গায় তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন।  

২০১৯ সালের সেপ্টেম্বরের পর টেস্টে প্রথমবার ওপেনিংয়ে নেমে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে পরপর দুই বলে দুই বাউন্ডারি মারেন লিটন। পরে মার্ক অ্যাডায়ারের বলেও দুটি বাউন্ডারি মারেন দারুণ এক গ্লাইড ও দৃষ্টিনন্দন লফটেড অফ ড্রাইভে। 

লিটনের নান্দনিক ইনিংসটি বেশি বড় হয়নি। অ্যাডায়ারের বাউন্সারে পুল করতে গিয়ে অদ্ভুতভাবে হেলমেট, হাত ও ব্যাটে লেগে বোল্ড হন ১৯ বলে ২৩ রান করে। তবে ছোট লক্ষ্যে যে ইতিবাচক শুরুর প্রয়োজন ছিল তা এনে দেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।

লিটনের এই শুরুর পথ ধরে বাকি কাজ সারেন তামিম, মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, সহজাত ব্যাটিংয়ে নতুন বলের চ্যালেঞ্জটা সামলানোর জন্যই ডানহাতি লিটনকে নামানো হয় ওপেনিংয়ে। 

“(লিটনকে) এমন বলা হয়নি যে প্রতি বলে গিয়ে মারতে হবে (হাসি)। তবে লিটন এখন যে ধরনের ব্যাটিং করছে, ও যখন বড় রান করেছে তখনও শটস খেলেছে, এখনও শটস খেলছে। তো আমরা ওকে ওর খেলা থেকে বদলাতে চাই না।”  

“একটা জিনিসই যে, নতুন বলটায় এখানে একটু টার্ন ও বাউন্স বেশি থাকে। বল যখন ১০-১২ ওভার হয়ে যায় তারপর আর এই জিনিসটা এত প্রভাব ফেলে না। এ কারণেই (ওপেনিংয়ে) একজন ডানহাতি পাঠানো হয়েছে।” 

ম্যাচের প্রথম ইনিংসে তামিমের সঙ্গে নেমেছিলেন শান্ত। এর আগে ভারত সিরিজে তামিমের অনুপস্থিতিতে জাকির হাসানের সঙ্গেও ইনিংস সূচনা করেন তিনি। তবে শান্ত বা লিটনকে যে দীর্ঘ মেয়াদে ওপেনিংয়ের জন্য চিন্তা করা হচ্ছে না তা স্পষ্ট জানান বাংলাদেশ অধিনায়ক। 

“যদি জাকির ফিট থাকত, তাহলে সে ওপেন করত। এখানে কোনো জল্পনা-কল্পনা নেই। যেহেতু জাকির ফিট ছিল না, আমাদের অন্য কাউকে ওপেন করাতে হয়েছে।”  

“সাধারণত শান্ত তিনে সবসময় ব্যাটিং করত এবং করার কথাও। যদি জাকির থাকত, সে প্রথম অপশন ছিল। আমাদের কাছে (মাহমুদুল হাসান) জয় এবং সাদমানের (ইসলাম) অপশনও ছিল। কিন্তু চিন্তা করেছি যেহেতু একজন বোলার বেশি নিতে হবে, সেহেতু একজন ব্যাটার কম নিয়েছি।”