২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অমিতের অপরাজিত শতক

বিসিএলের প্রথম রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অমিতের অপরাজিত শতক

প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম শতকের স্বাদ পেলেন অমিত হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 07:48 PM

Updated : 08 Dec 2023, 07:58 PM

স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই নেই ৩ উইকেট! ২০ রানে ৪টি। পূর্বাঞ্চলের সামনে তখন অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় দুর্দান্ত শতক উপহার দিলেন অমিত হাসান। দক্ষিণাঞ্চলের বিপক্ষে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল পূর্বাঞ্চল।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের শেষ দিন পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৪৯ রানে। প্রথম ইনিংসে দলটি এগিয়ে ছিল ১২০ রানে। ৩৬৯ রানের লক্ষ্যে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ৮০ রান করার পর ড্র হয় ম্যাচ।

তিনে নেমে ১৯৩ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন অমিত। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সী ব্যাটসম্যানের সপ্তম শতকের ইনিংসটি গড়া ১০ চার ও এক ছক্কায়। এর আগে সবশেষ তিনি শতক করেছিলেন বিসিএলেই, গত বছরের ফেব্রুয়ারিতে।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৩ উইকেটে ১ রান নিয়ে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। দ্রুতই বিদায় নেন ইয়াসির আলি।

এরপর তিনটি পঞ্চাশোর্ধ জুটিতে দলকে টানেন অমিত। জাকের আলির সঙ্গে ৭১, শামসুর রহমানের সঙ্গে ৮৮ ও ইরফান শুক্কুরের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েন তিনি।

১৩৭ বলে পঞ্চাশ স্পর্শ করা এই তরুণ শতকে পা রাখেন ১৯৩ বলে, মইন খানকে চার মেরে। এরপরই ইনিংস ঘোষণা করে দেয় পূর্বাঞ্চল।

শামসুর ৭৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৬৭ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতে ২ রান করে বিদায় নেন সৌম্য সরকার। আরেক ওপেনার এনামুল হক করেন আগ্রাসী ফিফটি। ৫০ বলে ৪ ছক্কা ও একটি চারে ৫৫ রান করেন তিনি।

ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পূর্বাঞ্চলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪০২

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (লক্ষ্য ৩৬৯) ১৬ ওভারে ৮০/৩ (সৌম্য ২, এনামুল ৫৫, আফিফ ১৩, মার্শাল ৮*, ফজলে মাহমুদ ০*; নাসুম ৮-১-২৩-২, নাঈম ৬-০-৪৫-০, শামসুর ১-০-১০-০, ইয়াসির ১-১-০-১)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: নাসুম আহমেদ

হৃদয়ের ১৬৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে বৃষ্টির কারণে তৃতীয় দিনের পুরোটা ভেস্তে যাওয়ার পর শেষ দিনে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় অনেক দেরিতে। পুরো দিনে খেলা হতে পারে ২০.৪ ওভার। মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচও তাই অনুমিতভাবে ড্র হয়েছে।

৮ উইকেটে ২৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস থমকে যায় ২৭৭ রানে। আগের দিন ১৩২ রানে অপরাজিত তাওহিদ হৃদয় করেন ১৬৫। ১৬৬ বলে ১৩ চার ও ৮ ছক্কায় গড়া ইনিংসটির জন্য ম্যাচের সেরাও তিনিই।

৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে মধ্যাঞ্চল বিনা উইকেটে ৫৪ রান করার পর ড্র হয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৮১

উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৩৬/৮) ৭২ ওভারে ২৭৭ (হৃদয় ১৬৫, মুশফিক ৬, নাহিদ ০*; আবু হায়দার ১৬-১-৬৪-২, শহিদুল ১২-১-৩৮-২, এনামুল ১৪-০-৪৯-১, আরিফ ২২-২-৮০-৩, শুভাগত ৭-১-৩৬-২, তাইবুর ১-০-৯-০)

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১১ ওভারে ৫৪/০ (নাঈম শেখ ২০*, রনি ৩২; মুশফিক ২-০-১০-০, রানা ২-০-১৪-০, সানজামুল ৪-০-১০-০, রিশাদ ৩-০-২০-০)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: তাওহিদ হৃদয়