সিরিজ শুরুর আগের দিন থেকে মিলবে টিকেট
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।
বরাবরের মতোই একদম শেষ মুহূর্তে টিকেট ছাড়ার ঘোষণা দিল বিসিবি। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেট পাওয়া যাবে মঙ্গলবার থেকে। পরদিনই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ। যথারীতি অনলাইনে টিকেট কেনার ব্যবস্থা নেই এবারও।
মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে টিকেট। ম্যাচের দিনও খোলা থাকবে বুথ।
টিকেটের সর্বনিম্ন দাম এবার ২০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখা যাবে ২০০ টাকায়, গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ১ হাজার ৫০০ টাকায়।
এছাড়াও নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ১ হাজার টাকা।
