২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃপ্ত সাকিব বললেন, ‘এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে’

প্রথমবার টানা চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ, টি-টেয়েন্টিতে প্রথম জয় ধরা দিল আফগানিস্তানের বিপক্ষেও।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 12:21 AM

Updated : 17 Jul 2023, 12:21 AM

পুরস্কার বিতরণী শেষ করে সংবাদ সম্মেলনে কক্ষের দিকে এরকম দৌড়েই এলেন সাকিব আল হাসান। ঘেমে-নেয়ে একাকার তিনি। একটু আগেই তো উইকেটে থেকে খেলা শেষ করে ফিরেছেন। ক্লান্তি-শ্রান্তি তো ছিলই। তবে চোখে-মুখে তৃপ্তির ছাপও ফুটে উঠল স্পষ্ট। স্টেডিয়ামের লাউড স্পিকারে তখন বাজছে, “লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।” সাকিবের তৃপ্তিও সেই সুর ধরেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশর বিজয় নিশান তো উড়ছে তার হাত ধরেই! 

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের জন্য ছিল প্রবল এক প্রতিপক্ষ। সেই আফগানদের এবার ২-০ ব্যবধানে হারানো গেল। হুট করেই পাওয়া এটি নয়। গত কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে যে পালাবদলের ছবি মেলে ধরেছে বাংলাদেশ, সেটিরই আরেকটি উজ্জ্বল ছাপ এই সিরিজ জয়ে।

এই নিয়ে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। আফগানিস্তানের আগে সিরিজ জয় ধরা দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, এই দল হোয়াইটওয়াশ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এর আগে গত সেপ্টেম্বরে সিরিজ জয় এসেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওই সিরিজ এবং গত বিশ্বকাপের আগে ওই সময়টা থেকেই মূলত টি-টোয়েন্টিতে খেলার ধরন ও মানসিকতা বদলের তাড়নার কথা বলে আসছিল বাংলাদেশ দল। সেই চাওয়াগুলোরই বাস্তব রূপান্তর দেখা গেছে গত কয়েক মাসে।

এই বছর ৮ ম্যাচ খেলে ৭টিতেই ধরা দিল জয়। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ এর চেয়ে বেশি ম্যাচ জিতেছে একবারই। তবে ২০২১ সালে সেই ১১ জয় ধরা দিয়েছিল ২৭ ম্যাচ খেলে। বাংলাদেশের বদলে যাওয়ার প্রমাণ তাই পারফরম্যান্সেই স্পষ্ট।

সংবাদ সম্মেলনে সেই স্বস্তির কথা উঠে এলো সাকিবের কণ্ঠেও।

“অবশ্যই এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলির প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।”

“আমাদের কাজ হচ্ছে মাঠে, পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।”

এই সিরিজের আগে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় ছিল ৩টি, আফগানিস্তানের ৬টি। আফগানদের যে ধারাল বোলিং আক্রমণ, এই কন্ডিশনে তাদেরকে হারানোর চ্যালেঞ্জটাও ছিল অনেক কঠিন। সেই চ্যালেঞ্জ জিততে পারার ভালো লাগার কথাও জানালেন সাকিব।

“অবশ্যই ভালো লাগছে। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে। যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনের দিকে আরও প্রেরণা জোগাবে ভালো ফলাফলের জন্য।”

সামনে তাকিয়ে সাকিব এখন নতুন চ্যালেঞ্জ দেখছেন দেশের বাইরের কন্ডিশনে। দেশের মাঠে একের পর এক সিরিজ জয় ধরা দিল বটে। বাংলাদেশ পরের সিরিজ খেলবে নিউ জিল্যান্ডে। আগামী বছর বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। দেশের বাইরেও এই পারফরম্যান্স ধরে রাখতে চান অধিনায়ক।

“কন্ডিশন অনুযায়ী যেভাবে আমরা এখনও পর্যন্ত যেভাবে যাচ্ছি, আমার মনে হয় খুব ভালো হচ্ছে। তবে ভিন্ন কন্ডিশনে নানা চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”